ট্রাম্পের শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রে কারখানা বাড়াচ্ছে বিদেশি গাড়ি নির্মাতারা
চীন ও ইউরোপের বাজারে তীব্র প্রতিযোগিতা, চীনা বৈদ্যুতিক গাড়ির দ্রুত বাজার দখল এবং বৈশ্বিক বিক্রিতে চাপের মুখে জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের গাড়ি নির্মাতারা আবার যুক্তরাষ্ট্রের বাজারমুখী হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি দেশটিতে উৎপাদন বাড়ানোর এই প্রবণতাকে ত্বরান্বিত করেছে, যদিও এর পেছনে আরও কয়েকটি বাণিজ্যিক ও অর্থনৈতিক কারণ রয়েছে।
জাপানের হোন্ডা যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে কারখানা স্থাপনে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। জার্মান নির্মাতা অডি জর্জিয়ায় ৪০০ কোটি ডলারের একটি কারখানা গড়ার পরিকল্পনা প্রকাশ করেছে; ট্রাম্পের সঙ্গে এক নির্বাচনী সমাবেশে উপস্থিত হয়ে পরিকল্পনাটি ঘোষণা করেন অডির প্রধান নির্বাহী গেরনট ডলনার। শুধু হোন্ডা ও অডি নয়, গত এক বছরে হুন্দাই, টয়োটা ও মার্সিডিজ-বেঞ্জও যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে।
আমদানি করা গাড়ির ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের ফলে বিদেশি কোম্পানিগুলো বাড়তি শুল্ক ব্যয় এড়াতে যুক্তরাষ্ট্রের ভেতরেই কারখানা গড়াকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে বেছে নিচ্ছে। অডির ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানির জন্য প্রতিষ্ঠানটিকে প্রায় ১৪০ কোটি ডলার শুল্ক পরিশোধ করতে হয়েছিল।
অডির প্রধান নির্বাহী ডলনারের মতে, যুক্তরাষ্ট্রে উৎপাদন ব্যবস্থা গড়ে তুললে স্থানীয় ক্রেতাদের আরও কাছে পৌঁছানো সম্ভব হবে; একই সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে এবং বৈশ্বিক ব্যবসা আরও স্থিতিশীল হবে। নতুন কারখানার মাধ্যমে শুল্ক ব্যয় কমানোর পাশাপাশি মার্কিন সরকারের সঙ্গে আমদানি শুল্কে ছাড় নিয়ে আলোচনার পথও তৈরি করতে চায় কোম্পানিটি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যকার মুক্তবাণিজ্য চুক্তি ইউএসএমসিএ নিয়ে অনিশ্চয়তাও নির্মাতাদের সিদ্ধান্তে ভূমিকা রাখছে। ভবিষ্যতে শুল্কমুক্ত প্রবেশাধিকারের নিশ্চয়তা না থাকায় কম খরচে মেক্সিকোর কারখানায় গাড়ি বানিয়ে যুক্তরাষ্ট্রে সরবরাহের পুরোনো ব্যবস্থার ওপর নির্ভরতা কমাতে চাইছে তারা।
শুল্কনীতির বাইরে বৈশ্বিক গাড়ির বাজারের পরিবর্তনও যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ার বড় কারণ। চীনে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর স্বল্পমূল্যের ও প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক গাড়ির দ্রুত উত্থানে বিদেশি কোম্পানিগুলো বাজার হারাচ্ছে। পাশাপাশি ইউরোপের বাজার তেমন সম্প্রসারিত না হওয়ায় সেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরের বাড়তি ব্যয় কোম্পানিগুলোর মুনাফায় চাপ তৈরি করছে। এমন পরিস্থিতিতে বড় ও তুলনামূলক লাভজনক যুক্তরাষ্ট্রের বাজার বিদেশি নির্মাতাদের কাছে গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছে।
