…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

পুরান ঢাকার ইসলামপুরে পাইকারি কাপড়ের কেনাকাটা এখন ভিডিও কল আর কুরিয়ারে

নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকার ইসলামপুরে পাইকারি কাপড়ের কেনাকাটা এখন ভিডিও কল আর কুরিয়ারে
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার ইসলামপুরের পাইকারি কাপড়ের বাজারে ব্যবসার ধরন বদলে গেছে। সরু রাস্তার দুই পাশে সারি সারি দোকানে শাড়ি, থ্রি-পিস আর থান কাপড়ের স্তূপ থাকলেও এখন দেশের বিভিন্ন জেলার খুচরা ব্যবসায়ীরা আগের মতো সরাসরি বাজারে আসছেন কম। পণ্যের ছবি ও ভিডিও পাঠিয়ে এবং ভিডিও কলে দেখিয়ে বিক্রি করছেন ইসলামপুরের পাইকারি ব্যবসায়ীরা।

প্রায় ২৫৩ বছরের ঐতিহ্যবাহী এই বাজারে একসময় উৎসবের মৌসুমে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যেত। এখন অনেক ব্যবসায়ী মোবাইল ফোনে পণ্যের ছবি ও ভিডিও পাঠিয়ে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। ক্রেতারা পছন্দ করলে দরদাম শেষে অর্ডার নিশ্চিত হচ্ছে, পরে কুরিয়ার ও পার্সেল সেবায় পণ্য পৌঁছে যাচ্ছে তাঁদের ঠিকানায়।

সম্প্রতি ইসলামপুরের ওহাব এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায়, কর্মচারী আশিক আহমেদ ক্রেতার সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। ফোনের ক্যামেরায় একের পর এক কাপড় দেখাচ্ছেন তিনি, অপর প্রান্তে থাকা ক্রেতা কাপড়ের রং, নকশা ও দাম জেনে নিচ্ছেন।

খাদিজা মনি থ্রি-পিস সেন্টারে কর্মী আলামীন বিভিন্ন কাপড়ের ভিডিও ধারণ করছিলেন। সেগুলো হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে দূরের ক্রেতাদের পাঠাবেন তিনি। আলামীন বলেন, শুধু দোকানে বসে থাকলে এখন ক্রেতা পাওয়া কঠিন; ফেসবুক, লাইভ ভিডিও ও অনলাইন যোগাযোগের মাধ্যমে পণ্য দেখাতে হয়।

প্রায় ৩০ বছর ধরে জুতা ও চামড়াজাত পণ্যের পাইকারি ব্যবসা করা মাহবুবুর রহমান বলেন, আগে উৎসবের মৌসুমে দোকানে ক্রেতাদের প্রচুর ভিড় হতো। এখন অনেক ব্যবসায়ী ফোনে পণ্যের নমুনা দেখে অর্ডার দেন, ফলে সবাইকে সরাসরি বাজারে আসতে হয় না।

ওহাব এন্টারপ্রাইজের আশিক আহমেদ বলেন, আগে ঢাকার বাইরের ব্যবসায়ীরা পণ্য কিনতে এসে কয়েক দিন থাকতেন। এখন মোবাইলে ছবি ও ভিডিও দেখে পছন্দের পণ্য অর্ডার করেন, আর বিক্রেতারা কুরিয়ারে পণ্য পাঠিয়ে দেন। এতে সময় বাঁচে, কেনাকাটাও সহজ হয়।

বিকাশ বা ব্যাংকের মাধ্যমে মূল্য পরিশোধের পর বিক্রেতারা কুরিয়ারে পণ্য পাঠিয়ে দিচ্ছেন। তবে নতুন বিক্রেতার কাছ থেকে পণ্য কেনা কিংবা বড় অর্ডারের ক্ষেত্রে সরাসরি এসে পণ্যের মান যাচাইয়ের গুরুত্ব এখনো রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। পাইকারি ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, ফোনেই পণ্য দেখিয়ে অর্ডার নেওয়া যায়, টাকা পাওয়ার পর কুরিয়ারে পণ্য পাঠিয়ে দিলে ক্রেতাদের সময় ও যাতায়াতের খরচ কমে।

