…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ধনীদের তুলনায় দরিদ্রদের ওপর ভ্যাটের বোঝা সাত গুণ বেশি: র‍্যাপিড গবেষণা

নিজস্ব প্রতিবেদক

দেশের বিদ্যমান কর কাঠামোয় বিত্তশালীদের তুলনায় নিম্নবিত্ত মানুষের ওপর পরোক্ষ কর বা ভ্যাটের চাপ সাত গুণ বেশি বলে এক গবেষণায় উঠে এসেছে। বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) পরিচালিত গবেষণায় এই চিত্র পাওয়া গেছে।

গবেষণার তথ্য অনুযায়ী, সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারকে তাদের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশই ভ্যাট বাবদ সরকারি কোষাগারে জোগান দিতে হয়। অথচ শীর্ষ ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে আয়ের বিপরীতে এই হার মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। ফলে আয়ের আনুপাতিক হারে দরিদ্র জনগোষ্ঠীকেই ভ্যাটের ভার বহন করতে হচ্ছে অনেক বেশি।

ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহযোগিতায় ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্স’ শীর্ষক গবেষণা কর্মটির নেতৃত্ব দেন র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক।

গবেষণালব্ধ ফলাফল প্রকাশ উপলক্ষে শনিবার স্থানীয় একটি হোটেলে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআরের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান, পিআরআই চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার উপস্থিত ছিলেন।

গবেষণায় দেখা গেছে, গ্রাম ও শহরভেদে ভ্যাটের এই চাপ আরও স্পষ্ট। গ্রামাঞ্চলের অতিদরিদ্র পরিবারগুলোকে আয়ের ২৩ শতাংশেরও বেশি এবং শহরের দরিদ্র পরিবারগুলোকে ১৬ দশমিক ৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হয়।

অন্যদিকে, আয় করযোগ্য সীমার নিচে থাকায় সবচেয়ে গরিব ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তিগত আয়কর নেই। বিপরীতে, শীর্ষ ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের ১১ দশমিক ০৩ শতাংশ ব্যক্তি আয়কর হিসেবে দেয়।

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, দেশের সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবারের হাতে মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি পুঞ্জীভূত রয়েছে এবং প্রচলিত করহার অনুসারে সম্ভাব্য ব্যক্তিগত আয়করের ৯৩ শতাংশের বেশি এই শ্রেণিরই পরিশোধ করার কথা।

তবে প্রত্যক্ষ কর আহরণের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। দেশের মোট শ্রমশক্তির কেবল ৩ দশমিক ৫৭ শতাংশ সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত রয়েছেন। এ ছাড়া টিআইএনধারীদের মধ্যে ব্যক্তি ও অন্যান্য পর্যায়ে রিটার্ন দাখিলের হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং কোম্পানি পর্যায়ে তা মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ।

আয়ের পাশাপাশি দেশে সম্পদবৈষম্যের চিত্রও অত্যন্ত প্রকট বলে গবেষণায় উঠে এসেছে। গবেষণার তথ্য অনুযায়ী, সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের দখলে রয়েছে দেশের মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ এবং শীর্ষ ১০ শতাংশের নিয়ন্ত্রণে রয়েছে ৭৬ দশমিক ৪ শতাংশ সম্পদ। এর বিপরীতে, সবচেয়ে কম সম্পদ থাকা অর্ধেক পরিবারের মালিকানায় রয়েছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ সম্পদ।

২০২১-২২ অর্থবছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে গবেষণায় দেখানো হয়েছে, ওই অর্থবছরে অনাদায়ি ব্যক্তিগত আয়কর ও অভ্যন্তরীণ ভ্যাটের পরিমাণ ছিল জিডিপির ৫ দশমিক ৮৯ শতাংশ। এর মধ্যে সম্ভাব্য ব্যক্তিগত আয়কর জিডিপির ৪ দশমিক ৮৫ শতাংশ হওয়ার কথা থাকলেও আদায় হয়েছিল মাত্র ০ দশমিক ৯৮ শতাংশ। একইভাবে অভ্যন্তরীণ ভ্যাট আদায়ের সম্ভাবনা ৩ দশমিক ৮২ শতাংশ থাকলেও প্রকৃতপক্ষে আদায় হয় ১ দশমিক ৮০ শতাংশ।

র‍্যাপিডের পর্যবেক্ষণ হলো, ব্যবসায়িক নিবন্ধনের ঘাটতি, বিক্রয়ের তথ্য গোপন রাখা এবং আদায়কৃত ভ্যাট সরকারি কোষাগারে জমা না দেওয়ার ফলেই বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

র‍্যাপিডের প্রাক্কলন বলছে, নতুন কোনো কর আরোপ কিংবা করহার বৃদ্ধি না করেও কেবল বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ, করের আওতা সম্প্রসারণ এবং কর ফাঁকি রোধের মাধ্যমে কর-জিডিপি অনুপাত ৭ দশমিক ৩ শতাংশ থেকে প্রায় ১৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করা সম্ভব।

এ লক্ষ্য অর্জনে গবেষকরা উচ্চবিত্তদের ওপর গুরুত্ব আরোপ করে আয়করভিত্তি প্রসারিত করা, ভ্যাট সংগ্রহ ব্যবস্থার উন্নয়ন, করপোরেট কর ছাড় পর্যালোচনা এবং উত্তরাধিকার কর চালুর বিষয়টি বিবেচনার প্রস্তাব করেছেন। পাশাপাশি কর প্রশাসনের আধুনিকায়ন, হয়রানি ও দুর্নীতি নির্মূল এবং সরকারি ব্যয়ের গুণগত মান বৃদ্ধির ওপরও তাঁরা জোর দেন।

এ বিষয়ে র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হল সেটি দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং করের বিনিময়ে জনগণ কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছেন, সেগুলোও সমান গুরুত্বপূর্ণ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক

এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। ব্যাংক কোম্পানি …

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
অর্থনীতি ও ব্যবসা

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের

সরকারের আয় যে গতিতে বাড়ার কথা, সেই গতিতে বাড়ছে না। অথচ বেতন-ভাতা, ঋণের সুদ, জ্বালানি আমদানি ও ভর্তুকির ব্যয় মেটাতে অর্থের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে…

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক পরিচালকের মেয়াদ ছয় বছরে নামছে, পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা

ব্যাংক পরিচালকদের মেয়াদ কমিয়ে ছয় বছরে নামিয়ে আনা, পর্ষদে পারিবারিক অংশগ্রহণ কমানো এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের পরিচালক পদে নিয়োগ না দ…

অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক আন্দোলনে ১৮ দিনে ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত, ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া: বিজিএমইএ

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে ছয় …