এশীয় মুকুট জয়ের তিন দিন পর মারা গেলেন ইরাকি বডিবিল্ডিং চ্যাম্পিয়ন সাজাদ জাওয়াদ
ইরাকের আন্তর্জাতিক বডিবিল্ডিং চ্যাম্পিয়ন সাজাদ জাওয়াদ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ের মাত্র তিন দিন পর তাঁর মৃত্যু হলো।
ইরাকি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরাক বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস ফেডারেশন (আইবিএফএফ) জাওয়াদের মৃত্যুর খবর জানায়। ইরাকি বার্তা সংস্থা ফেডারেশনের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ‘ইরাকি আন্তর্জাতিক বডিবিল্ডিং চ্যাম্পিয়ন সাজ্জাদ জাওয়াদ মারা গেছেন।’
বিবৃতিতে আইবিএফএফের সভাপতি ফাইজ আবদুল হাসান ও ফেডারেশনের সদস্যরা প্রয়াত চ্যাম্পিয়নের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক জানিয়েছেন। তবে বিবৃতিতে তাঁর মৃত্যুর ধরন বা কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
সদ্য সমাপ্ত এশীয় চ্যাম্পিয়নশিপে ৯০ কেজি শ্রেণিতে জাওয়াদের স্বর্ণ জয় দেশটিতে ব্যাপকভাবে উদ্যাপিত হয়েছিল। একই আসরে এর আগে তিনি ওই শ্রেণিতে ১১তম হয়েছিলেন।
জাতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সংক্ষিপ্ত ক্যারিয়ারে জাওয়াদ মহাদেশীয় ও জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি প্রতিযোগিতায় ইরাকের প্রতিনিধিত্ব করেছেন।
জয়ের পরপরই করা জাওয়াদের শেষ সামাজিক মাধ্যম পোস্টের মন্তব্য শত শত ছাড়িয়েছে, ভক্তরা তাঁর মৃত্যুতে বিস্ময় প্রকাশ করেছেন। হায়দার ওয়ালিদ নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘এই খবরে আমার হৃদয় ভেঙে গেছে।’ অন্যরা উল্লেখ করেছেন, কয়েক দিনের মধ্যেই জাতীয় উদ্যাপন শোকে বদলে গেছে।

