পিরোজপুরে বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন একই উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজ ও উপজেলার বাসিন্দা সাজিদ। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে দুটি মোটরসাইকেলসহ চারজনকে সড়কে পড়ে থাকতে দেখেন তাঁরা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন বলেন, মোটরসাইকেলের সংঘর্ষে আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনস্পেক্টর যুগল বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের জেলা হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।



