মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা পেলেন না বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বাংলাদেশ সময় আজ ২৫ নভেম্বর সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয়েছে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নিয়েছেন ১১৬ জন প্রতিযোগী। তাঁদের মধ্য থেকে কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে সেরা ৩০ জনের নাম। সেই তালিকায় বাংলাদেশের প্রতিনিধির নাম নেই।
এবার দর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত তিনি সেই অবস্থান ধরে রাখতে পারেননি।
দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।
দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে বাছাই করা হয়েছে সেমিফাইনালের বাকি প্রতিযোগীদের।
সেরা ৩০ প্রতিযোগী এবার অংশ নেবেন সুইমস্যুট পর্বে। সেখান থেকে বাছাই করা হবে সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মধ্য দিয়ে নির্ধারিত হবেন এবারের মিস ইউনিভার্স।
সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় এখানেই শেষ হলো সামিরা খান মাহির এবারের মিস ইউনিভার্স যাত্রা।



