মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় টানা চার দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক খেতে বৃষ্টির পানি জমে ধানের শীষ ডুবে গেছে; এতে ফসল নষ্টের আশঙ্কায় পড়েছেন উপজেলার কৃষকেরা।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত চার দিন ধরে মনপুরা উপকূলে রাতভর বৃষ্টি হচ্ছে, সঙ্গে বইছে ঝোড়ো বাতাস। উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫টি ব্লকে আবাদ করা আমন ধান এতে ক্ষতির মুখে পড়েছে।
উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক আবদুল হাশিম বলেন, উপজেলার অধিকাংশ আমনখেতে পাকা ধান নুয়ে পড়েছে। জমিতে বৃষ্টির পানি জমে থাকায় ধানের শীষ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
একই ইউনিয়নের কৃষক মিরাজ ও রাসেলসহ স্থানীয় কৃষকেরা জানান, তাঁদের এলাকায় ৫৯০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। অসময়ের বৃষ্টিতে অধিকাংশ জমির পাকা ধান নুয়ে পড়েছে।
কৃষকেরা বলেন, এমনিতেই এবার ধানের বাজারদর কম। বৃষ্টির কারণে সময়মতো ধান কাটা ও শুকানো না গেলে ধানের রং লালচে হয়ে যাবে, তাতে বাজারে দাম আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। জমিতে পড়ে থাকা খড় বৃষ্টিতে নষ্ট হলে তা বিক্রি করাও কঠিন হবে।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, হাজিরহাট ইউনিয়নের তিনটি ব্লকে ১ হাজার ৯৮২ হেক্টর, উত্তর সাকুচিয়া ইউনিয়নে ১ হাজার ৮৩৩ হেক্টর, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ১ হাজার ৮৬২ হেক্টর, মনপুরা ইউনিয়নে ১ হাজার ৬৬০ হেক্টর এবং কলাতলী ইউনিয়নে ১ হাজার ৭৩৮ হেক্টর জমিতে এবার আমন ধানের আবাদ হয়েছে।
সব মিলিয়ে উপজেলায় ৮ হাজার ৯০৯ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে এবং এ বছর আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ হাজার ২৪৭ মেট্রিক টন।
কৃষকদের আশঙ্কা, আরও কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকলে আমনের ব্যাপক ক্ষতি হতে পারে। ফসল ঘরে তোলা নিয়েও তাঁদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।




