বেনগাজি বন্দরে সন্দেহভাজন ড্রোন হামলায় ডুবল রুশ যুদ্ধজাহাজ, জাতিসংঘে তদন্তের দাবি লিবিয়ার
লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে নোঙর করা একটি রুশ যুদ্ধজাহাজে সন্দেহভাজন সামুদ্রিক ড্রোন হামলায় বিস্ফোরণ ও সংক্ষিপ্ত আগুন লেগেছে বলে জানিয়েছে দেশটির পূর্বভিত্তিক সরকার। স্থানীয় সূত্রগুলো রোববার গভীর রাতে জানিয়েছে, ভোরের এই হামলায় অনির্দিষ্ট সংখ্যক লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন। রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং কেউ হামলার দায়ও স্বীকার করেনি।
স্যাটেলাইট ছবি সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টর জানিয়েছে, ছবিতে দেখা গেছে জাহাজটি রুশ নৌবাহিনীর করভেট ‘মেরকুরি’। রোববার তোলা ছবিতে দেখা যায়, জাহাজটির বেশির ভাগ অংশ উল্টে ডুবে গেছে, শুধু সামনের অংশ পানির ওপরে ভেসে আছে। ওপরের কাঠামোর একাংশ থেকে ধোঁয়া উঠছিল এবং ঘাটজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিল।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। এলাকার বাসিন্দাদের বরাত দিয়ে সূত্রগুলো বলেছে, তাঁরা তিনটি ড্রোন জাহাজটিতে আঘাত হানতে দেখেছেন। জাহাজটি নৌঘাঁটির কাছের বেসামরিক বন্দরে নোঙর করা ছিল।
বেনগাজিভিত্তিক প্রশাসন এর আগে বলেছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্ব সরকারের মধ্যে সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি নেওয়া ও সরবরাহ সংগ্রহের জন্য বন্দরে ভিড়েছিল।
রোববার সন্ধ্যায় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর পরিচালিত একটি ঘাঁটি থেকে জাহাজটির দিকে কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন ছোড়া হয়েছিল।
একই সন্ধ্যায় বেনগাজি বন্দরের কাছে আরেকটি হামলায় মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে সামুদ্রিক ড্রোন আঘাত হানে। পূর্ব সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরকবোঝাই ড্রোনের আঘাতে আহত ওই জাহাজের সব ক্রু সদস্যকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আলমাসার স্যাটেলাইট টেলিভিশন জানিয়েছে, নৌ ও বিমানবাহিনী ভূমধ্যসাগরীয় এই শহরের কাছে আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে।
বেনগাজিভিত্তিক প্রশাসন জানিয়েছে, হামলার পরিস্থিতি, উৎস ও এর পেছনের পক্ষ খুঁজে বের করতে তারা রাশিয়ার সঙ্গে যৌথ তদন্ত শুরু করেছে। সরকার বলেছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকাটি নিরাপদ করা হয়েছে। হামলাটিকে লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন ও সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি বলে নিন্দা জানিয়েছে তারা।
সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘লিবীয় সরকার লিবিয়ার বন্দর, ভূখণ্ড বা আঞ্চলিক জলসীমাকে হিসাব মেলানো বা আন্তর্জাতিক সংঘাত রপ্তানির ক্ষেত্রে পরিণত হতে দেবে না।’ বিবৃতিতে আরও বলা হয়, লিবিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনো পক্ষ নয়।
পূর্বভিত্তিক লিবীয় সরকারের প্রধানমন্ত্রী ওসামা হাম্মাদ বলেছেন, তাঁর সরকার হামলাগুলোর আন্তর্জাতিক তদন্তের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অনুরোধ জমা দিয়েছে। পশ্চিম লিবিয়া থেকে ড্রোনগুলো ছোড়া হয়েছিল কি না, দেশে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি যাচাই এবং কিয়েভের কাছে তাদের কার্যক্রমের ব্যাখ্যা চাওয়ার কথাও বলেছেন তিনি।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ তালহা আবদুলরাজ্জাকের মতে, বন্দরে এই হামলার পেছনে সম্ভবত ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলোই রয়েছে। তিনি বলেন, গত বছরের শেষের দিকে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা ও ত্রিপোলি সরকারের মধ্যে সেখানে ইউক্রেনীয় সামরিক ও গোয়েন্দা উপস্থিতি প্রতিষ্ঠার চুক্তির খবর এসেছিল; বিনিময়ে ত্রিপোলি সরকার ইউক্রেনীয় সামরিক দক্ষতা পাবে। তাঁর ভাষায়, এই হামলা রাশিয়ার ইউক্রেন যুদ্ধের ‘ছড়িয়ে পড়া’ প্রভাব এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ‘রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় দূরপাল্লার নিষেধাজ্ঞা’র সর্বশেষ উদাহরণ।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনীয় বাহিনী কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজ ও নৌঘাঁটিতে বারবার নৌ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। শনিবার ফিনল্যান্ডের কাছের পূর্ব বাল্টিক সাগরে একটি রুশ মালবাহী জাহাজে ড্রোন আঘাত হানে; ফিনল্যান্ডের সীমান্তরক্ষীরা এর জন্য ইউক্রেনকে দায়ী করেছে। মার্চে লিবিয়া উপকূলে একটি রুশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ হামলার পর ডুবে যায়, যার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে দায়ী করেছিলেন। গত ডিসেম্বরে ইউক্রেন জানায়, তারা বিমান ড্রোন দিয়ে ভূমধ্যসাগরে রাশিয়াসংশ্লিষ্ট একটি তেল ট্যাংকারে হামলা চালিয়েছে।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়া বিভক্ত। ত্রিপোলিতে রয়েছে জাতিসংঘ-স্বীকৃত সরকার, আর বেনগাজিতে প্রতিদ্বন্দ্বী পূর্বাঞ্চলীয় প্রশাসন। তেলসমৃদ্ধ দেশটি রাশিয়া ও পশ্চিমের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু হয়ে আছে।

