সুনীল অর্থনীতির বিকাশে সামুদ্রিক নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ, জোর প্রযুক্তিনির্ভর নজরদারিতে
বঙ্গোপসাগরের বিপুল সামুদ্রিক সম্পদকে কাজে লাগিয়ে সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত সামুদ্রিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব বাড়ছে। সমুদ্রকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, সম্পদ আহরণ এবং দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষা, সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, সামুদ্রিক নিরাপত্তা শুধু আইনশৃঙ্খলা বজায় রাখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সুনীল অর্থনীতির দীর্ঘমেয়াদি ও টেকসই বিকাশের অন্যতম প্রধান ভিত্তি। কার্যকর নজরদারি, অপরাধ নিয়ন্ত্রণ এবং সামুদ্রিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা গেলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। পাশাপাশি মৎস্যসম্পদ আহরণ, সামুদ্রিক পরিবহন এবং সমুদ্রনির্ভর বিভিন্ন শিল্পের সম্প্রসারণও গতিশীল হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিমরাড) মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমেদ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে বলেন, 'সামুদ্রিক নিরাপত্তা কেবল আইনশৃঙ্খলা রক্ষার বিষয় নয়; বরং সুনীল অর্থনীতির টেকসই বিকাশের অন্যতম মৌলিক পূর্বশর্ত।'
তিনি জানান, সামুদ্রিক এলাকায় অবৈধ মাছ শিকার, দূষণ এবং আন্তঃদেশীয় অপরাধ বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বার্থের জন্য বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। এসব ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে নজরদারি কার্যক্রম সমন্বয়, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং যৌথ অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমে প্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়াতে সামুদ্রিক বিষয়াবলির জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের প্রস্তাবও দিয়েছেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে একটি কার্যকর আন্তঃসংস্থা কমিটি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি।
প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাডার, স্বয়ংক্রিয় জাহাজ শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস), স্যাটেলাইট পর্যবেক্ষণ, ড্রোন এবং গোয়েন্দা তথ্য একসঙ্গে ব্যবহার করে সামুদ্রিক এলাকার সার্বক্ষণিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বা 'মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস' (এমডিএ) বাড়াতে হবে। এর মাধ্যমে সম্ভাব্য হুমকি আগেভাগে শনাক্ত করা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
এ ধরনের আধুনিক প্রযুক্তির ব্যবহার জলদস্যুতা, মাদক ও অস্ত্র চোরাচালান, মানব পাচার এবং অবৈধ মাছ শিকার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতাও বাড়বে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ড্রোন, আধুনিক টহল জাহাজ, উন্নত যোগাযোগব্যবস্থা এবং সমন্বিত সামুদ্রিক নজরদারি প্রযুক্তির ব্যবহার এ বাহিনীর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার নতুন সম্ভাবনা তৈরি করছে। তিনি জানান, দেশের বিস্তৃত উপকূলীয় অঞ্চল, দুর্গম চরাঞ্চল এবং সামুদ্রিক এলাকায় দিন-রাত সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা কোস্ট গার্ডের জন্য বড় চ্যালেঞ্জ।
সাম্প্রতিক সময়ে উপকূলীয় জলসীমা, নদ-নদী এবং সুন্দরবনকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর টেকনাফের নাফ নদী থেকে প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা বাজারমূল্যের চার লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করে কোস্ট গার্ড। এর আগে একই এলাকা থেকে আরও প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ ছাড়া গত ২৩ নভেম্বর 'অপারেশন কোরাল আইল্যান্ড'-এর আওতায় সেন্টমার্টিন দ্বীপের প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অভিযান চালিয়ে ১০১ জন জেলেকে আটক করা হয়। এ সময় পাঁচটি অবৈধ মাছ ধরার ট্রলার, ২৮টি জাল এবং ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। উপকূলীয় বিভিন্ন পথে চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযানে বিদেশি মদ, গাঁজা, সার ও সিমেন্টও জব্দ করেছে কোস্ট গার্ড।
সুন্দরবনে জলদস্যুতা নির্মূলে 'অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন' এবং 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড'-এর আওতায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত এসব অভিযানে ৪৩ জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন দস্যু বাহিনীর ৬৪ সদস্য আত্মসমর্পণ করেছে। অভিযানে ৮২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং দস্যু দলের সদস্যদের কাছ থেকে আরও ৪৮টি আগ্নেয়াস্ত্র জমা নেওয়া হয়েছে। এ সময় জলদস্যুদের হাতে জিম্মি থাকা ৬৩ জন জেলে, দুজন পর্যটক এবং একজন রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে।
এরই অংশ হিসেবে গত ১৭ নভেম্বর সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, বন্দুকের নল, গুলি এবং ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনাময় খাতগুলোর বিকাশ সরাসরি নিরাপদ ও স্থিতিশীল সামুদ্রিক পরিবেশের ওপর নির্ভরশীল। সামুদ্রিক মৎস্যসম্পদ আহরণ, সমুদ্রবন্দর পরিচালনা, নৌপরিবহন, জাহাজ নির্মাণ, সামুদ্রিক পর্যটন এবং সমুদ্রভিত্তিক জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে হলে এসব অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। এ জন্য আধুনিক অফশোর টহল জাহাজ সংগ্রহ, উন্নত রাডার স্থাপন, ড্রোন ও স্যাটেলাইটভিত্তিক নজরদারি সম্প্রসারণের পাশাপাশি দক্ষ জনবল তৈরি এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।


