কালাইয়ে তিন দিনের বৃষ্টিতে পানিতে ভাসছে কাটা ধান, পেছানোর শঙ্কায় আলু চাষ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির পানিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় কোথাও কাটা আমন ধান পানিতে ভাসছে, কোথাও পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। জমিতে পানি জমে থাকায় আগাম আলু ও শীতকালীন সবজি চাষ পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার (২২ নভেম্বর) উপজেলার কয়েকটি মাঠ ঘুরে দেখা যায়, নিচু জমিগুলো বৃষ্টির পানিতে ডুবে আছে। জমে থাকা পানি নিষ্কাশনের জন্য সকাল থেকেই কোদাল হাতে নালা কাটছেন কৃষকেরা। এদিকে মাঠে কাজ করার পরিবেশ না থাকায় রংপুর, কুড়িগ্রাম, জলঢাকা ও গাইবান্ধা থেকে আসা মৌসুমি ধান কাটা শ্রমিকদের অনেকেই নিজ এলাকায় ফিরে যাচ্ছেন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধান কাটার গতি কমে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন ধান কাটার পরপরই জমি প্রস্তুত করে আগাম আলু রোপণের পরিকল্পনা ছিল তাঁদের। এ সময় আলু রোপণ করতে পারলে ভালো ফলনের পাশাপাশি বাজারে বাড়তি দাম পাওয়া যায়। কিন্তু অসময়ের বৃষ্টিতে জমি থেকে পানি না নামায় সেই পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।
কালাই উপজেলার জমিনপুর গ্রামের কৃষক রুবেল হোসেন বলেন, ‘আশা ছিল দ্রুত ধান ঘরে তুলে জমিতে আলু লাগাব। কিন্তু বৃষ্টিতে সব এলোমেলো হয়ে গেল। জমির কাটা ধান পানিতে ভাসছে। এখন ধান বাঁচাব, নাকি আলু চাষের প্রস্তুতি নেব, তা নিয়েই দুশ্চিন্তায় আছি।’
পুর গ্রামের কৃষক মাছুম বলেন, ‘মাঠে যে পরিমাণ পানি জমেছে, তাতে এখনই আলু লাগানো সম্ভব নয়। পানি না নামলে জমি প্রস্তুত করা কঠিন হবে।’
হাতিয়র গ্রামের কৃষক তাজমহল হোসেন জানান, তিন দিন আগে পাঁচ বিঘা জমির ধান কেটে মাঠে রেখেছেন। টানা বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। রোদ না উঠলে এবং বৃষ্টি অব্যাহত থাকলে ধানের মান নষ্ট হয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
আরেক কৃষক লুৎফর রহমান বলেন, ‘সকাল থেকে না খেয়ে জমির পানি বের করার জন্য নালা কাটছি। রাতেও নাকি বৃষ্টির সম্ভাবনা আছে। আলু লাগানোর চিন্তা বাদ, আবার বৃষ্টি হলে কাটা ধান ঘরে তোলাই কঠিন হয়ে পড়বে।’
ধান কাটতে আসা শ্রমিকেরা জানান, গত কয়েক বছরের তুলনায় এবার আমনের ফলন ভালো হয়েছে। তবে বৃষ্টির কারণে কাটা ধানের অধিকাংশই মাঠে পড়ে আছে। আপাতত কাজের পরিবেশ না থাকায় তাঁরা বাড়ি ফিরে যাচ্ছেন; জমি শুকালে আবার ফিরবেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কালাইয়ের পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১ হাজার ৯৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে, যাতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৯ হাজার ৫২১ টন। এ ছাড়া প্রায় ১০৩ হেক্টর জমিতে শীতকালীন সবজির বীজ বপন করা হয়েছে।
কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় পাকা আমন ধান, শীতকালীন সবজি ও সরিষাক্ষেতের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন বলে তিনি জানান।




