শীত আসছে, কম্বল নেই: সুদানে বাস্তুচ্যুত দারফুরের পরিবারগুলোর দিন কাটছে প্রতিবেশীর দয়ায়
সুদানের খার্তুম রাজ্যের ওমদুরমানের উত্তরে আল-গাদির এলাকায় একটি ভেঙে পড়া কাঁচা ইটের বাড়িতে চার নাতি-নাতনিকে নিয়ে থাকেন ফাতিমা মোহামেদ হারুন। ২০২৩ সালে সুদানের যুদ্ধ শুরুর সময় পশ্চিম দারফুর রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে তিনি এখানে এসেছেন।
হারুনের বয়স প্রায় ৬০ বছর বলে তিনি নিজে জানিয়েছেন। তাঁর ছেলে এক বছর আগে নিখোঁজ হন। ছেলের স্ত্রী সন্তান জন্ম দেওয়ার পর মারা যান। এর পর থেকে চার নাতি-নাতনির একমাত্র অভিভাবক হারুনই।
বাস্তুচ্যুত হওয়ার পর থেকে হারুন কোনো মানবিক সহায়তা পাননি বলে জানিয়েছেন। তাঁর কোনো আয় নেই। প্রতিবেশীদের দেওয়া খাবারেই তাঁদের দিন চলে।
হারুন বলেন, ‘আমি কাজ করতে বা আয় করতে পারি না, তাই মাঝে মাঝে খাবার দেওয়া প্রতিবেশীদের ওপরই আমরা নির্ভর করি। কিন্তু আমাদের প্রতিবেশীদেরও কখনো কখনো খাওয়ার কিছু থাকে না। তাদের কাছে খাবার না থাকলে আমার নাতি-নাতনিরা আর আমি ক্ষুধার্ত পেটে ঘুমাতে যাই।’
শীত এগিয়ে আসায় শিশুদের জন্য উপযুক্ত আশ্রয়, গরম কাপড় ও কম্বল এখন আরেকটি বড় প্রয়োজন হয়ে উঠেছে বলে তিনি জানান। হারুন বলেন, ‘ঠান্ডা সামলানোর মতো কোনো সরঞ্জাম আমাদের নেই, গরম রাখার কম্বলও নেই। আমরা মাটিতে ঘুমাই, মাথার ওপর শুধু আকাশ। ঠান্ডা প্রচণ্ড, শিশুরা কষ্ট পাচ্ছে।’
তিনি সরকার ও মানবিক সংস্থাগুলোর কাছে খাবার, কম্বল ও অন্যান্য মৌলিক প্রয়োজনীয় জিনিস দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ওমদুরমানে শীতকালে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। পাহাড়ি এলাকার কাছাকাছি অবস্থানের কারণে আল-গাদিরে রাতে বিশেষ করে ঠান্ডা পড়ে। অস্থায়ী আশ্রয়ে থাকা বাস্তুচ্যুত পরিবারগুলো এখানে বিশেষভাবে ঝুঁকিতে থাকে, কারণ তাদের কম্বল, শীতের পোশাক ও তাপের ব্যবস্থা নেই।
২০২৩ সালের এপ্রিলে সুদানি সশস্ত্র বাহিনী (এসএএফ) ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে শুরু হওয়া যুদ্ধ বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি তৈরি করেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের ডিসপ্লেসমেন্ট ট্র্যাকিং ম্যাট্রিক্সের (ডিটিএম) তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই পর্যন্ত খার্তুম রাজ্যে ৪ লাখ ১৪ হাজার ২৫২ জন অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন।
ডিটিএম সুদানের তথ্য অনুযায়ী, সুদানে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৮৫ লাখের বেশি। আইওএম ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর সতর্ক করেছে, তহবিল ঘাটতির কারণে লাখ লাখ মানুষ জরুরি আশ্রয় হারানোর ঝুঁকিতে আছেন।
সংস্থাগুলো বলেছে, সুদানে প্রায় ১ কোটি ৫৪ লাখ মানুষের জরুরি আশ্রয় ও মৌলিক গৃহস্থালি সামগ্রী প্রয়োজন। কিন্তু তহবিল ঘাটতির কারণে মানবিক সংস্থাগুলো প্রয়োজনের মাত্র ১০ শতাংশ মানুষকে সহায়তায় অগ্রাধিকার দিতে পারছে।
২০২৬ সালের সুদান মানবিক সাড়া পরিকল্পনায় ২ কোটি ৪ লাখ মানুষকে সহায়তার জন্য ২৯০ কোটি ডলার প্রয়োজন হলেও তার অর্ধেকের কম তহবিল পাওয়া গেছে বলে সংস্থাগুলো জানিয়েছে। ফলে কিছু সেবা কমাতে বাধ্য হচ্ছে মানবিক সংস্থাগুলো।
দারফুর আঞ্চলিক সরকারের সংস্কৃতি ও তথ্য পরিচালক আবদেলাজিজ সুলেইমান ওরি বলেছেন, তাঁর প্রশাসন খার্তুমসহ আশ্রয়দাতা রাজ্যগুলোতে বাস্তুচ্যুতদের অবস্থা পর্যবেক্ষণ করছে এবং মানবিক সহায়তার সমন্বয় করছে।
ওরি জানান, আঞ্চলিক সরকার কম্বল, পোশাক ও খাবারসহ একটি শীতকালীন পরিকল্পনা তৈরি করেছে। তবে তিনি স্বীকার করেছেন, বিপুল সংখ্যক বাস্তুচ্যুতের চাহিদা মেটাতে এখন পর্যন্ত পাওয়া সম্পদ যথেষ্ট নয়। তিনি মানবিক অংশীদারদের আরও সহায়তার আহ্বান জানিয়েছেন।
আল-গাদির শিবিরের আরেক বাসিন্দা খেইরা মাতার হাসান যুদ্ধের শুরুতে রেংক, রাবাক ও খার্তুম হয়ে ২০২৩ সালে এখানে আসেন। চাদে সোনার খনিতে কাজ খুঁজতে যাওয়া স্বামীর সঙ্গে তখন থেকে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন। সাত সন্তানকে একা সামলাচ্ছেন তিনি।
হাসান জানিয়েছেন, তিনি সরকার বা কোনো এনজিওর কাছ থেকে কোনো সহায়তা পাননি। এলাকার পরিবারগুলোর কাপড় ধোয়া ও ইস্ত্রি করে পাওয়া সামান্য আয় দিয়েই তিনি খাবার কেনেন। তবে সেই আয় অনিয়মিত।

