বগুড়ায় শুটিং চলাকালে অসুস্থ হয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান

মারা গেছেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।
বগুড়ায় মোহাম্মদ ইকবালের ‘নসীব’ সিনেমার শুটিং করছিলেন সোহেল খান। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘একসঙ্গে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। সিনেমার নাম “নসীব”। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো।’
জয়ের বর্ণনা অনুযায়ী, প্রোডাকশন বয় ওপরে উঠে এলে রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়েন সোহেল খান। তাঁর মুখ থেকে রক্ত বের হয়। উপস্থিত ব্যক্তিরা প্রথমে ভেবেছিলেন, কিছুক্ষণ আগে খাওয়া ড্রাগন ফলের প্রতিক্রিয়া হতে পারে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফেসবুক পোস্টে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’



