দুই দিন, দুই ইনিংস, তিন ওভার: টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত হ্যাটট্রিক মার্ভ হিউজের

টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন অনেক বোলারই। কিন্তু অস্ট্রেলিয়ার সাবেক পেসার মার্ভ হিউজের হ্যাটট্রিকটি আর দশটির মতো নয়—এটি এসেছে দুই দিনে, দুই ইনিংসে, তিন ওভারে। এটিকে তাই বলা যায় টেস্ট ক্রিকেটের মন্থরতম হ্যাটট্রিক।
হিউজ ৫৩ টেস্টে ২১২ উইকেট নিয়েছেন। এ ছাড়া ৩৩ ওয়ানডেতে তাঁর উইকেট ৩৮টি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন ৩২ বছর আগে। আজ এই ক্রিকেটারের জন্মদিন।
সেই বিখ্যাত হ্যাটট্রিকটি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পার্থ টেস্টে। হ্যাটট্রিকের প্রথম উইকেটটি আসে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩৬তম ওভারের শেষ বলে—কার্টলি অ্যামব্রোসকে আউট করেন হিউজ।
পরের ওভারটি করেন অফ স্পিনার টিম মে, তিনিও একটি উইকেট নেন। তাতে উইকেটে থাকে ওয়েস্ট ইন্ডিজের শেষ জুটি। আবার বল হাতে পেয়ে নিজের পরের ওভারের প্রথম বলেই প্যাট্রিক প্যাটারসনকে আউট করে ইনিংস শেষ করে দেন হিউজ।
এরপর মাঝখানে যায় অস্ট্রেলিয়ার একটি পুরো ইনিংস। প্রায় ২৪ ঘণ্টা পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই গর্ডন গ্রিনিজকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন হিউজ।
দুই ইনিংস মিলিয়ে হ্যাটট্রিক টেস্ট ক্রিকেটে আরও দুটি আছে। কিন্তু তিন ওভারে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক হিউজেরটাই এক ও অনন্য। মাঝখানে অস্ট্রেলিয়ার ইনিংস চলে যাওয়ায় দর্শক তো বটেই, ধারাভাষ্যকাররাও প্রথমে বুঝতেই পারেননি যে হ্যাটট্রিক হয়ে গেছে।
ওই পার্থ টেস্টে সিরিজের প্রথম টেস্টে বাইরে থাকার পর মাত্রই দলে ফিরেছিলেন হিউজ। প্রথম ইনিংসে তিনি নেন ৫ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট।
কার্টলি অ্যামব্রোসের বাউন্সারে বোলিং সঙ্গী জিওফ লসনের চোয়াল ভেঙে যাওয়ায় বাড়তি দায়িত্ব এসে পড়েছিল হিউজের ওপর। ম্যাচে ২১৭ রানে ১৩ উইকেট নিয়েও তিনি অস্ট্রেলিয়াকে হার থেকে বাঁচাতে পারেননি। তাতে একটি দুঃখের রেকর্ডও হয়—দল হেরেছে এমন টেস্টে কোনো অস্ট্রেলীয় বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড এটি।
বলের গতির বিচারে হিউজ কখনোই ফাস্ট বোলার ছিলেন না। প্রথম ৭ টেস্টে মাত্র ২১ উইকেট পাওয়ার পর সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক ইয়ান চ্যাপেল ব্যঙ্গ করে বলেছিলেন, মার্ভ হিউজের সমস্যা হলো, ও নিজেকে ফাস্ট বোলার মনে করে।
তবে তাঁর সব ৫৩ টেস্টের অধিনায়ক অ্যালান বোর্ডারের কাছে হিউজ ছিলেন ‘গো টু ম্যান’—উইকেট লাগলেই বল তুলে দিতেন তাঁর হাতে। বোর্ডার একবার এক সাংবাদিককে হিউজকে দেখিয়ে বলেছিলেন, ওর দিকে তাকান; ২০ কেজি ওজন বেশি, কখন কী করে ঠিক নেই, কিন্তু মাঠে ও আপনার জন্য জীবন দিয়ে দেবে—এমন ক্রিকেটারই আমি চাই।
সাত-আটের দশকে ডেনিস লিলি, গ্রেগ চ্যাপেল ও রডনি মার্শ একই টেস্টে অবসর নেওয়ার পর ধুঁকতে থাকা অস্ট্রেলিয়ার পুনরুত্থানেও বড় ভূমিকা ছিল হিউজের। কখনো বাউন্সার দিয়ে, কখনো স্লো লেগ কাটারে, কখনো স্লেজিংয়ে ব্যাটসম্যানকে বিপর্যস্ত করে বেশির ভাগ সময়ই কাজের কাজটা করে দিতেন তিনি।
১৯৯৩ সালের অ্যাশেজ সিরিজে চোটে ক্রেইগ ম্যাকডারমট ছিটকে যাওয়ার পর হিউজ নিজেকে আরও উজাড় করে দেন। ছয় টেস্টে তিনি বোলিং করেন প্রায় ৩০০ ওভার, উইকেট পান ৩১টি। তবে এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে আসে ইনজুরি, আর মাত্র দুই টেস্ট পরেই তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পেছনেও সেই চোটের দায় আছে।



