ভোটে হেরে চার গ্রামের বাতি খুলে নেওয়ার অভিযোগ রাজস্থানে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

ভারতের রাজস্থানের টংক জেলায় নির্বাচনে হেরে যাওয়ার পর চারটি গ্রামের রাস্তার বাতি খুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে টংক জেলার নিওয়াই বিধানসভা এলাকার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের রণোলি গ্রাম পঞ্চায়েতে।
স্থানীয়দের অভিযোগ, নিওয়াই আসনের বিজেপি বিধায়ক রাম সহায় বর্মার ব্যক্তিগত সহকারী আলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোটের আগে ভোটারদের মন জয় করতে এবং প্রচারের অংশ হিসেবে কুমাড়োঁ কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা—এই চারটি গ্রামের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে প্রায় ৫০টি এলইডি স্ট্রিট লাইট বসানো হয়েছিল। গ্রামবাসীর ভাষ্য, আলোক শর্মার প্রভাব ও নির্দেশেই এই লাইটগুলো লাগানো হয়।
তবে ফল প্রকাশের পর দেখা যায়, প্রিয়াঙ্কা শর্মা ভোটে হেরে গেছেন। এর পরপরই শুরু হয় বাতি খুলে নেওয়ার তোড়জোড়। গ্রামবাসীদের দাবি, ভোটে হেরে যাওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই গ্রামগুলো থেকে লাইট খুলে নেওয়া শুরু হয়।
খবর পেয়ে জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের ফল্ট রিপেয়ার টিম (এফআরটি) গ্রামে উপস্থিত হয়ে বাতিগুলো খুলতে শুরু করে। গ্রামবাসীদের বাধা সত্ত্বেও দলটি কুমাড়োঁ কি ধানি গ্রাম থেকে অন্তত ১০টি খুঁটির স্ট্রিট লাইট খুলে ফেলে।
তবে বাকি প্রায় ৪০টি লাইট খোলা যায়নি। কারণ, নবনির্বাচিত সরপঞ্চরা নিজেদের তহবিল থেকে বিদ্যুৎ বিল পরিশোধের আশ্বাস দিয়েছেন।
স্থানীয় বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী ডি আর মীন জানান, ত্রুটি সারানোর জন্য গ্রামে পরিদর্শনে গিয়ে এফআরটি টিম বৈদ্যুতিক খুঁটিতে অবৈধ সংযোগ দিয়ে স্ট্রিট লাইট জ্বলতে দেখে। পরে তদন্তে ঘটনার সত্যতা পেয়ে তা অপসারণের প্রক্রিয়া শুরু করা হয়। কীভাবে ও কার অনুমতিতে এই সংযোগগুলো দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বোর্ড।
এদিকে বিজেপি বিধায়ক রাম সহায় বর্মা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, দীপাবলি উৎসব উপলক্ষে প্রার্থীরা নিজ উদ্যোগে এসব লাইট লাগিয়েছিলেন।


