জেমস বন্ডের ছায়া থেকে মাসুদ রানা: বাংলা গোয়েন্দা গল্প বদলে দিয়েছিল যে চরিত্র

জেমস বন্ড চরিত্রে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের অভিনয়ের বিষয়টি সামনে আসার পর বিশ্বজুড়ে এই স্পাই চরিত্র নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় পিছিয়ে নেই বাংলাদেশের বন্ডভক্তরাও। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, ব্রিটিশ এই গোয়েন্দা চরিত্রটি বাংলাদেশের গোয়েন্দা উপন্যাস ও স্পাই থ্রিলারে কতটা প্রভাব ফেলেছে।
ইংরেজ লেখক ইয়ান ফ্লেমিং ১৯৫০-এর দশকে জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেন। ১৯৫২ সালে জ্যামাইকায় বসে তিনি যে বইটি লিখেছিলেন, সেটি পরে 'ক্যাসিনো রয়েল' নামে পরিচিত হয়। বন্ডকে নিয়ে লেখা ১৪টি উপন্যাস ও ছোটগল্পের মধ্যে সেটিই ছিল প্রথম। এর ১০ বছর পর প্রথম বন্ড চলচ্চিত্র 'ডক্টর নো' মুক্তি পায়, যা একটি সফল চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজির সূচনা করে।
বাংলা গোয়েন্দা সাহিত্যের শুরুটা অবশ্য স্পাই দিয়ে নয়, রহস্য দিয়ে হয়েছিল। বাংলাদেশি থ্রিলার লেখক, অনুবাদক ও প্রকাশক মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, শুরুর দিকে বাংলা গোয়েন্দা সাহিত্য ছিল পশ্চিমবঙ্গকেন্দ্রিক। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের 'দারোগার দপ্তর', রবীন্দ্রনাথ ঠাকুরের 'ডিটেকটিভ', শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'ব্যোমকেশ বক্সী', সত্যজিৎ রায়ের 'ফেলুদা' আর নীহাররঞ্জন গুপ্তের 'কিরীটি রায়'—এরা সবাই ছিলেন বুদ্ধির গোয়েন্দা।
সেই ধারার গোয়েন্দারা খুনের রহস্য সমাধান করতেন, অপরাধীর মন পড়তেন আর সূত্র মেলাতেন। তাদের হাতে পিস্তলের ব্যবহার ছিল কম, প্লেন থেকে লাফ দেওয়ারও দরকার ছিল না। এই ধারা ছিল ব্রিটিশ ক্লাসিক্যাল ডিটেকটিভ ঐতিহ্যের উত্তরসূরি—শার্লক হোমস কিংবা আগাথা ক্রিস্টির পোয়ারোর ধরনের, যেখানে গোয়েন্দা মানেই ছিল মস্তিষ্কের খেলা। ঢাকায় কিংবা কলকাতায় গোয়েন্দা মানেই ছিল ধুতি-পাঞ্জাবি পরা, চায়ের কাপ হাতে রহস্য ভেদ করা মানুষ।
বাংলাদেশের প্রসঙ্গে মোহাম্মদ নাজিম উদ্দিন আবু ইসহাকের 'জাল' উপন্যাসটিকে বাংলাদেশি কোনো লেখকের লেখা প্রথম উল্লেখযোগ্য গোয়েন্দা উপন্যাস হিসেবে উল্লেখ করেন। পরে কাজী আনোয়ার হোসেন, রকিব হাসান, হুমায়ূন আহমেদ ও জাফর ইকবালও এই ধারাকে সমৃদ্ধ করেছেন বলে তিনি জানান।
