‘ক্যানসার সত্যিই মানুষকে বদলে দেয়’ — বিবিসির ‘হিল’ প্রামাণ্যচিত্রে কেট মিডলটন

যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন বলেছেন, ‘ক্যানসার সত্যিই মানুষকে বদলে দেয়।’ বিবিসিতে শিগগিরই প্রচার হতে যাওয়া ‘হিল’ নামের একটি প্রামাণ্যচিত্রে তিনি এ কথা বলেছেন।
প্রামাণ্যচিত্রটির প্রকাশিত আগাম দৃশ্যে কেট বলেন, ‘এটা আপনার শরীর বদলে দেয়, শারীরিক দিক থেকে আপনাকে পুরোপুরি পাল্টে দেয়। কিন্তু ক্যানসার শনাক্ত হওয়ার পর আপনার ভেতরে আরও অনেক গভীরে পরিবর্তন আসে।’ অসুস্থতা ও সেরে ওঠা নিয়ে কেটের ব্যক্তিগত ভাবনা উঠে এসেছে প্রামাণ্যচিত্রটিতে।
অত্যন্ত ব্যক্তিগত এই তথ্যচিত্র আগামী ২৯ নভেম্বর বিবিসি ওয়ানে প্রদর্শন করা হবে। এতে ক্যানসার নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানাবেন কেট। তিনি বলেছেন, ‘সেরে ওঠা একটা যাত্রা।’
প্রামাণ্যচিত্রে চলতি বছরের শুরুর দিকে কেটের ‘থ্রি পিকস চ্যালেঞ্জ’ সম্পন্ন করার নতুন ভিডিও চিত্রও আছে। এই চ্যালেঞ্জের অংশ হিসেবে তাঁকে এক দিনে, ২৪ ঘণ্টার মধ্যে, ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সর্বোচ্চ চূড়ায় উঠতে হয়েছিল।
প্রামাণ্যচিত্রে নেপথ্য কণ্ঠে কেট বলেন, ‘এটা স্পষ্ট যে জীবনের চ্যালেঞ্জগুলো আমাদের একা বয়ে বেড়ানোর কথা নয়।’ এ সময় পর্দায় দেখা যায় ক্যানসারে আক্রান্ত অন্য রোগীদের। দেখা যায়, প্রিন্স উইলিয়ামসহ পরিবারের সদস্যদের জড়িয়ে ধরছেন কেট।
কেট বলেন, ‘প্রায়ই কষ্টের মধ্য দিয়েই আমরা বুঝতে পারি, এর ওপারে আরও বড় সৌন্দর্য আছে।’ ক্যানসারের অভিজ্ঞতা তাঁর মধ্যে যে পরিবর্তন এনেছে, এ কথায় আবারও তা ফুটে ওঠে।
কেট কখনো জানাননি তিনি কোন ধরনের ক্যানসারে আক্রান্ত ছিলেন। ২০২৪ সালের মার্চে তিনি জানান, তাঁর ক্যানসার শনাক্ত হয়েছে এবং তিনি কেমোথেরাপি নিচ্ছেন।
২০২৫ সালের জানুয়ারিতে কেট জানান, তাঁর ক্যানসার নিয়ন্ত্রণে এসেছে। পরের মাসগুলোয় ধীরে ধীরে রাজকীয় দায়িত্বে ফিরতে শুরু করেন তিনি।
অসুস্থতার পর জীবনকে ভিন্নভাবে বোঝার কথা কেট প্রায়ই বলেছেন। তিনি বলেছেন, শুধু শারীরিকভাবে সেরে ওঠা নয়, সুস্থতার জন্য আরও সামগ্রিক দৃষ্টিভঙ্গি দরকার। চিকিৎসার পরের ভালো ও খারাপ দিনের কথাও বলেছেন তিনি।
প্রামাণ্যচিত্রটির শুরুতে পরিচিতি তুলে ধরবেন কার্স্টি ইয়াং। প্রামাণ্যচিত্রটির পরিচালক ছিলেন উইল ওয়ার, যিনি আগেও কেট ও তাঁর পরিবারের সঙ্গে কাজ করেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে কেমোথেরাপি শেষ হওয়ার পর কেটের ব্যক্তিগত ভিডিও বার্তাটিও বানিয়েছিলেন এই নির্মাতা; সেই বার্তায় কেট বলেছিলেন, ‘অন্ধকার থেকেই আলো আসতে পারে।’
প্রামাণ্যচিত্রটির পরিবেশনা থেকে পাওয়া অর্থ দেওয়া হবে দ্য রয়্যাল মার্সডেন ক্যানসার চ্যারিটিকে। এই হাসপাতালে ক্যানসারের রোগীরা চিকিৎসা শেষে প্রতীকী অর্থে একটি ঘণ্টা বাজাতে পারেন। ভাই জেমস মিডলটনের সঙ্গে কথা বলার সময় কেট বলেন, ‘আমি ঘণ্টাটা বাজাইনি।’ জেমস বলেন, ‘হয়তো এটাই তোমার ঘণ্টা বাজানো।’
২৯ নভেম্বর গ্রিনিচ মান সময় দুপুর ১২টা থেকে বিবিসি আইপ্লেয়ারে এবং সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিবিসি ওয়ানে ‘হিল’ দেখা যাবে। যুক্তরাষ্ট্রে এনবিসি ইউনিভার্সালে ৩০ নভেম্বর, অস্ট্রেলিয়ায় চ্যানেল নাইনে ১ ডিসেম্বর এবং কানাডায় সিটিভি ও নুভোতে ৭ ডিসেম্বর এটি দেখানো হবে।


