সোনার দাম থেকে মজুরি ও মুনাফা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাজুসের, ভরিতে কমল ৬ হাজার ১৮২ টাকা

সোনার দাম থেকে অলংকার তৈরির মজুরি ও ব্যবসায়ীর মুনাফার অংশ ধাপে ধাপে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নেতারা। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক আগের দাম নির্ধারণের নিয়মে ফিরে যাচ্ছে সমিতি।
শনিবার জুয়েলার্স সমিতির কার্যালয়ে সমিতির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিচালনা পর্ষদের ২৮ জন সদস্য অংশ নেন। সভায় মজুরি ও মুনাফা ধাপে ধাপে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়, যদিও কিছু ব্যবসায়ী এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পর শনিবার রাতেই সোনার দাম কমানোর ঘোষণা দেয় সমিতি। প্রথম দফায় সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ১৮২ টাকা কমেছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো অলংকার বদল বা বিক্রি করলে গ্রাহকেরা আগের চেয়ে ৩ শতাংশ অর্থ বেশি পাবেন। তবে নতুন অলংকার কিনতে ক্রেতাদের এখন থেকে আলাদা করে মজুরি দিতে হবে।
বাজুসের সোনা ও রুপার দাম নির্ধারণ ও তদারকিবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম বলেন, ভবিষ্যতে সোনার দামের সঙ্গে অন্য কিছু যুক্ত রাখা হবে না। সে ক্ষেত্রে প্রতি গ্রামে ৩ হাজার টাকা, অর্থাৎ ভরিতে প্রায় ৩০ হাজার টাকা মজুরি দিতে হবে গ্রাহকদের। পৃথিবীর অন্যান্য দেশে এই মডেলেই জুয়েলারি ব্যবসা চলে বলে তিনি উল্লেখ করেন।
এক বছরের বেশি সময় ধরে দেশে সোনার দাম দুই লাখ টাকার ওপরে ছিল। উচ্চ মূল্যের কারণে জুয়েলারি ব্যবসায় বছরজুড়েই মন্দাভাব ছিল।
সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরে মফস্সলের কিছু ব্যবসাপ্রতিষ্ঠান সমিতির নির্ধারিত দামের চেয়ে ভরিতে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কমে সোনা বিক্রি করছে — এমন অভিযোগ আসতে শুরু করে। আবার চলতি মাসে মূল্য নির্ধারণসহ সোনার বাজারের সার্বিক নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ তদারকিতে আনার দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ দেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
বাজুস সভাপতি এনামুল হক খান বলেন, ক্রেতারা প্রায়ই অভিযোগ করেন, ভারতের চেয়ে বাংলাদেশে সোনার দাম ভরিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা বেশি। অথচ মজুরিসহ হিসাব করলে বাংলাদেশের চেয়ে ভারতে দাম কিছুটা বেশি। তারপরও ক্রেতাদের এই ধারণার কারণে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ অলংকার কিনতে অনেকেই বিদেশমুখী হচ্ছেন।
এনামুল হক খান আরও বলেন, এই প্রবণতা কমাতে সোনার দামের সঙ্গে মজুরি ও মুনাফা না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পাঁচ বছরে নতুন করে দুই লাখ কারিগরের কর্মসংস্থান হবে বলে সমিতির প্রত্যাশা।
প্রায় দুই দশক আগে সোনার দামের সঙ্গে মজুরি ও মুনাফা যুক্ত ছিল না; তখন অলংকার তৈরির মজুরি আলাদা করে নিতেন ব্যবসায়ীরা। সোনার ভরি ১০ হাজার টাকা ছাড়িয়ে যাওয়ার পর কিছু ব্যবসায়ীর দাবির মুখে দাম নির্ধারণে পরিবর্তন আনা হয় — তাঁদের যুক্তি ছিল, ক্রেতারা অলংকার কেনার সময় আলাদা করে মজুরি দিতে চান না। এরপর সোনার দামের সঙ্গে মজুরি, ভ্যাট ও মুনাফা যুক্ত হয়।
বৈশ্বিক বাজারে সোনার দামের ওঠানামার সঙ্গে দেশেও দর পরিবর্তন হয়; তবে দাম নির্ধারণে দেশের বুলিয়ন মার্কেটের তেজাবি সোনার (৯৯ দশমিক ৫০ শতাংশ খাঁটি) দর আমলে নেওয়া হয়। গত শুক্রবার এক ভরি তেজাবি সোনার দাম ছিল ১ লাখ ৮১ হাজার টাকা; সেদিন সকালে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। শনিবার তেজাবি সোনার দর ছিল ১ লাখ ৮২ হাজার ২০০ টাকা এবং সেদিন রাতে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ভরি।
সমিতির একাধিক সদস্য জানান, শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার তৈরির খরচ ও বিক্রয়মূল্যের মধ্যে তফাত ছিল ১৬ হাজার টাকার মতো। নতুন দাম কার্যকর হওয়ার পর সেই ব্যবধান কমে প্রায় ১০ হাজার টাকায় নেমেছে এবং নতুন সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে তা আরও কমতে পারে।