বড় পরিবর্তনটি আসে ১৯৬০-এর দশকে, ইয়ান ফ্লেমিংয়ের হাত ধরে। কোড নেম ০০৭—জেমস বন্ডকে সিনেমার পর্দায় আনার পর তাকে নিয়ে কৌতূহল আরও বাড়ে। বন্ড মানেই অ্যাকশন, গ্যাজেট, বিদেশি লোকেশন আর বিশ্বকে বাঁচানোর মিশন। এরপর থেকে গোয়েন্দা আর শুধু বুদ্ধিমান থাকলেন না, হয়ে উঠলেন অ্যাকশন হিরো। সেই ঢেউ এসে লাগে বাংলা সাহিত্যেও।
বাংলাদেশে ১৯৬৬ সালে পেপারব্যাক আকারে স্পাই থ্রিলার 'ধ্বংস পাহাড়' নিয়ে আসেন কাজী আনোয়ার হোসেন। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির মূল চরিত্র ছিল কাউন্টার ইন্টেলিজেন্সের এজেন্ট মাসুদ রানা, আর সিরিজটি পরবর্তীতে মাসুদ রানা নামেই বিখ্যাত হয়। বন্ডের যেমন বস 'এম', রানার তেমন বস মেজর জেনারেল রাহাত খান; বন্ডের যেমন 'কিউ', রানার তেমন সোহেল ও সোহানা।
মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেনের চাচাতো ভাই কাজী রওনক হোসেন বলেন, মাসুদ রানা চরিত্রটি জেমস বন্ডের দ্বারা প্রভাবিত হলেও হুবহু নকল নয়। তাঁর ভাষায়, 'জেমস বন্ডের প্রচ্ছন্ন একটা প্রভাব মাসুদ রানা রচনার সময় অবশ্যই ছিল। কারণ, ওটাই উদ্বুদ্ধ করে। কিন্তু মাসুদ রানা যখন শুরু হয়ে গেল তখন কিন্তু আমাদের রানার ভেতরে আরও অনেক কিছুই বেশি যুক্ত হয়।'
পার্থক্যটা চরিত্রের পরিচয়েও ছিল। বন্ড ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি, আর রানা ছিলেন শুরুতে সদ্য স্বাধীন হতে যাওয়া এবং পরে স্বাধীন বাংলাদেশের প্রতিনিধি। অর্থাৎ থ্রিলারের ধরনটা একই রেখে মৌলিক গল্পের ভেতরে পুরোপুরি একটি বাঙালি চরিত্র হিসেবেই মাসুদ রানাকে তুলে ধরা হয়েছিল বলে মত কাজী রওনক হোসেনের।
বাংলাদেশে আশি ও নব্বইয়ের দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল মাসুদ রানা। আন্তর্জাতিক চক্রান্ত রুখে দেওয়া, জাতীয়তাবাদী উত্তেজনা আর অ্যাকশনের মিশেল চরিত্রটিকে কোটি পাঠকের নায়ক বানিয়েছিল। বর্তমানে ঢাকায় আইনজীবী হিসেবে কর্মরত পাঠক বিদ্যুৎ বিশ্বাস বলেন, একটা প্রজন্মের পড়ার অভ্যাস তৈরি হয়েছিল মাসুদ রানা সিরিজ দিয়েই। তাঁর ভাষায়, মোবাইল-ইন্টারনেট ছিল না, বাংলাদেশ টেলিভিশনে শুক্রবারের নাটক-সিনেমাই ছিল বিনোদনের মাধ্যম, আর নামিদামি লেখকের বইও সহজলভ্য ছিল না; ফলে রোমাঞ্চে ভরা মাসুদ রানাই হয়ে উঠেছিল বিনোদনের অন্যতম মাধ্যম। ছোট আকার, কম দাম আর দ্রুত পড়া যায় বলে স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী টিফিনের টাকা বাঁচিয়েও মাসুদ রানা কিনত বলে জানান তিনি।
