আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউর কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই: ঢাকায় রাষ্ট্রদূত মাইকেল মিলার

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে ব্যক্তিগত জায়গা থেকে তিনি ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি এবং আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করেছেন।
আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ইইউর অবস্থান জানতে চাওয়া হলে মাইকেল মিলার বলেন, এখানে ইইউর কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই; তিনি যা বলবেন, তা তাঁর নিজস্ব পর্যবেক্ষণ।
তিনি বলেন, ইইউ চায় একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ। তাঁর ব্যাখ্যায়, স্থিতিশীলতার অর্থ হলো ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করা এবং আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানো। এর মানে হচ্ছে সংঘাত ত্যাগ করে জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা জানানো।
ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, বিগত শাসনকালে বাংলাদেশের নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আস্থার জায়গাটি ফাঁকা করে ফেলা হয়েছিল। প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বর্তমানে সেই সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইইউ বলেও জানান তিনি।
কার্যক্রম নিষিদ্ধের প্রক্রিয়ায় থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি ও সংঘাত নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের বিষয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, প্রতিক্রিয়াটি সমানুপাতিক হয়েছে বলে তিনি মনে করেন।
শান্তিপূর্ণ মতপ্রকাশের সীমার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত ও সমাবেশের স্বাধীনতা থাকবে, তবে তার একটি সীমা আছে। কোনো সংগঠন বা ব্যক্তি যদি বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হয়, জনশৃঙ্খলা বিনষ্ট করে কিংবা সংঘাত ও ঘৃণা উসকে দেয়—তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাঁর ভাষায়, মতপ্রকাশের স্বাধীনতা মানে সংঘাতের লাইসেন্স নয়।
রাজনৈতিক রূপান্তরকে একটি অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হিসেবে অভিহিত করে মাইকেল মিলার বলেন, রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। ইউরোপের ইতিহাসেও রাজনৈতিক রূপান্তরের কঠিন অভিজ্ঞতা রয়েছে।
তিনি বলেন, গণতন্ত্র মানে শুধু নির্বাচন বা পার্লামেন্ট নয়, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আস্থার বিষয়। এর জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে চরম দৃঢ়তা দেখাতে হবে।
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে আস্থা প্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত। সেই সঙ্গে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নির্বাচন-পরবর্তী সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্যে বৃহত্তর জাতীয় ঐকমত্যের ওপর জোর দেন তিনি।
বাংলাদেশ-ইইউ সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে রাষ্ট্রদূত জানান, আগামী বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রাসেলস সফর করার কথা রয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশকে চলতি বছরের ডিসেম্বরেই মুক্ত বাণিজ্য চুক্তি (এফটি) নিয়ে আলোচনার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইইউ। আর আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হবে ‘ইইউ-বাংলাদেশ বিজনেস ও ইনভেস্টমেন্ট সামিট’।
বক্তব্যের শুরুতে তিনি রাশিয়ায় চলমান যুদ্ধে বাংলাদেশি নাগরিকদের ভুল বুঝিয়ে বা প্রলোভন দেখিয়ে যুদ্ধে যোগ দেওয়ানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।


