ফ্লোরিডায় মিস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের ফিনালেতে বাংলাদেশের প্রতিনিধি রিয়েলি
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ২০২৬’-এ প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন চিত্রনায়িকা নিপা আহমেদ রিয়েলি। প্রতিযোগিতায় অংশ নিতে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থান করছেন।
আজ ২২ নভেম্বর ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে। ফিনালের আগে দেশের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন রিয়েলি।
এবারের আসরে বাংলাদেশ ছাড়াও ভারত, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রসহ মোট ২২টি দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন।
ফ্লোরিডা থেকে রিয়েলি জানান, আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। তিনি বলেন, ‘প্রথমবার আন্তর্জাতিক কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় আমার দেশকে প্রতিনিধিত্ব করছি। এই প্রতিযোগিতা আমার জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা।’
রিয়েলি জানান, প্রতিযোগিতায় অংশ নিতে এসে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন বন্ধু তৈরি হয়েছে। বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কেও জানার সুযোগ পাচ্ছেন তিনি।
তাঁর ভাষ্য, প্রতিদিনই তিনি নতুন কিছু শিখছেন। বিশেষ করে ক্যাটওয়াক, র্যাম্পে হাঁটা, স্টেজ প্রেজেন্টেশন, আত্মবিশ্বাস এবং নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের বিষয়ে অভিজ্ঞতা অর্জন করছেন তিনি।
রিয়েলির ভাষ্য অনুযায়ী, প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সবাই আন্তরিক ও সহযোগিতাপূর্ণ এবং পুরো অভিজ্ঞতাই তিনি উপভোগ করছেন। তাঁর কাছে এই আয়োজন কেবল মুকুট জয়ের প্রতিযোগিতা নয়, বরং নিজেকে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার একটি সুযোগ।
আন্তর্জাতিক মঞ্চে নিজের অভিনয়জীবনের অভিজ্ঞতাও তুলে ধরছেন এই চিত্রনায়িকা। ‘মেকআপ’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। রিয়েলি জানান, তাঁর অভিনয়জীবনের কথা শুনে বিভিন্ন দেশের প্রতিযোগীরা আনন্দিত হয়েছেন; তাঁদের অনেকেই তাঁর অভিনীত চলচ্চিত্র দেখেছেন এবং কাজের প্রশংসা করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা বলেছেন, আমার এই যাত্রা তাদের অনুপ্রাণিত করেছে এবং তারা আমাকে নিয়ে গর্বিত। তাদের এই ভালোবাসা ও সম্মান আমার জন্য সত্যিই অনেক বড় প্রাপ্তি।’
রিয়েলি আরও বলেন, অভিনয় তাঁর মূল পেশা হওয়ায় ক্যাটওয়াক ও আন্তর্জাতিক পেজেন্টের মঞ্চ তাঁর কাছে কিছুটা নতুন অভিজ্ঞতা। এখনো সবকিছুতে নিখুঁত না হলেও প্রতিদিন শিখছেন এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছেন। এ ক্ষেত্রে অন্য দেশের প্রতিযোগীরাও তাঁকে উৎসাহ ও সহযোগিতা করছেন।
এই প্রতিযোগিতাকে নতুন অভিজ্ঞতা অর্জন, নিজেকে নতুনভাবে আবিষ্কার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচয় তুলে ধরার সুযোগ হিসেবে দেখছেন রিয়েলি। তিনি বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে ভালোবাসা ও সমর্থন দেবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করতে।’

