…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগারের ওপর জোর পরিবেশমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

ফসল তোলার পর ক্ষতি কমাতে এবং ফল ও সবজির গুণমান ধরে রাখতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, হিমাগারের সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন যুক্ত করা গেলে কৃষকেরা উৎপাদিত পণ্যের বেশি অংশ বাজারজাত করতে পারবেন এবং এতে তাদের আয় বাড়ার সুযোগ তৈরি হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জীবিকায় কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি ফসল তোলার পর তা সংরক্ষণ করাও কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। উচ্চ তাপমাত্রা, পর্যাপ্ত হিমাগারের অভাব ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে অনেক সময় কৃষিপণ্য বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়।

রাজশাহীর একটি কৃষি খামারে পরীক্ষামূলকভাবে স্থাপিত হিমাগারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের আবহাওয়া, চাষাবাদ পদ্ধতি ও বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি বিবেচনায় নিয়ে হিমাগারটি তৈরি করা হয়েছে। এই প্রদর্শনীর অভিজ্ঞতা গ্রামীণ এলাকায় হিমাগার আরও নির্ভরযোগ্য করতে সৌরবিদ্যুৎ ও তাপ সঞ্চয় প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যায়, তা নির্ধারণে সহায়তা করবে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, সম্ভাব্যতা সমীক্ষা ও রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফল ও সবজি দ্রুত ঠান্ডা করা, হিমাগারে সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন এবং ডিজিটাল পদ্ধতিতে তাপমাত্রা পর্যবেক্ষণকে একটি ব্যবস্থায় যুক্ত করা যেতে পারে। এতে স্থানীয় পর্যায়ে কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি জলবায়ু-সহনশীল ও কম কার্বন নিঃসরণকারী কৃষিব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে কোরিয়া ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কাইটেক)। এতে আর্থিক সহায়তা দিয়েছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং জাতিসংঘের জলবায়ু প্রযুক্তি কেন্দ্র ও নেটওয়ার্ক (সিটিসিএন)।

রাজশাহীতে পরীক্ষামূলকভাবে স্থাপিত সৌরবিদ্যুৎচালিত হিমাগারের ভেতরের তাপমাত্রা স্থিতিশীল রাখতে নিম্ন তাপমাত্রায় সুপ্ত তাপ সঞ্চয়কারী উপাদান (এলএইচএম) ব্যবহার করা হয়েছে। প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

মন্ত্রী প্রকল্পের সঙ্গে সংযুক্ত ইউএনইপি, সিটিসিএন, কাইটেক, স্থানীয় অংশীদার, কৃষক ও বিশেষজ্ঞদের ধন্যবাদ জানান। দেশের আরও কৃষিপ্রধান এলাকায় এই প্রযুক্তি পৌঁছে দিতে দক্ষিণ কোরিয়া ও সিটিসিএনের সঙ্গে কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানান তিনি।

সমাপনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার, কাইটেকের প্রধান গবেষক ও প্রকল্পপ্রধান ড. কিম জং ইয়ল, দক্ষিণ কোরিয়ার ইএসটি কোম্পানি লিমিটেডের পরিচালক ইয়ংজিন শিন এবং বিশেষজ্ঞ ড. ইনহান কিম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, গবেষণা প্রতিষ্ঠান, স্থানীয় প্রকল্প অংশীদার, এনজিও এবং কৃষি ও পরিবহন খাতের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

সমুদ্রঘেরা মালদ্বীপে প্রথমবার মিলল বিরল পাহাড়ি পাখি রুফাস-টেইলড রক থ্রাশ

চারদিকে নীল সমুদ্র, প্রবালদ্বীপ আর সমতল ভূমির দেশ মালদ্বীপে এবার দেখা মিলেছে বিরল এক পাহাড়ি পাখির। ‘রুফাস-টেইলড রক থ্রাশ’ নামের এই পাখি দেশটিতে প্রথম…

ঢাকায় এক দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমল ৩ ডিগ্রি, তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫
আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় এক দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমল ৩ ডিগ্রি, তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ…

কংক্রিটের ঢাকায় ২০৮ একরজুড়ে টিকে থাকা বন: মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ১ হাজার ৪২ প্রজাতির গাছ
আবহাওয়া ও পরিবেশ

কংক্রিটের ঢাকায় ২০৮ একরজুড়ে টিকে থাকা বন: মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ১ হাজার ৪২ প্রজাতির গাছ

চারদিকে গাছ আর গাছ, কোথাও বিশাল বৃক্ষের ছায়া আর জলাশয়, কোথাও নানা রঙের ফুল—অথচ জায়গাটি রাজধানী ঢাকার মিরপুরে। কংক্রিটের নগরীতে জাতীয় উদ্ভিদ উদ্যান…

সারাদেশে তাপমাত্রা আরও সামান্য কমতে পারে, পঞ্চগড়ে নেমেছে ১৩.৬ ডিগ্রিতে
আবহাওয়া ও পরিবেশ

সারাদেশে তাপমাত্রা আরও সামান্য কমতে পারে, পঞ্চগড়ে নেমেছে ১৩.৬ ডিগ্রিতে

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস…