কুমিল্লায় ক্যানসার আক্রান্ত প্রবীণ নেতা মোক্তল হোসেনকে বিএনপির সংবর্ধনা

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর হাইস্কুল প্রাঙ্গণে প্রবীণ বিএনপি নেতা মোক্তল হোসেন সর্দারকে (৮০) সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিএনপি। দলের দুঃসময়ের এই ত্যাগী নেতার দীর্ঘ রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোক্তল হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।
স্থানীয় বিএনপি নেতারা জানান, ভিপি ওয়াসিমের নির্দেশনায় দলের দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়নের অংশ হিসেবে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোক্তল হোসেন সর্দারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোক্তল হোসেন সর্দার পাঁচথুবী ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ। স্থানীয়ভাবে তিনি ১২ সমাজের সর্দার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির দীর্ঘ পথচলায় তিনি কখনো ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, কখনো গ্রাম সরকারের নির্বাচিত প্রধান। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং গ্রাম সরকারের নির্বাচিত প্রধান হিসেবে তিনি সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানে ভূমিকা রেখেছেন। স্থানীয়দের কাছে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবেও পরিচিত।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপিতে যোগ দেন মোক্তল হোসেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আদর্শ সদর উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি; বর্তমানে সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলের কঠিন সময়েও তাঁর রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক ভূমিকার কারণে স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, দলের দুঃসময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তবে জীবনের শেষ প্রান্তে এসে কঠিন সময় পার করছেন এই প্রবীণ নেতা। তিনি বর্তমানে ক্যানসারে আক্রান্ত এবং ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোগের কারণে তিনি অনেকটাই বাকশক্তি হারিয়েছেন। চিকিৎসার অংশ হিসেবে তাঁকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির নেতা মো. আজগর হোসেন ভূঁইয়া। বিশেষ আলোচক ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শ সদর উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহেল। এ সময় আদর্শ সদর উপজেলা বিএনপির বৃক্ষরোপণবিষয়ক সম্পাদক হাসান আবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