জেমস বন্ড বাংলা স্পাই থ্রিলারে কয়েকটি বিষয় স্থায়ী করে দিয়েছিল। বাংলা গোয়েন্দা গল্প গ্রাম বা শহরের খুন থেকে বেরিয়ে চলে যায় ব্যাংকক, হংকং, কায়রো, লন্ডন ও নিউইয়র্কে—বাংলাদেশি পাঠক প্রথমবার বিদেশের মাটিতে বাংলাদেশি নায়ককে লড়তে দেখে। গল্পে আসে গ্যাজেট, প্রযুক্তি আর সিনেমাটিক অ্যাকশন—লেজার ঘড়ি, বিস্ফোরক কলম, পানির নিচে যুদ্ধ। এই ধারার জনপ্রিয়তার কারণে শুধু মাসুদ রানাই নয়, কুয়াশা, তিন গোয়েন্দা ও ওয়েস্টার্নের মতো আরও অনেক সিরিজ বের হয়।
তবে সময়ের সঙ্গে প্রভাবের উৎসও বদলেছে। মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, মাসুদ রানার ক্ষেত্রে জেমস বন্ডের প্রভাব থাকলেও পরে বাংলাদেশে মৌলিক থ্রিলার লেখার যে প্রবণতা তৈরি হয়েছে, সেটা বিশ্বের থ্রিলার ঘরানার অন্যান্য অনুবাদ বই থেকেও এসেছে। ধীরে ধীরে রাজনৈতিক থ্রিলারের আরেকটি ধারাও তৈরি হয়, যেখানে পাকিস্তান আমল, মুক্তিযুদ্ধ, গুম ও রাজনৈতিক হত্যা হয়ে ওঠে মূল বিষয়—সেখানে বন্ডের গ্ল্যামার ছিল না, কিন্তু অ্যাকশন ছিল।
সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বলেন, শুরুর দিকে পেপারব্যাক গল্পের মতো করে মাসুদ রানা চরিত্রের আবির্ভাব ঘটে, যেখানে জেমস বন্ডের প্রভাব ছিল। কিন্তু পরবর্তীতে অনেক বাংলা স্পাই থ্রিলার মৌলিক গল্প হিসেবেই জায়গা করে নিয়েছে, আর বিদেশি স্পাই থ্রিলারের অনুবাদও বাংলা থ্রিলারের জগতে ব্যাপক হারে প্রবেশ করেছে।
সমালোচনাও আছে এই ধারা নিয়ে। লেখক, প্রকাশক ও সাহিত্য সমালোচকদের অনেকের মতে, এই ধারার লেখাগুলো দীর্ঘদিন একই ফর্মুলায় আটকে ছিল; ফলে এসব লেখায় বাংলাদেশের বাস্তবতা, আমলাতন্ত্র, রাজনীতি ও সমাজের জটিলতা খুব কমই উঠে এসেছে। মোহাম্মদ নাজিম উদ্দিনের মতে, পাশ্চাত্যের ছাঁচে লিখতে গিয়ে বাংলা থ্রিলার অনেক সময় বাস্তবতা থেকে দূরে সরে গেছে, আর বাংলাদেশি পাঠকদের চাহিদা মিটত কলকাতার বই পড়ে। তবে এখন বাংলাদেশে গোয়েন্দা ও থ্রিলার ঘরানার মৌলিক গল্প নিয়ে ধারাবাহিক কাজ হচ্ছে বলে দাবি তাঁর; সম্প্রতি কলকাতা থেকেও বাংলাদেশের প্রায় ৫০ থেকে ৬০ জন লেখকের বই প্রকাশ হয়েছে বলে তিনি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর অবশ্য মনে করেন, বাংলা সাহিত্যে গোয়েন্দা বা থ্রিলার ধারায় অনুকরণ বা অনুবাদের চেয়ে মৌলিক বই-ই বেশি প্রকাশিত হয়েছে। তাঁর মতে, থ্রিলার ও গোয়েন্দা কাহিনির কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, ফলে পুরো বিশ্বসাহিত্য জুড়েই এই ধারায় মিল পাওয়া যাবে।



