হেবরনের পুরোনো শহরে পরিত্যক্ত কূপ সংস্কারে ফিরছে পানির স্বস্তি
দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহরের পুরোনো অংশে পানির সংকট দীর্ঘদিনের। সেখানে পৌরসভার পানি পৌঁছায় মাসে মাত্র একবার, আর সরু গলি ও চারদিকে থাকা অসংখ্য চেকপয়েন্ট ও সামরিক ফটকের কারণে পানির ট্যাংকারও বাসিন্দাদের বাড়িতে পৌঁছাতে হিমশিম খায়।
চার সদস্যের পরিবার নিয়ে পুরোনো শহরে থাকেন উম্মে মোহাম্মদ জাবের (৪৮)। তাঁর ভাষায়, খাবার বা বিদ্যুৎ ছাড়া মানুষ হয়তো টিকে থাকতে পারে, কিন্তু পানি ছাড়া জীবন থেমে যায়। রান্না থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা—প্রতিদিনের ঘরের কাজই তাঁর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পুরোনো শহরের ফিলিস্তিনিদের বাড়ি ও দোকানের ছাদ দখল করে থাকা বসতি স্থাপনকারীদের কারণে বাসিন্দারা পানির ট্যাংক বসাতেও পারেন না। এই পরিস্থিতিতে বাসিন্দারা ঝুঁকছেন পায়ের নিচে থাকা ঐতিহ্যবাহী কিন্তু ভুলে যাওয়া উৎস—পরিত্যক্ত কূপগুলোর দিকে।
গত দুই বছর ধরে পানির ঘাটতি পর্যবেক্ষণের পর হেবরন পুনর্বাসন কমিটি পুরোনো শহরের পরিত্যক্ত কূপগুলো সংস্কারের একটি প্রকল্প হাতে নিয়েছে। কমিটির মহাপরিচালক মুহান্নাদ আল-জাবারি জানান, গত বছরের জুলাইয়ে প্রকল্প শুরুর সময় বাসিন্দাদের নিজ নিজ সম্পত্তিতে থাকা অবহেলিত কূপ নিবন্ধনের আহ্বান জানানো হয়।
প্রচারণার প্রথম কয়েক দিনেই ৭০টির বেশি পরিবার নিবন্ধন করে; এখন পর্যন্ত নিবন্ধিত হয়েছে প্রায় ২১৫টি কূপ। কমিটি ইতিমধ্যে ১০৮টি কূপ সংস্কার করেছে এবং আগামী বছরের মধ্যে বাকিগুলোর কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
আল-জাবারির মতে, প্রকল্পটির লক্ষ্য তিনটি: ঐতিহ্য ও স্থাপত্যের অংশ হিসেবে কূপগুলো সংরক্ষণ করা, পানির সরবরাহের উন্নতি ঘটানো এবং ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কর্তৃপক্ষের চাপের মুখে বাসিন্দাদের নিজ বাড়ি ও পাড়ায় টিকে থাকার সক্ষমতা বাড়ানো। তাঁর ভাষায়, ‘পানি খুঁজে পাওয়া মানেই পুরোনো শহরে প্রাণ ফিরিয়ে আনা।’
আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহযোগিতায় কঠোর সামরিক নিয়ন্ত্রণে থাকা বন্ধ এলাকাগুলোতেও কমিটি প্রায় ৪০টি কূপ সংস্কার করেছে; চলাচলের বিধিনিষেধের কারণে সেসব এলাকায় পানির ট্যাংকার পৌঁছাতে সমস্যা হতো।
হেবরনের পুরোনো শহর ১৯৬৭ সাল থেকে ইসরায়েলি দখলে রয়েছে এবং এলাকাটি ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে থাকলেও এর বেসামরিক এখতিয়ার ফিলিস্তিনিদের হাতে থাকার কথা। ১৯৮০-এর দশক থেকে বসতি স্থাপনকারীরা পুরোনো শহরের অংশবিশেষ দখল করে ফিলিস্তিনি বাসিন্দাদের জীবন দুর্বিষহ করে তুলেছে।
