গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাঁচ দিনে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে। গত পাঁচ দিনে এসব দলের ১৫ জন নেতা-কর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কেউ সংবাদ সম্মেলন করে, কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।
তাঁদের অধিকাংশই ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। কেউ কেউ দাবি করেছেন, তাঁরা না জেনেই দলীয় পদ পেয়েছেন। আবার কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তার কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন রাতেই গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।
পদত্যাগের ঘোষণা দেওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ছাড়া অন্য ১৩ জন এসব ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির।
এরপর ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও মো. বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু।
এ ছাড়া গত পাঁচ দিনে বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন গণঅধিকার পরিষদের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি।
অন্যদিকে, ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করে রাজনীতি থেকে স্বেচ্ছায় বিদায় নেওয়ার ঘোষণা দেন এনসিপির টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ।
নাম প্রকাশ না করার শর্তে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের একজন দায়িত্বশীল নেতা বলেন, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি পদত্যাগের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি। তাঁর ভাষ্য, দু-একজন পদত্যাগ করলেও এতে দলের কোনো ক্ষতি হবে না।
এ বিষয়ে জানতে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের ফোন ধরলেও ব্যস্ততার কথা জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।



