১২ বছরের সেরা অভিষেক ‘হাঙ্গার গেমস’ প্রিক্যুয়েলের, প্রথম সপ্তাহান্তে আয় ২২৫ মিলিয়ন ডলার
‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির নতুন প্রিক্যুয়েল ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ গত ১২ বছরের মধ্যে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় অভিষেক ঘটিয়েছে।
বক্স অফিস মোজোর স্টুডিও হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে ছবিটি আনুমানিক ১২০ মিলিয়ন ডলার আয় করেছে। বিশ্বব্যাপী এর উদ্বোধনী আয় দাঁড়িয়েছে ২২৫ মিলিয়ন ডলারে।
তরুণ হেইমিচ অ্যাবারনাথিকে নিয়ে নির্মিত লায়ন্সগেটের এই সিনেমা ৪ হাজার ১৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। প্রতিটি প্রেক্ষাগৃহ থেকে গড়ে আয় হয়েছে ২৯ হাজার ৮৬৫ ডলার।
‘দ্য নাম্বারস’-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ২০ নভেম্বর ছবিটি আয় করে ৫৬ মিলিয়ন ডলার, যার মধ্যে প্রিভিউ স্ক্রিনিং থেকেই এসেছে ২১ মিলিয়ন ডলার। শনিবার ২১ নভেম্বর আয় হয় ৩৬ দশমিক ৩ মিলিয়ন ডলার এবং রবিবার ২২ নভেম্বর আনুমানিক ২৭ দশমিক ৭ মিলিয়ন ডলার।
বিদেশের বাজার থেকে সিনেমাটি আনুমানিক ১০৫ মিলিয়ন ডলার আয় করেছে। ১৫০ মিলিয়ন ডলার নির্মাণ ব্যয়ের ছবিটি মুক্তির প্রথম সপ্তাহান্তের শেষেই বাজেট ছাড়িয়ে গেছে বলে বক্স অফিস বিশ্লেষণে উঠে এসেছে।
ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে অবস্থান নিয়ে বক্স অফিস মোজো জানিয়েছে, এ পর্যন্ত মুক্তি পাওয়া ছয়টি ‘হাঙ্গার গেমস’ সিনেমার মধ্যে ‘সানরাইজ অন দ্য রিপিং’-এর উত্তর আমেরিকার উদ্বোধনী আয় চতুর্থ বৃহত্তম। আগের প্রিক্যুয়েল ‘দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’-এর তুলনায় এটি প্রায় ২ দশমিক ৭ গুণ বেশি আয় দিয়ে যাত্রা শুরু করেছে।
সপ্তাহান্তে বক্স অফিসে অন্য কোনো সিনেমা এই ছবির ধারেকাছেও আসতে পারেনি। ‘দ্য নাম্বারস’-এর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহগুলোতে মোট টিকিট বিক্রির প্রায় ৭২ শতাংশই ছিল এই ছবির দখলে।




