পেনসিলভানিয়ার যে খামার ছয় দশকের বেশি সময় ধরে হোয়াইট হাউসের থ্যাংকসগিভিং টার্কি জোগান দেয়

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ওরফিল্ডে অবস্থিত জেইন্ডল ফার্মস ছয় দশকের বেশি সময় ধরে হোয়াইট হাউসের থ্যাংকসগিভিং ভোজের জন্য টার্কি জোগান দিয়ে আসছে। পারিবারিক মালিকানাধীন এই খামারটি প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ারের সময় থেকে প্রেসিডেন্টদের টার্কি সরবরাহ করেছে।
খামারটির মালিক ডেভিড জেইন্ডল বলেন, ‘আমরা ১৯৫৯ সাল থেকে প্রতিটি প্রেসিডেন্টকে টার্কি সরবরাহ করেছি। কোনো কোনো বছর আমরা টার্কি সরবরাহ করিনি, তবে প্রতিটি প্রেসিডেন্টই কোনো না কোনো সময় আমাদের টার্কি পেয়েছেন।’
জেইন্ডল ফার্মসের যাত্রা শুরু ১৯৩৩ সালে। ডেভিড জেইন্ডল জানান, তাঁর বাবা ও দাদা এই ব্যবসা শুরু করেছিলেন। তাঁর বাবা দাদার কাছ থেকে পাঁচটি টার্কি কিনেছিলেন।
মাত্র পাঁচটি টার্কি দিয়ে শুরু হওয়া সেই উদ্যোগ পরে বড় আকারের খামারে পরিণত হয়, যেখানে পুরস্কারজয়ী টার্কি উৎপাদিত হয়।
১৯৫৯ সালে খামারটি একটি বিশেষ অনুরোধ পায়—হোয়াইট হাউসের জন্য দুটি টার্কি। ডেভিড জেইন্ডল বলেন, ‘আইজেনহাওয়ারই প্রথম প্রেসিডেন্ট, যিনি আমাদের কাছ থেকে ব্যাগে করে টার্কি পেয়েছিলেন।’
থ্যাংকসগিভিংয়ে দুটি টার্কির প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা পাওয়ার ঐতিহ্য আমেরিকানদের কাছে বেশি পরিচিত হলেও হোয়াইট হাউস ছুটির ভোজের জন্য জেইন্ডল ফার্মস থেকে আরও দুটি টার্কি পায়।
ডেভিড জেইন্ডল বলেন, প্রেসিডেন্টের জন্য বেছে নেওয়া টার্কি খামারের সাধারণ ক্রেতাদের জন্য রাখা টার্কির চেয়ে আলাদা নয়। তিনি বলেন, ‘এটি একই টার্কি। আমি বলি না, লাইন থেকে সেরা টার্কিটা বের করে রাখো। দুটি টার্কি বেছে ব্যাগে ভরে দাও।’
ডেভিড জেইন্ডলের পাঁচ সন্তান—এক মেয়ে ও চার ছেলে—সবাই পারিবারিক এই ব্যবসায় কাজ করেন। তিনি বলেন, পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে কাজ করছেন এবং পরের প্রজন্ম ব্যবসাটি এগিয়ে নিচ্ছে, এটাই তাঁকে সবচেয়ে গর্বিত করে।
সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প জেইন্ডল ফার্মসের সরবরাহ করা টার্কি দাতব্য কাজে দান করেছেন।




