যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১ হাজার ৯০৮ কোটি টাকা
সরকার থেকে সরকার (জি টু জি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় নির্ধারিত হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে জি টু জি প্রক্রিয়ায় আমদানি করা এই গমের দাম পড়বে প্রতি মেট্রিক টন ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। সে হিসাবে প্রতি কেজি গমের মূল্য দাঁড়াবে ৪৩ টাকা ৩৮ পয়সা।
নির্ধারিত ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টনের পাশাপাশি প্রয়োজন হলে আরও ১০ শতাংশ গম আমদানির সুযোগ রাখা হয়েছে।
গম সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানের কাছ থেকেই প্রতি মেট্রিক টন ৩৪৭ দশমিক ৭৫ ডলার দরে গম কেনা হবে।
একই বৈঠকে খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অধীনে ৫৩০ কোটি টাকার বেশি ব্যয়ে একটি নির্মাণকাজের প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের আলোকে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২)’-এর আওতায় এই নির্মাণকাজ করা হবে। কাজটির মূল চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩০ কোটি ২৪ লাখ ২৪ হাজার ৩৬৫ টাকা ৮০ পয়সা।
এই কাজের জন্য চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ফার্স্ট মেটালার্জিক্যাল গ্রুপ কোম্পানি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
প্রকল্পের অধীনে পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ, ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (ডিএমএ) প্রতিষ্ঠা ও মিটারসহ গ্রাহক সংযোগ স্থাপনের কাজ করা হবে। পাশাপাশি খুলনা ওয়াসার বিদ্যমান এলাকায় ৬৩টি ডিএমএর সংস্কারকাজও করা হবে।
নির্মাণকাজ শেষ হওয়ার পর দুই বছর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও ঠিকাদারি প্রতিষ্ঠানটিই পালন করবে।


