অ্যাকাউন্ট ফেরত না দিলে দেশজুড়ে মেটার কার্যালয়ে বিক্ষোভের হুঁশিয়ারি ভারতীয় যুব কংগ্রেসের

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠন ভারতীয় যুব কংগ্রেস মেটার বিরুদ্ধে আরও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে। নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে না দিলে দেশজুড়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে বিক্ষোভ করা হবে বলে শনিবার এক্সে পোস্ট করে সংগঠনটি জানিয়েছে।
এর আগের দিন শুক্রবার হায়দরাবাদে মেটার কার্যালয় রয়েছে এমন ভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়েন। প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে তাঁরা ভবনে ঢোকেন, গাছের টব মাটিতে ফেলে দেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান—ভারতীয় যুব কংগ্রেসের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ফুটেজে এসব দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
শুক্রবারের বিক্ষোভের পর দুটি অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে যুব সংগঠনটির সামাজিক মাধ্যমের দায়িত্বে থাকা মনু জৈন শনিবার রয়টার্সকে বলেছেন, সরকারের সমালোচক সাংবাদিক, নির্মাতা ও প্রভাবশালীদের হাজার হাজার অ্যাকাউন্ট এখনো সীমাবদ্ধ রয়েছে।
মনু জৈনের দাবি, মেটাকে ব্যাখ্যা করতে হবে এর অ্যালগরিদম কীভাবে পোস্ট সীমাবদ্ধ করে, এবং সরকারি নির্দেশে বন্ধ করা অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দিতে হবে।
ভারত ব্যবহারকারীর সংখ্যায় মেটার সবচেয়ে বড় বাজার। শুক্রবারের বিক্ষোভ নিয়ে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।
শুক্রবারের বিক্ষোভের একটি ভিডিওতে দেখা গেছে, মুম্বাইয়ে মেটার কার্যালয়ের ভবনের বাইরের দেয়ালে বিক্ষোভকারীরা মেটাবিরোধী স্লোগান স্প্রে-রঙে লিখছেন এবং তাঁদের থামাতে চাওয়া নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন।
নয়াদিল্লির কাছে গুরুগ্রামে কংগ্রেস কর্মীরা স্লোগান দেন এবং ‘যুব কংগ্রেসের অ্যাকাউন্ট ফিরিয়ে দাও’ লেখা ব্যানার ধরেন বলে অনলাইন পোস্টে দেখা গেছে।
এই ঘটনা ঘিরে ভারতে বাকস্বাধীনতা নিয়ে বিতর্ক বাড়ছে। নরেন্দ্র মোদির সরকারের আপত্তি থাকা সামাজিক মাধ্যমের বিষয়বস্তু সরানোর ক্রমবর্ধমান কঠোর প্রচেষ্টা থেকে ঝুঁকি তৈরি হতে পারে বলে আলোচনা চলছে। ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।
মেটা বলেছে, স্থানীয় আইন মানতে ভারতে বিষয়বস্তু সীমাবদ্ধ করে তারা। অন্যদিকে মোদির সরকারের বক্তব্য, বিষয়বস্তু সরানোর নির্দেশ দেওয়া হয় কেবল তখনই, যখন তা স্থানীয় আইন লঙ্ঘন করে, জননিরাপত্তার ক্ষতি করতে পারে বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়।
কংগ্রেস দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, মেটাসহ সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলো অ্যাকাউন্ট সরিয়ে অনলাইনে ভিন্নমত দমন করছে।
তেলেঙ্গানা রাজ্যের এক বিরোধী রাজনীতিক হায়দরাবাদে মেটার কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় কংগ্রেস কর্মীদের সমালোচনা করে বলেছেন, এতে ব্যবসার জন্য নিরাপদ গন্তব্য হিসেবে শহরটির সুনাম ক্ষুণ্ন হয়েছে।
মোদির ক্ষমতাসীন দলের জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারিও শনিবার কংগ্রেসের কর্মকাণ্ডের সমালোচনা করে লিখেছেন, তারা শুধু হায়দরাবাদে মেটার কার্যালয়ে ভাঙচুর ও ধ্বংসযজ্ঞই চালায়নি, সামাজিক মাধ্যমেও তা প্রদর্শন করছে। তাঁর ভাষায়, ‘এটাই কংগ্রেস মডেল: বেসরকারি কোম্পানির কার্যালয়ে ভাঙচুর।’
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলেছে, এ বছর ভারতে সামাজিক মাধ্যম থেকে সাংবাদিকতামূলক বিষয়বস্তু সরানোর ঘটনা বেড়েছে। বাকস্বাধীনতা কর্মীদের মতে, সরকারের নতুন নিয়মে সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর হাতে সরানোর অনুরোধ পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়ার সময় প্রায় থাকছেই না।
ফেব্রুয়ারিতে মোদির সরকার সামাজিক মাধ্যম কোম্পানিগুলোকে নির্দেশ দেয়, অবৈধ বিষয়বস্তুর কথা জানানোর তিন ঘণ্টার মধ্যে তা সরিয়ে ফেলতে হবে; আগের সময়সীমা ছিল ৩৬ ঘণ্টা।
মেটার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে ভারতে স্থানীয় আইনের আওতায় ৫৪ লাখের বেশি পোস্ট বা অ্যাকাউন্ট সীমাবদ্ধ করেছে প্রতিষ্ঠানটি—যা ইন্দোনেশিয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ, আর ২০২৫ সালজুড়ে এই সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। মেটা বলেছে, এর বেশির ভাগ ক্ষেত্রেই স্থানীয় আইনের বাধ্যবাধকতার কারণে আগাম সীমাবদ্ধ করতে হয়েছে।


