জ্বালানি সম্পদের মালিকানা জনগণের, সিদ্ধান্ত গ্রহণেও অংশগ্রহণ চান তরুণ শিক্ষার্থীরা
জ্বালানি সম্পদের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা এবং জ্বালানি খাতের সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জ্বালানি রূপান্তরে জনগণের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ এবং এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ক্যাব ও বিশ্ববিদ্যালয়টির যৌথ উদ্যোগে আয়োজিত ‘তরুণদের ভাবনা: ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার’ শীর্ষক আলোচনায় এসব কথা উঠে আসে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম. শামসুল আলম। সঞ্চালনা করেন ক্যাবের গবেষণা সমন্বয়ক শুভ কিবরিয়া।
আলোচনায় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জ্বালানি সম্পদের ওপর জনগণের মালিকানা, জ্বালানি দারিদ্র্য, প্রযুক্তির ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে অযৌক্তিক ব্যয় এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যকারিতা নিয়ে মতামত ও প্রশ্ন তুলে ধরেন।
আলোচক হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাদমান সাকিব খান সামি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী আর রাফি সিরাজি অন্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাফসা রশিদ, মেহতাহুল জান্নাত স্নেহা ও ফারহানা আখতার সানজিদা।
আলোচনার শুরুতে জ্বালানি সম্পদের প্রকৃত মালিকানা রাষ্ট্র, সরকার নাকি জনগণের—সে প্রশ্ন ওঠে। বক্তারা বলেন, জনগণের মালিকানা ও স্বত্বাধিকার প্রতিষ্ঠিত না হলে জ্বালানি সম্পদ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ, সম্পদের সুফল বণ্টন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করা কঠিন। এ জন্য জ্বালানি সম্পদ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ এবং সম্পদের সুফল ভোগের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা।
জ্বালানি দারিদ্র্যের প্রসঙ্গে বক্তারা বলেন, শুধু বিদ্যুতের সংযোগ থাকলেই একজন নাগরিকের জ্বালানির চাহিদা পূরণ হয় না। বিদ্যুতের দাম, মানুষের ক্রয়ক্ষমতা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং প্রয়োজন অনুযায়ী জ্বালানি ব্যবহারের সক্ষমতাও জ্বালানি দারিদ্র্য নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক। তাই জ্বালানি রূপান্তরের সুফল সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছানো জরুরি। অন্যথায় এই রূপান্তর নতুন বৈষম্য তৈরি করতে পারে। ক্যাব বলছে, জনগণের অংশগ্রহণ ও ভোক্তার স্বার্থ নিশ্চিত করা না গেলে জ্বালানি রূপান্তর নতুন করে সামাজিক বৈষম্য ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে পারে।
এ ছাড়া বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) স্বাধীনতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন আলোচকরা। বিদ্যুৎ ও জ্বালানির মূল্য নির্ধারণে ভোক্তার স্বার্থ সুরক্ষা এবং গণশুনানিকে কার্যকর করতে প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্ব দেন তারা।
অনুষ্ঠানে অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণের অধিকার কেবল ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রশ্ন করা, মতামত প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখাও নাগরিক অধিকারের অংশ। জ্বালানি খাতের অনিয়ম, অস্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি তুলে ধরে তিনি বলেন, এসব সমস্যা চিহ্নিত ও সমাধানে শুধু বিশেষজ্ঞদের ওপর নির্ভর করলে চলবে না। শিক্ষার্থী ও তরুণদেরও সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব নিতে হবে।
তরুণদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে শামসুল আলম বলেন, ‘এখন আর রক্ত দিতে হবে না, এখন শুধু নলেজ দিলেই হবে।’ তাঁর মতে, জ্ঞান, যুক্তি, সাহস ও সংগঠিত নাগরিক উদ্যোগের মাধ্যমে তরুণরা জ্বালানি খাতে ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্রের নীতিগত পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা জ্বালানি সম্পদের ওপর জনগণের মালিকানা, জ্বালানি দারিদ্র্য দূরীকরণ, প্রযুক্তির সুফলের সুষম বণ্টন এবং অতিরিক্ত ব্যয় ও নিশ্চিত মুনাফার কারণে রাষ্ট্র ও ভোক্তার ওপর সৃষ্ট অর্থনৈতিক চাপ নিয়ে মতামত তুলে ধরেন।
ক্যাব মনে করে, জ্বালানি রূপান্তরের কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানুষ ও জনস্বার্থ। নীতিনির্ধারণে ভোক্তা ও তরুণ সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়েই একটি সাশ্রয়ী, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়সংগত জ্বালানি ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।




