ঘূর্ণিঝড় ‘আকভান’ না এলেও বৃষ্টিতে ২০ জেলায় ২৪ হাজার ৮১৮ হেক্টর ফসলের ক্ষতি

ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত না হানলেও এর প্রভাবে হওয়া বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সাতক্ষীরার তালা, ফেনী, ভোলা, রাজবাড়ী, বরগুনার আমতলী এবং সুন্দরবনসংলগ্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জনপদ থেকে ক্ষতির খবর এসেছে।
কোথাও মাঠে কেটে রাখা পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কোথাও ধান ডুবে গেছে পানিতে। কোথাও শীতের সবজির বীজতলা, আবার কোথাও পেঁয়াজের বীজতলা ও আলুখেত ভেসে গেছে।
রাজবাড়ী জেলাতেই তিন থেকে চার হেক্টর পেঁয়াজের বীজতলা পানিতে তলিয়ে গেছে বলে জেলা কৃষি দপ্তর ধারণা করছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ১৯ থেকে ২২ নভেম্বর—এই চার দিনে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক প্রতিবেদন করেছে। তাতে দেখা যায়, ২০ জেলার ২৪ হাজার ৮১৮ হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যাপক ক্ষতির মুখে পড়েছে শুঁটকি উৎপাদনও। দুবলারচর, আলোরকোল, মেহের আলীর চর, মাঝের কেল্লা, অফিস কেল্লা ও নারকেলবাড়িয়ার শুঁটকিমহালে একনাগাড়ে চার দিন সূর্যের দেখা মেলেনি।
টানা তিন দিনের বৃষ্টিতে শুকানোর জন্য চাতালে ছড়িয়ে রাখা বিপুল পরিমাণ মাছ পচে গেছে। ফলে কমপক্ষে ১০ হাজারের বেশি জেলে, ব্যবসায়ী ও শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়েছে।
শুঁটকি উৎপাদনের মৌসুম শুরু হয়েছিল ৩০ অক্টোবর। কিন্তু পরপর তিনটি নিম্নচাপের প্রভাবে শুঁটকি উৎপাদনে বড় ধরনের ধস নেমেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্যসেবা (বামিস) ১৮ নভেম্বরের জেলা কৃষি আবহাওয়া পরামর্শ বুলেটিনে ২০–২১ নভেম্বর ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা উল্লেখ করেছিল।
অর্থাৎ কৃষি খাতের জন্য বৃষ্টির ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আগাম কৃষি-আবহাওয়া পরামর্শ জারি করা হয়েছিল। তবে পাকা আমন ধান কাটার সময় দুর্যোগের পূর্বাভাস পাওয়া গেলেও সব কৃষকের পক্ষে এক বা দুই দিনের মধ্যে ধান কাটা সম্ভব হয়নি।
শ্রমিক পাওয়া, ধান কাটার খরচ, পরিবহন ও শুকানোর জায়গা—সবই কৃষকের জন্য সীমাবদ্ধতা তৈরি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মাঠে কেটে রাখা ধান শুকানো, সংরক্ষণ ও পরিবহনের ব্যবস্থা না থাকলে বৃষ্টির ক্ষতি আরও বাড়ে।