কূপ সংস্কারের সুফল পাচ্ছে স্কুলের মতো প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলোও। আল-জাজায়ের বেসিক বয়েজ স্কুলে ১৩৬ জন শিক্ষার্থী পড়ে; পুরোনো শহরে বসতি স্থাপনকারীদের চৌকি সম্প্রসারণের কারণে স্কুলটি প্রায় দুই বছর ধরে পানির সংকটে ছিল, ফলে ফিলিস্তিনি বাড়ি ও ভবনগুলোতে পানি পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
স্কুলের অধ্যক্ষ হিশাম আল-কাওয়াসমেহ জানান, আগে তাঁদের পানির ট্যাংকের ওপর নির্ভর করতে হতো এবং প্রায়ই অতিরিক্ত সরবরাহ চাইতে হতো; এ কারণে তাঁরা কমিটির সাহায্য চান। স্কুলের ভেতরের কূপটি সংস্কারের পর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা এখন পান করা, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ দৈনন্দিন কাজে নিয়মিত পানি পাচ্ছেন। তাঁর হিসাব অনুযায়ী কূপটির ধারণক্ষমতা ৪০০ থেকে ৫০০ ঘনমিটার, যা বাইরের সরবরাহের ওপর স্কুলের নির্ভরতা কমাবে বলে আশা করা হচ্ছে।
কাওয়াসমেহ বলেন, ‘পানি আর স্কুল না থাকলে এই ৭০টি পরিবার স্বাভাবিকভাবেই বিকল্প খুঁজবে, আর সেই বিকল্প হবে পুরোনো শহরের বাইরে।’ তাঁর মতে, প্রয়োজনীয় সেবা চালু রাখা শিক্ষা অব্যাহত রাখা এবং পরিবারগুলোর পুরোনো শহরে থেকে যাওয়ার সক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।
প্রকল্পের তত্ত্বাবধায়ক খালেদ আল-শরিফ জানান, কূপ সংস্কারের কাজ প্রযুক্তিগতভাবে কঠিন এবং এতে যথেষ্ট পরিশ্রম ও সতর্কতা লাগে। প্রতিটি কূপের ক্ষেত্রে অবশিষ্ট পানি পাম্প করে ফেলা, ময়লা ও ধ্বংসাবশেষ সরানো, দেয়ালে নতুন পলেস্তারা দেওয়া, পানি-নিরোধক ব্যবস্থা করা, জীবাণুমুক্ত করা এবং নতুন পানি ভরার ধাপগুলো অনুসরণ করতে হয়। গভীর কূপ এবং চলাচল-সীমিত এলাকায় কাজ করা বিশেষভাবে চ্যালেঞ্জের, আর পানি, বিদ্যুৎ ও পাম্পিং যন্ত্রপাতি একসঙ্গে থাকায় দলগুলোর জন্য ঝুঁকিও থাকে।
কমিটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর আগে পুরোনো শহরে ইহুদি বসতির চৌকি ছিল চারটি; এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১২টিতে। প্রজন্মের পর প্রজন্ম ধরে পুরোনো শহরে সম্পত্তির মালিক ফিলিস্তিনি পরিবারগুলোকে এলাকা ছাড়তে বাধ্য করাই এই সম্প্রসারণের উদ্দেশ্য বলে কমিটি মনে করে।
এর পাল্টা হিসেবে কমিটি ফিলিস্তিনি পরিবারগুলোর জীবনমান উন্নয়নে আরও কয়েকটি প্রকল্প চালু করেছে। ৭ অক্টোবরের পর থেকে পুরোনো শহরজুড়ে ৫৪টির বেশি পরিবারকে সংস্কার করা বাড়িতে পুনর্বাসন দেওয়া হয়েছে; আরও কয়েক ডজন পরিবার উপযুক্ত আবাসনের অপেক্ষায় রয়েছে।
তিন সন্তানের বাবা দাউদ হাসান (৩৩) ইসরায়েলে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। গাজায় যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনি শ্রমিকদের প্রবেশ নিষিদ্ধ হলে তিনি কাজ হারান এবং ভাড়া পরিশোধে হিমশিম খাচ্ছিলেন। কমিটির সহায়তায় সাত মাস আগে তিনি বিনা ভাড়ায় পুরোনো শহরের একটি সংস্কার করা পরিত্যক্ত বাড়িতে উঠেছেন। তাঁর ভাষায়, ‘আমরা পুরোনো শহরে এসেছি আমাদের অর্থনৈতিক অবস্থার কারণে, আর আমাদের ইতিহাস ও ঐতিহ্য রক্ষার জন্য।’

