ইন্দোনেশিয়ায় মিষ্টান্ন কারখানায় আগুনে ৩ জন নিহত, নিখোঁজ ৩৬

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় একটি মিষ্টান্ন কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং রোববার পর্যন্ত ৩৬ জন নিখোঁজ ছিলেন। শনিবার কারখানাটিতে আগুন লাগে।
রোববারও অগ্নিনির্বাপণ কর্মীরা কিছু জায়গায় আগুন নেভানোর কাজ করছিলেন, আর উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনের যেসব অংশে শ্রমিকদের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছিল, সেখানে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা রোববার জানিয়েছে, ১৫ জন জীবিতকে শনাক্ত করা হয়েছে এবং আরও চারজনকে আহত অবস্থায় হাসপাতাল ও স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছে; তাঁদের আঘাতের বিবরণ প্রকাশ করা হয়নি।
কারখানাটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে বানতেন প্রদেশের সেরাং জেলায় অবস্থিত। কর্তৃপক্ষ এখনো আগুন লাগার কারণ নির্ধারণ করতে পারেনি।
বানতেনের গভর্নর আন্দ্রা সোনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগুন লাগার সময় কারখানার ভেতরে প্রায় ৬০ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, রাতে বিশাল কারখানাটি আগুনে গ্রাস হয়ে গেছে, অগ্নিনির্বাপণ কর্মীরা আগুনের সঙ্গে লড়ছেন এবং রোববার সকালে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে অন্তত একটি মরদেহ উদ্ধার করছেন।
উদ্ধার সংস্থা বলেছে, ‘যৌথ অনুসন্ধান ও উদ্ধার দলের সব সদস্য মাঠে থাকা কর্মীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নিখোঁজদের খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করছেন।’
এএফপির বরাতে স্থানীয় সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা হালনাগাদ খবরের অপেক্ষায় কারখানার বাইরে জড়ো হয়েছিলেন।
অগ্নিনির্বাপণ কর্মকর্তা তুবাগুস মাচফুজের বরাতে সম্প্রচারমাধ্যম কমপাস টিভি জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় (গ্রিনিচ সময় সকাল সাড়ে নয়টা) কারখানায় ডাক পেয়ে কর্মীরা পৌঁছানোর আগেই ভবনটি আগুনে গ্রাস হয়ে গিয়েছিল। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় বড় একটি এলাকা ইতিমধ্যে জ্বলছিল। ফলে কোম্পানির সুরক্ষাব্যবস্থা ঠিকমতো কাজ করছিল কি না, তা আমরা নির্ধারণ করতে পারিনি।’
অনুসন্ধান ও উদ্ধার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কারখানাটির মালিক পিটি ফোনুসা আগুং মুলিয়া। লিংকডইনে কোম্পানিটি নিজেকে ইন্দোনেশিয়ার অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় কোম্পানি ইউনিফ্যামের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেছে।


