সালমান–সাইফদের ঘিরে হুমকি আর গুলির ঘটনায় বলিউডে আতঙ্ক, শুটিং বন্ধের আশঙ্কা কর্মীদের সংগঠনের

সালমান খানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ, টাইগার শ্রফের গাড়িতে গুলি এবং সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকির ঘটনায় বলিউডে আতঙ্ক ছড়িয়েছে। এবার সেই আতঙ্কের প্রভাব পড়তে শুরু করেছে শুটিংয়েও।
নিরাপত্তার কারণে কিছু শুটিং পিছিয়ে দেওয়া হচ্ছে, কোথাও বদলানো হচ্ছে শুটিংয়ের স্থান। এতে অনিশ্চয়তায় পড়েছেন চলচ্চিত্রশিল্পের দৈনিক মজুরিতে কাজ করা কর্মীরা। পরিস্থিতি আরও খারাপ হলে শুটিং বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)।
সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত বলেছেন, নিরাপত্তার কথা ভেবে কয়েকটি ছবির শুটিং পিছিয়ে দেওয়া হচ্ছে বা অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাইটম্যান, স্পটবয়, টেকনিশিয়ানসহ দৈনিক মজুরিতে কাজ করা কর্মীরা; শুটিং না হলে তাঁদের আয়ও বন্ধ হয়ে যায়।
বলিউডের বড় তারকারা ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা করতে পারলেও শুটিং সেটের সব কর্মীর সেই সুযোগ নেই। একটি চলচ্চিত্র বা সিরিজের শুটিংয়ে অভিনয়শিল্পীদের পাশাপাশি সেট নির্মাণ, আলো, ক্যামেরা, পোশাক ও মেকআপসহ নানা কাজে অসংখ্য কলাকুশলী যুক্ত থাকেন।
এই উদ্বেগ থেকে গত শুক্রবার (২০ নভেম্বর) মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশকে চিঠি পাঠায় এআইসিডব্লিউএ। চিঠির অনুলিপি পাঠানো হয় মুম্বাইয়ের পুলিশ কমিশনার দেবেন ভারতীকেও। সংগঠনটির বক্তব্য, তারকাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শুটিং সেট এবং সেখানে কর্মরত মানুষদের সুরক্ষাও জরুরি।
চিঠিতে সংগঠনটি সতর্ক করে বলেছে, পরিস্থিতির উন্নতি না হলে শুটিং পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। কাজ হারাতে পারেন বিপুলসংখ্যক কর্মী, বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন প্রযোজকেরাও।
চিঠিতে বলিউডের বর্তমান পরিস্থিতির সঙ্গে নব্বইয়ের দশকের তুলনা করা হয়েছে। সে সময় মুম্বাইয়ের চলচ্চিত্রজগতে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল বড় উদ্বেগের বিষয়। সংগঠনটির দাবি, সাম্প্রতিক ঘটনাগুলো সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনছে; তারকারা সব সময় প্রচারের আলোয় থাকায় অপরাধী চক্রগুলো তাঁদের হুমকি দিয়ে প্রচার পেতে বা অর্থ আদায় করতে চায়।
চিঠিতে আরও দাবি করা হয়েছে, কয়েকজন হুমকিদাতা তাঁদের হাতে ২০০ জন শুটার প্রস্তুত থাকার কথাও বলেছেন। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে সাইফ আলী খানকে দেওয়া প্রাণনাশের হুমকি। গত বৃহস্পতিবার মুম্বাই পুলিশ জানায়, অভিনেতার ফোনে একটি ভয়েস বার্তা এসেছে, সেখানে প্রেরক নিজেকে জিশান আখতার হিসেবে পরিচয় দিয়েছেন।
জিশান ২০২৪ সালে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যা মামলার পলাতক অভিযুক্ত। বার্তায় সাইফকে হুমকি দিয়ে বলা হয়, তাঁর পরিণতিও বাবা সিদ্দিকির মতো হবে। তবে বার্তাটি সত্যিই জিশান পাঠিয়েছেন কি না, তা নিশ্চিত নয়; অন্য কেউ তাঁর পরিচয় ব্যবহার করেছেন কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কণ্ঠস্বর তৈরি করা হয়েছে কি না, তা-ও তদন্ত করা হচ্ছে। এর আগে আয়ুষ্মান খোরানা ও তুষার কাপুরকে হুমকি দেওয়ার অভিযোগে বেঙ্গালুরুর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ; তদন্তকারীদের দাবি, অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ না থাকলেও ওই ব্যক্তি এআই ব্যবহার করে হুমকি দিয়েছিলেন।
অন্যদিকে অমিতাভ বচ্চনের জুহুর বাড়ি ‘জলসা’র নামও সম্প্রতি একাধিক ভুয়া বোমা হামলার হুমকিতে এসেছে। অমিতাভ ও অভিষেক বচ্চনের নিরাপত্তা বাড়ানোর দাবিও জানিয়েছে চলচ্চিত্রকর্মীদের সংগঠনটি।
গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনা বলিউডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। হামলার তদন্তে সালমান খানের বাড়ির আশপাশে সন্দেহভাজন ব্যক্তিদের যাতায়াতের তথ্যও সামনে আসে; সালমানকে প্রথমে হামলার লক্ষ্যবস্তু করার পরিকল্পনা ছিল কি না, তা নিয়ে তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
সালমানের বাড়ির বাইরে ২০২৪ সালের এপ্রিলেও গুলি চালানো হয়েছিল। একই বছরের অক্টোবরে খুন হন তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাবা সিদ্দিকি। এসব ঘটনার পর থেকেই সালমানের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা রয়েছে।
এআইসিডব্লিউএ সরকারের কাছে পাঁচটি প্রধান দাবি জানিয়েছে। সাইফ আলী খান, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও তাঁদের পরিবারের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি মুম্বাইয়ের সব চলচ্চিত্র তারকা ও নির্মাতার সুরক্ষা নিশ্চিত করতে বলেছে সংগঠনটি। শুটিংয়ের জায়গায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন, অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং তারকাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে নজরদারি বাড়ানোর দাবিও রয়েছে চিঠিতে।
এদিকে সাম্প্রতিক হুমকির ঘটনাগুলোর তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বাই পুলিশ। চলচ্চিত্রকর্মীদের সংগঠনের আশঙ্কা, নিরাপত্তা উদ্বেগ দীর্ঘায়িত হলে তার প্রভাব শুধু তারকাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; পুরো চলচ্চিত্রশিল্পের কাজ ও কর্মসংস্থানেও তার প্রভাব পড়তে পারে।



