চেন্নাইয়ে অনিরুদ্ধ-কাব্যর বিয়ের সংবর্ধনায় চলচ্চিত্র, ক্রিকেট ও রাজনীতির তারকাদের মিলনমেলা
দক্ষিণ ভারতীয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারানের বিয়ের সংবর্ধনা ঘিরে চেন্নাইয়ে বসেছিল তারকাদের মিলনমেলা। ভারতের চলচ্চিত্র, ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত হন।
গত ২১ নভেম্বর চেন্নাইয়ের আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ১১ নভেম্বর গ্রিসে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অনিরুদ্ধ ও কাব্য।
অতিথিদের মধ্যে ছিলেন অভিনেতা রজনীকান্ত, কমল হাসান, মহেশ বাবু ও বিজয়। অনুষ্ঠানে রজনীকান্ত উপস্থিত হন কালো স্যুটে, আর কমল হাসান পরেছিলেন পিচ রঙের সিল্কের শার্ট ও ঐতিহ্যবাহী ধুতি।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়কে অনুষ্ঠানে দেখা যায় নেভি ব্লু রঙের বিশেষ নকশার জ্যাকেট ও কালো ট্রাউজারে। সংবর্ধনায় যোগ দিতে চেন্নাইয়ে পৌঁছান তেলুগু অভিনেতা মহেশ বাবু; পরিবারের সদস্যদের সঙ্গে বিমানবন্দরে দেখা যায় তাঁকে।
ক্রিকেট অঙ্গন থেকে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন, ড্যানিয়েল ভেট্টোরি এবং দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডেল স্টেইন। ডেল স্টেইন এসেছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে।
বিয়ের আগের বিভিন্ন আয়োজনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন অনিরুদ্ধ। সেসব ছবিতে রজনীকান্ত, তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং পরিবারের সদস্যদের দেখা যায়। ছবির সঙ্গে দেওয়া বার্তায় অনিরুদ্ধ লেখেন, তাঁদের হৃদয় ভালোবাসায় পূর্ণ এবং সবার ভালোবাসা ও আশীর্বাদ তাঁদের কাছে অনেক মূল্যবান।
কাব্যর বাবা সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান এবং মা কাভেরী মারান ব্যক্তিগতভাবে বিভিন্ন রাজনৈতিক নেতার কাছে সংবর্ধনার আমন্ত্রণ পৌঁছে দিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর আগে তাঁরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর কাছেও আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়।
কাব্য মারান সান টিভি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এবং আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে অনিরুদ্ধ রবিচন্দর বিভিন্ন ভাষার চলচ্চিত্রে কাজ করে পরিচিতি পাওয়া সংগীত পরিচালক; সম্প্রতি রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ সিনেমার সংগীত নিয়েও তিনি প্রশংসা পেয়েছেন। পেশাগত কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়ে আগামী ২০২৭ সালের জানুয়ারিতে আবার কাজে ফেরার কথা রয়েছে তাঁর।

