…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

নতুন কোম্পানি আইনের খসড়া: বড় গ্রুপকে সম্মিলিত আর্থিক হিসাব প্রকাশ করতে হবে

নিজস্ব প্রতিবেদক
নতুন কোম্পানি আইনের খসড়া: বড় গ্রুপকে সম্মিলিত আর্থিক হিসাব প্রকাশ করতে হবে
ছবি: সংগৃহীত

দেশের বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোর একাধিক কোম্পানি থাকলেও পুরো গ্রুপের আর্থিক অবস্থা একসঙ্গে জানার সুযোগ সীমিত। নতুন কোম্পানি আইনের খসড়ায় মূল কোম্পানি ও সহযোগী কোম্পানিগুলোর সম্মিলিত হিসাব প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এতে গ্রুপের অভ্যন্তরীণ ঋণ, গ্যারান্টি ও জামানতের তথ্যও প্রকাশ করতে হবে।

বিদ্যমান কোম্পানি আইন, ১৯৯৪ পরিবর্তন করে সরকার এখন নতুন কোম্পানি আইন করতে যাচ্ছে। মতামতের জন্য নতুন আইনের খসড়াটি বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় গত সোমবার। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এই খসড়ার ওপর মতামত দিতে অংশীজনদের অনুরোধ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বড় ব্যবসায়ী গ্রুপগুলো অনেক সময় একাধিক কোম্পানির মাধ্যমে ব্যবসা পরিচালনা করে। কোনো কোম্পানি উৎপাদন করে, কোনোটি পণ্য আমদানি করে, আবার অন্য কোনো প্রতিষ্ঠান বিপণন বা বিনিয়োগের কাজ করে। এসব কোম্পানির মালিকানা ও আর্থিক লেনদেনের মধ্যে যোগসূত্র থাকলেও প্রতিটি প্রতিষ্ঠানের হিসাব আলাদাভাবে প্রকাশিত হয়। ফলে পুরো গ্রুপের সম্পদ, দায়, ঋণ ও আর্থিক ঝুঁকি সম্পর্কে এক জায়গা থেকে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া সরকারের পক্ষে কঠিন।

এই সীমাবদ্ধতা দূর করতেই নতুন কোম্পানি আইনের খসড়ায় মূল কোম্পানিকে সহযোগী কোম্পানিসহ সম্মিলিত হিসাব বিবরণী তৈরির প্রস্তাব করা হয়েছে। আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) ও আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) অনুসারে এই হিসাব প্রস্তুত করতে হবে। তবে নির্ধারিত শর্তে কিছু কোম্পানিকে এই বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়ার সুযোগের কথাও বলা হয়েছে।

খসড়ায় আরও বলা হয়েছে, প্রতিবেদনে পুরো গ্রুপের কাঠামো তুলে ধরতে হবে। সেখানে মূল কোম্পানি, সহযোগী কোম্পানি, সহযোগী প্রতিষ্ঠান ও যৌথ উদ্যোগের তথ্য আর এসব প্রতিষ্ঠানে মালিকানার অনুপাত জানাতে হবে। একই সঙ্গে গ্রুপের এক কোম্পানির সঙ্গে অন্য কোম্পানির শেয়ার ধারণের সম্পর্কও প্রকাশ করতে হবে।

প্রস্তাব অনুযায়ী, এক কোম্পানি অন্য কোম্পানিকে কত ঋণ দিয়েছে, কার পক্ষে গ্যারান্টি দিয়েছে ও কোথায় জামানত রেখেছে—এসব তথ্য পরিচালকদের প্রতিবেদনে থাকতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় আশা করছে, এতে একই ব্যবসায়ী গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অর্থের প্রবাহ ও দায়বদ্ধতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এক কোম্পানির শেয়ার অন্য কোম্পানির হাতে রেখে ভোটাধিকার বা নিয়ন্ত্রণ কৃত্রিমভাবে বাড়ানোর সুযোগ বন্ধ করার কথাও বলা হয়েছে খসড়ায়। তবে ট্রাস্টি হিসেবে রাখা শেয়ার এবং নতুন বিধান কার্যকর হওয়ার আগে থেকে থাকা কিছু শেয়ারের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ব্যতিক্রম থাকবে। এসব শেয়ার নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি এসব তথ্য ইলেকট্রনিক মাধ্যমে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের (আরজেএসসি) কার্যালয়ে জমা দিতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা জানান, নতুন আইন পাস হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থার জন্য বড় ব্যবসায়ী গ্রুপের প্রকৃত আর্থিক অবস্থা বোঝা সহজ হবে। বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঋণ দেওয়ার আগে একটি কোম্পানির পাশাপাশি পুরো গ্রুপের দায় ও ঝুঁকি বিবেচনার সুযোগ তৈরি হবে। খসড়ায় এসব বিধান লঙ্ঘনের জন্য কোম্পানি ও দায়ী পরিচালক বা কর্মকর্তার অর্থদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক নতুন আইন করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। গতকাল বুধবার তিনি বলেন, ‘খসড়ায় যা যা আছে, তা নিয়ে ব্যবসায়ী শ্রেণির বড় ধরনের দ্বিমত নেই বলে জানি। খসড়া চূড়ান্ত হওয়ার পর বাকিটা বোঝা যাবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

সুনীল অর্থনীতির বিকাশে সামুদ্রিক নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ, জোর প্রযুক্তিনির্ভর নজরদারিতে

বঙ্গোপসাগরের বিপুল সামুদ্রিক সম্পদকে কাজে লাগিয়ে সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্ব…

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনীতি ও ব্যবসা

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমা…

অর্থনীতি ও ব্যবসা

যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১ হাজার ৯০৮ কোটি টাকা

সরকার থেকে সরকার (জি টু জি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় নির্ধারিত হয়েছে ১ হ…

অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশসহ ১৪ দেশের বাণিজ্য নীতি খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, সেকশন ৩০১-এর আওতায় পর্যালোচনার ঘোষণা ইউএসটিআরের

বাংলাদেশসহ ১৪টি দেশের বাণিজ্য নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব দেশের অর্থনীতিতে শিল্প উৎপাদনে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা এ…