বরিশাল বিশ্ববিদ্যালয়ে গান-নৃত্য-কবিতায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক সন্ধ্যা

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভা। ‘অটল ২৮’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানটি ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়।
গান, নৃত্য ও কবিতার পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে তুলে ধরা হয় বরিশালের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের সৌন্দর্য। আয়োজনে তারুণ্যের উচ্ছ্বাস ও সৃজনশীলতায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। এরপর স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়।
বন্ধুসভার উপদেষ্টা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. খোরশেদ আলম বলেন, প্রথম আলো শুধু একটি গণমাধ্যমই নয়, এটি নানা সামাজিক আন্দোলনে ভূমিকা রাখা একটি প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি প্রত্যাশা করেন, প্রথম আলো যা কিছু ভালো তার সঙ্গে থাকবে এবং সত্য ও তথ্যের পথে আগামী দিনেও অটুট থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বন্ধুসভার উপদেষ্টা প্রজ্ঞা পারমিতা বোস তরুণদের সত্য, সুন্দর ও শুভর পথে অবিচল থাকার আহ্বান জানান। তিনি বলেন, তরুণদের সবাই অটল; শিকড়কে ভুলে না গিয়ে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে গাছের শাখা-প্রশাখার মতো সব জায়গায় ছড়িয়ে দিতে হবে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. চন্দনা সরকার বন্ধুসভার সাংস্কৃতিক ও সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বন্ধুসভার তরুণেরা দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে যেসব আয়োজন করে, তাতে তাঁরা মুগ্ধ হন।
বক্তব্য পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। বন্ধুসভার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে গান, নৃত্য ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
পরিবেশনায় অংশ নেন হিতৈষী, রিশতা, হনুফা, রিমু, সাইফ, ফারজানা, মিশরী, রফিক, আশিক, পার্থ, জাগ্রত, সারাফাত, মাহমুদ, নাহিদসহ বন্ধুসভার অন্যান্য বন্ধুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন।