ইউরোপে ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা করা নির্মাতা স্টেলান্টিস পাঁচ বছর মেয়াদি বিনিয়োগ পরিকল্পনায় নিজস্ব ব্র্যান্ডগুলোর জন্য বরাদ্দ ৩ হাজার ৬০০ কোটি ইউরোর ৬০ শতাংশই উত্তর আমেরিকায় ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের বাজারের আরেকটি বৈশিষ্ট্য হলো, বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় সেখানে বৈদ্যুতিক গাড়ির প্রসার ধীরগতির হওয়ার সম্ভাবনা। ট্রাম্প প্রশাসন বৈদ্যুতিক গাড়ির ভর্তুকি প্রত্যাহার এবং পরিবেশগত নির্গমন-সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করায় প্রচলিত জ্বালানিচালিত গাড়ি উৎপাদন ও বিক্রির সুযোগ দীর্ঘায়িত হচ্ছে। ব্লুমবার্গএনইএফ তাদের পূর্বাভাস সংশোধন করে জানিয়েছে, ২০৩০ সালে যুক্তরাষ্ট্রে মোট গাড়ি বিক্রিতে বৈদ্যুতিক গাড়ির অংশ হবে ১৭ শতাংশ। এটি বিদেশি নির্মাতাদের জন্য বড় সুযোগ, কারণ অন্য বাজারে বৈদ্যুতিক গাড়ির চাপ থাকলেও যুক্তরাষ্ট্রে তারা দীর্ঘ সময় লাভজনক জ্বালানিচালিত গাড়ি বিক্রি করতে পারবে।
একই সঙ্গে জ্বালানির দাম বাড়ায় হাইব্রিড গাড়ির জনপ্রিয়তা বাড়ছে, যেখানে প্রচলিত পেট্রলচালিত গাড়ির চেয়ে বেশি মুনাফার সুযোগ রয়েছে; হাইব্রিড প্রযুক্তিতে শক্তিশালী অবস্থানের কারণে জাপানের টয়োটা ও দক্ষিণ কোরিয়ার হুন্দাই বাড়তি সুবিধা পাচ্ছে। বিনিয়োগ প্রতিষ্ঠান বার্নস্টেইনের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে হাইব্রিড গাড়ির বিক্রি বছরে গড়ে ৬ শতাংশ হারে বাড়তে পারে, যা সামগ্রিক গাড়ি বাজারের প্রবৃদ্ধির তুলনায় অনেক বেশি।
যুক্তরাষ্ট্রে উচ্চমূল্যের বিলাসবহুল গাড়ির বিশাল ক্রেতাগোষ্ঠী থাকায় অডির মতো প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর জন্য স্থানীয় উৎপাদন বিশেষভাবে লাভজনক হতে পারে। তা ছাড়া আগের বাইডেন প্রশাসনের সময় চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর আরোপিত ১০০ শতাংশ শুল্ক দেশটির বাজারে চীনা প্রতিযোগীদের প্রবেশ কঠিন করে রেখেছে।
তবে যুক্তরাষ্ট্রের বাজারে অতিরিক্ত নির্ভরতা দীর্ঘমেয়াদে বিদেশি কোম্পানিগুলোর জন্য ঝুঁকিও বয়ে আনতে পারে। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিজেদের আংশিক সরিয়ে নিলে প্রযুক্তিগত উদ্ভাবন ও উৎপাদনের মান উন্নয়নে আত্মতুষ্টি তৈরি হওয়ার আশঙ্কা থাকে—যেমনটি ১৯৮০-এর দশকে সুরক্ষাবাদী নীতির আড়ালে তুলনামূলক নিম্নমানের ও ব্যয়বহুল গাড়ি বানানোর ফলে যুক্তরাষ্ট্রের নিজস্ব গাড়ি কোম্পানিগুলোর ক্ষেত্রে ঘটেছিল, পরে আন্তর্জাতিক প্রতিযোগিতা বাড়লে যাদের সেই দুর্বলতার মূল্য দিতে হয়েছিল।