গুলশান আরা সিটির ব্যবসায়ী সাইফুল আলম বলেন, ইসলামপুরে এখনো বিভিন্ন ধরনের কাপড়ের বড় সংগ্রহ রয়েছে। তবে দেশের বিভিন্ন জেলায় পাইকারি বাজার গড়ে ওঠায় ব্যবসায়ীদের পণ্য সংগ্রহের বিকল্প বেড়েছে।

যশোরের ব্যবসায়ী আশরাফ হোসেন বলেন, ইসলামপুরে পণ্য কিনতে গেলে সদরঘাট, রায়সাহেব বাজার ও গুলিস্তানের দিকের যানজটে অনেক সময় আটকে থাকতে হয়। এ কারণে প্রয়োজন ছাড়া এখন ঢাকায় যেতে চান না তিনি; ছোট অর্ডারের ক্ষেত্রে ফোনে যোগাযোগ করে পণ্য নেওয়ার চেষ্টা করেন।

তবে নড়াইলের ব্যবসায়ী বরকত মোল্লা এখনো সরাসরি ইসলামপুরে এসে পণ্য কেনার পক্ষে। তিনি বলেন, এক জায়গায় অনেক ধরনের কাপড় পাওয়া যায়, সরাসরি দেখে মান যাচাই করা যায়, আবার দামাদামির সুযোগও থাকে; তাই বড় অর্ডারের জন্য এখনো ইসলামপুরে যান তিনি।

ইসলামপুরে বর্তমানে ছোট-বড় মিলিয়ে কয়েক হাজার দোকান রয়েছে। ব্যবসায়ীদের হিসাবে, বছরে আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার লেনদেন হয় এই বাজারে। দুই ঈদের আগে এই বাজার সবচেয়ে বেশি প্রাণ ফিরে পায়, তখন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা পাঁচ মাসেও প্রকাশ হয়নি, কাজ ‘শতভাগ শেষ’ দাবি পিআইওর
কৃষি

দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা পাঁচ মাসেও প্রকাশ হয়নি, কাজ ‘শতভাগ শেষ’ দাবি পিআইওর

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রায় দুই কোটি টাকার প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে পাঁচ মাস আগে। প্রকল্প বাস্তবায়…

কৃষি

ফসলের ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগারের ওপর জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

ফসল তোলার পর ক্ষতি কমিয়ে গুণমান ধরে রাখতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু…

১৪২টি কেঁচো দিয়ে শুরু, এখন মাসে ৪৫ হাজার টাকা আয় ডিমলার ছাত্র রশিদের
কৃষি

১৪২টি কেঁচো দিয়ে শুরু, এখন মাসে ৪৫ হাজার টাকা আয় ডিমলার ছাত্র রশিদের

মাত্র ১৪২টি কেঁচো দিয়ে শুরু করেছিলেন আব্দুর রশিদ। দুই বছরের ব্যবধানে সেই উদ্যোগই বদলে দিয়েছে ২২ বছর বয়সী এই যুবকের জীবন। পড়াশোনার পাশাপাশি কেঁচো স…

পায়রার ভাঙনে ধসে পড়েছে সংস্কার করা বাঁধের ১২০ মিটার, ঝুঁকিতে তালতলীর ১০ গ্রাম
কৃষি

পায়রার ভাঙনে ধসে পড়েছে সংস্কার করা বাঁধের ১২০ মিটার, ঝুঁকিতে তালতলীর ১০ গ্রাম

বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পায়রা নদীর ভাঙনে বারবার বিলীন হচ্ছে বেড়িবাঁধ। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংস্ক…