জ্বলন্ত ঘরে ঢুকে দুই শিশুকে বাঁচাল ১৪ বছরের কিশোরী, সেনা হতে চায় চীনের লং শি
চীনে আগুনে জ্বলতে থাকা একটি বাড়িতে ঢুকে দুই শিশুকে উদ্ধার করে সাহসিকতার পরিচয় দিয়েছে ১৪ বছর বয়সী কিশোরী লং শি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে চার বছর বয়সী এক শিশু ও তার দুই বছর বয়সী ভাইকে নিরাপদে বাইরে নিয়ে আসে সে।
লং শি চীনের হুনান প্রদেশের ফেংহুয়াং কাউন্টির বাসিন্দা। গত ২৪ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। জ্বরের কারণে সেদিন স্কুল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিল সে।
পথে একটি বাড়ি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখে লং। কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পেয়ে দ্রুত সেখানে ছুটে যায়। ভেতরে গিয়ে দেখে, আগুন বিছানা পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং পাশের কাপড়েও আগুন জ্বলছে।
বাড়ির ভেতরে চার বছর বয়সী একটি মেয়ে বিছানার পাশে দাঁড়িয়ে ছিল, আর তার দুই বছর বয়সী ভাই বিছানায় বসে কাঁদছিল। ওই সময় বাড়িতে তাদের সঙ্গে কোনো বড় মানুষ ছিলেন না।
এক মুহূর্ত দেরি না করে দুই বছরের শিশুটিকে কোলে তুলে নেয় লং, অন্য শিশুটির হাত ধরে দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসে। সাউথ চায়না মর্নিং পোস্টকে সে জানায়, আগুন প্রায় বিছানা পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং বিছানার কাপড়েও আগুন ধরে যায়; তবে ওই মুহূর্তে নিজের নিরাপত্তার কথা না ভেবে শুধু শিশু দুটিকে নিরাপদে বের করে আনতে চেয়েছিল সে।
শিশু দুটিকে উদ্ধারের পর মাকে বার্তা পাঠিয়ে লং লেখে, ‘মা, আমি দুটি শিশুকে বাঁচিয়েছি।’ ঘটনার একটি ভিডিওও মাকে পাঠায় সে। ভিডিওটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন লংয়ের মা উ; তিনি জানান, আগুনের ভয়াবহতা দেখে তাঁর শরীর কাঁপছিল।
আগুন লাগার সময় শিশু দুটির বাবা উ শিয়ানজিন কর্মস্থলে ছিলেন। খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে সন্তানদের নিরাপদে উদ্ধারের খবর পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি। সন্তানদের জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা জানাতে পরে লংয়ের পরিবারকে একটি সম্মাননাসূচক ব্যানার উপহার দেয় তাঁর পরিবার এবং স্থানীয় প্রশাসনের কাছে ‘গুড সামারিটান অ্যাওয়ার্ড’-এর জন্য আবেদন করে।
গত নভেম্বরে ফেংহুয়াং কাউন্টির অগ্নিনির্বাপণ ও উদ্ধার ব্যুরোও লংকে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ একটি সনদ দেয়। ঘটনাটি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা পেয়েছে; অনেকেই তার সাহসিকতার আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।
লং জানিয়েছে, বড় হয়ে সে সেনাবাহিনীতে যোগ দিতে চায়। জরুরি পরিস্থিতিতে সেনাসদস্যদের মানুষকে সহায়তা করতে দেখে এই পেশার প্রতি তার আগ্রহ তৈরি হয়েছে।
তবে এ ধরনের ঘটনায় শিশুদের নিজেরা আগুনের মধ্যে প্রবেশ করে কাউকে উদ্ধারের চেষ্টা না করার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আগুন লাগলে দ্রুত নিরাপদ স্থানে সরে গিয়ে জরুরি সেবায় খবর দেওয়া ও প্রাপ্তবয়স্কদের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

