…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খাদ্য ও খামার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে নয়টায় তিনি অনুষ্ঠানে যোগ দেন।

তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ খাত দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। নিজস্ব উৎপাদনের মাধ্যমে দেশের পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না। এ জন্য প্রয়োজন সদিচ্ছা, সুস্থ পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন।

প্রধানমন্ত্রী বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। গত চার দশকে যেসব দেশ তাদের জনগণের পুষ্টি নিশ্চিত করতে পেরেছে, সেসব দেশের মানুষের শারীরিক সক্ষমতার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক ও অন্যান্য ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

সরকার আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জানিয়ে তারেক রহমান বলেন, এ ক্ষেত্রে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের প্রায় ৬৫ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে।

প্রাণিসম্পদ খাতের বর্তমান অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ খাত এখন শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি দ্রুত বাণিজ্যিক, পুষ্টিনিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

প্রধানমন্ত্রী জানান, দেশের প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে উঠছে। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। এ খাতের উন্নয়নে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় দেশের খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। প্রাণিসম্পদ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাঁদের প্রায় ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। এ ছাড়া প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।

আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ প্রাণিসম্পদ খাতে স্বনির্ভর হওয়ার পাশাপাশি মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, স্বল্প মেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ ও বাচ্চা উৎপাদনে সক্ষম হয়েছে। উর্বর ডিম রপ্তানিও শুরু হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

প্রাণিসম্পদ খাতের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা রোগবালাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে এ সক্ষমতা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।

উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ পালনের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব এলাকায় জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি খামারিদের ব্যবহারের জন্য বন্দোবস্ত দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

প্রাণীর অধিকার ও কল্যাণের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, প্রাণীদের ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখা, অস্বস্তি, ব্যথা ও আঘাত থেকে সুরক্ষা দেওয়া এবং স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে তাদের ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখতে হবে।

পশুপাখির ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় মানুষ অকারণে পশুপাখির ওপর নির্যাতন করে। এ ধরনের আচরণ বন্ধে পরিবার থেকেই শিশু-কিশোরদের প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। প্রাণীদের যত্ন নিতে না পারলেও তাদের যেন কষ্ট দেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজ পণ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশ করাতে খাদ্যনিরাপত্তা এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলতে কাজ করছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্দেশ্য তুলে ধরে তারেক রহমান বলেন, এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের স্বর্ণপদকের সঙ্গে ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদকের সঙ্গে ৩০ হাজার টাকা দেওয়া হয়। পরে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দলীয় ছবিতে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ ছাড়া বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থের বাণী পাঠের মধ্য দিয়ে। পরে প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়ন এবং এ খাতের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজন করেছে। এ উপলক্ষে পুরোনো বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় রয়েছে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন। রাজধানীতে কেন্দ্রীয় মেলার পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন করা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

সুনীল অর্থনীতির বিকাশে সামুদ্রিক নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ, জোর প্রযুক্তিনির্ভর নজরদারিতে

বঙ্গোপসাগরের বিপুল সামুদ্রিক সম্পদকে কাজে লাগিয়ে সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্ব…

নতুন কোম্পানি আইনের খসড়া: বড় গ্রুপকে সম্মিলিত আর্থিক হিসাব প্রকাশ করতে হবে
অর্থনীতি ও ব্যবসা

নতুন কোম্পানি আইনের খসড়া: বড় গ্রুপকে সম্মিলিত আর্থিক হিসাব প্রকাশ করতে হবে

দেশের বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোর একাধিক কোম্পানি থাকলেও পুরো গ্রুপের আর্থিক অবস্থা একসঙ্গে জানার সুযোগ সীমিত। নতুন কোম্পানি আইনের খসড়ায় মূল কোম্পানি …

অর্থনীতি ও ব্যবসা

যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১ হাজার ৯০৮ কোটি টাকা

সরকার থেকে সরকার (জি টু জি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় নির্ধারিত হয়েছে ১ হ…

অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশসহ ১৪ দেশের বাণিজ্য নীতি খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, সেকশন ৩০১-এর আওতায় পর্যালোচনার ঘোষণা ইউএসটিআরের

বাংলাদেশসহ ১৪টি দেশের বাণিজ্য নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব দেশের অর্থনীতিতে শিল্প উৎপাদনে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা এ…