…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

উপাচার্য নিয়ে অচলাবস্থায় চুয়েটে জমেছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার বকেয়া, বন্ধ কেনাকাটা-নিয়োগ-পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক
উপাচার্য নিয়ে অচলাবস্থায় চুয়েটে জমেছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার বকেয়া, বন্ধ কেনাকাটা-নিয়োগ-পদোন্নতি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে অচলাবস্থার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে। যানবাহনের জ্বালানি, আনসার সদস্যদের বেতন এবং বিদ্যুৎ-গ্যাস বিলসহ বিভিন্ন খাতে জমেছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার বকেয়া।

উপাচার্য ক্যাম্পাসে না থাকায় আটকে আছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত ও আর্থিক ছাড়। বকেয়া পরিশোধ করতে না পারলে জ্বালানি সরবরাহ বন্ধসহ সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র জানায়, চুয়েটের যানবাহনে সরবরাহ করা জ্বালানি তেলের তিন মাসের বকেয়া হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। আনসার সদস্যদের দুই মাসের বেতন বকেয়া পড়েছে ২০ লাখ টাকার মতো। তিন মাসের বিদ্যুৎ ও গ্যাসের বকেয়া আরও ১ কোটি ৬০ লাখ টাকা।

জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ইস্ট অ্যান্ড অটোমোবাইলস এক সপ্তাহ আগে চুয়েটের যানবাহন অধিদপ্তরকে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের বকেয়া ৪০ লাখ ৭০ হাজার টাকা পরিশোধে সাত দিনের আলটিমেটাম দিয়েছে। এর সঙ্গে নভেম্বরের বকেয়া যোগ হলে তা ৫০ লাখ ছাড়িয়ে যাবে। নভেম্বরের মধ্যে এই টাকা পরিশোধ না করলে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি যানবাহন অধিদপ্তরের পক্ষ থেকে ১৯ নভেম্বর চুয়েট শিক্ষক সমিতি এবং কর্মকর্তা ও কর্মচারী সমিতিকে লিখিতভাবে জানানো হয়েছে। যানবাহন অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক সম্পদ ঘোষ জানান, যানবাহনের বকেয়ার বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে।

আনসার সদস্যদের বেতন বকেয়া ২০ লাখ এবং বিদ্যুৎ ও গ্যাসের ১ কোটি ৬০ লাখ টাকার বিষয়ে চুয়েট প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মো. তারেকুল আলম জানান, এসব বকেয়া দ্রুত পরিশোধ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

এ ছাড়া উপাচার্য ক্যাম্পাসে না থাকায় ভর্তি পরীক্ষার আয়োজন ও বিজ্ঞাপন প্রকাশ করা যাচ্ছে না। অস্থায়ী ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের বেতন বন্ধ রয়েছে। বরাদ্দ না থাকায় উন্নয়ন প্রকল্প ও নতুন প্রকল্প বন্ধ, নতুন নিয়োগ ও পদোন্নতি, ছুটি, বিদেশে গমনের ছাড়পত্র, বিভিন্ন প্রকাশনা, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ, নিয়মিত সভা, সেমিনার এবং খেলাধুলা ও সামাজিক-সাংস্কৃতিক কাজ বন্ধ রয়েছে।

প্রধান প্রশাসনিক ভবনে তালা দেওয়া থাকায় উপাচার্য অফিস, রেজিস্ট্রার অফিস এবং কন্ট্রোলার অফিসের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। কেনাকাটা ও টেন্ডারের প্রক্রিয়া এবং মূল সনদ উত্তোলনও বন্ধ রয়েছে উপাচার্য নিয়োগ জটিলতার কারণে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা সম্পর্কে উপাচার্য শেখ শরীফুল আলম বলেন, ‘অবস্থা আগে যেমন ছিল, এখনো তেমনই আছে। ই-মেইলে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত দিচ্ছি। শিক্ষকেরা কথা বলছেন।’ এই অবস্থার শেষ কোথায়—জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সবচেয়ে ভালো বলতে পারবেন মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দায়িত্বপ্রাপ্তরা।’

তথ্যমতে, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় শরীফুল আলমকে। এর আগে দায়িত্বে ছিলেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। মাত্র ৫৬ দিনের মাথায় তাঁকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত ঘিরে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দানা বাঁধে। নতুন উপাচার্যের নিয়োগ প্রত্যাখ্যান করে ২২ সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করা। একপর্যায়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও আন্দোলনে যুক্ত হন।

আন্দোলনের একপর্যায়ে ১২ অক্টোবর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নতুন উপাচার্য। পরে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। পরদিন জেলা প্রশাসক ও পুলিশ সুপার গিয়ে তাঁকে উদ্ধার করেন। দীর্ঘ অচলাবস্থার পর ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে শুরু করেন। একই সময়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ছয় সদস্যের একটি পরামর্শক কমিটি ক্যাম্পাসে বৈঠক করে সংকট নিরসনের উদ্যোগ নেয়। কিন্তু উপাচার্যের নিয়োগ নিয়ে বিরোধের কোনো দৃশ্যমান সমাধান হয়নি।

পরামর্শক কমিটির সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, ‘একটি ডেভেলপমেন্ট আছে।’ তবে কী ডেভেলপমেন্ট, তা তিনি পরিষ্কার করেননি।

তথ্যানুসন্ধানে জানা গেছে, প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা ও দায়দেনা পরিশোধে উপাচার্যের অনুমতির প্রয়োজন। উপাচার্য ক্যাম্পাসের বাইরে থাকায় এ ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় বকেয়া পরিশোধ নিয়ে চুয়েট ভয়াবহ অবস্থার মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা
শিক্ষা

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪-এর একটি কক্ষে এক শিক্ষার্থীকে আটকে রেখে বড় মাকড়সা ছেড়ে দিয়ে ভয় দেখানোর অভি…

চুয়েটে উপাচার্যের পদত্যাগের দাবিতে ভোররাতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্যাম্পাসে অর্ধদিবস ঘোষণা
শিক্ষা

চুয়েটে উপাচার্যের পদত্যাগের দাবিতে ভোররাতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্যাম্পাসে অর্ধদিবস ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলমের পদত্যাগের দাবিতে আবার বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গ…

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি
শিক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) একটি শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ে প্রথম বর্ষের শিক্ষার্থী তাসলিমা তাপসি আহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দি…

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের
শিক্ষা

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি কিংবা জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে…