চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪-এর একটি কক্ষে এক শিক্ষার্থীকে আটকে রেখে বড় মাকড়সা ছেড়ে দিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তিন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। গত সোমবার (২৩ নভেম্বর) রাতে ঘটা এই ঘটনায় আতঙ্কিত হয়ে ভুক্তভোগী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত তিনজন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী — মার্কেটিং বিভাগের মোনালিসা মিতা নূর, পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি এবং হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, সোমবার রাত ১০টার দিকে মোনালিসা মিতা নূর তাঁকে একটি কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে তাহরিমা আক্তার ওমি ও সামিয়া আগে থেকেই উপস্থিত ছিলেন। পরে কক্ষের দরজা বন্ধ করে তাঁর সামনে আগে থেকে আটকে রাখা একটি বড় মাকড়সা ছেড়ে দেওয়া হয়, যদিও অভিযুক্তরা জানতেন মাকড়সার প্রতি তাঁর ভীতি রয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমার মাকড়সার ফোবিয়া আছে, এটা তাঁরা জানেন। তাঁদের আচরণ দেখে আমি ধারণা করেছিলাম, এমন কিছু হতে পারে। তাই বারবার জিজ্ঞেস করলেও তাঁরা বিষয়টি অস্বীকার করেন। পরে আমাকে কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন। সেখানে তাহরিমা আপু ও সামিয়া আপু আগে থেকেই অপেক্ষা করছিলেন। তাঁরা আমার সামনে আগে থেকে আটকে রাখা বড় একটি মাকড়সা ছেড়ে দেন।’
তিনি আরও বলেন, ভয়ে তিনি চিৎকার ও কান্নাকাটি করতে থাকেন, আর অভিযুক্তরা বিষয়টি নিয়ে হাসি-ঠাট্টা ও টিটকারিমূলক কথা বলতে থাকেন। একপর্যায়ে তিনি সবাইকে পাশ কাটিয়ে কক্ষ থেকে বের হয়ে যান। এরপর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং চারবার বমি করেন। পরে রুমমেটরা তাঁকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান।
ভুক্তভোগী জানান, চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ওষুধ দিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে ‘মরে গেলেই ভালো হতো’—এ ধরনের মন্তব্য করার অভিযোগও করেছেন তিনি। হলে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন ওই শিক্ষার্থী।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোনালিসা মিতা নূর বলেন, ‘আমরা প্রক্টর স্যারের সঙ্গে কথা বলেছি। যে প্র্যাঙ্কটি করেছি, সেটি আমি ও আমার বন্ধু সামি করেছি। আমরা জানতাম, সে ভয় পায়। তাই বিষয়টি নিছক মজা করার জন্যই করেছি।’ অন্য অভিযুক্ত তাহরিমা আক্তার ওমি বলেন, ‘সরি, এ ব্যাপারে আমি ইনভলভ না।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, বিষয়টি নিয়ে আজ সকালে ওই হলে দুই পক্ষ বসেছে। অভিযুক্ত শিক্ষার্থীরা ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছেন এবং উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি সমাধান হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।




