…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রোহিঙ্গা সংকটে জাতীয় ঐকমত্য ও সংসদে বিশেষ অধিবেশনের দাবি, প্রেসক্লাবে এবি পার্টির আলোচনা

নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা সংকটে জাতীয় ঐকমত্য ও সংসদে বিশেষ অধিবেশনের দাবি, প্রেসক্লাবে এবি পার্টির আলোচনা
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্য গড়ে তোলা এবং আন্তর্জাতিক আদালতের রায়কে কাজে লাগাতে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের অন্যতম জাতীয় অগ্রাধিকারের বিষয়। এটি শুধু মানবিক বা শরণার্থী সমস্যা নয়; এর সঙ্গে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতি জড়িত।

জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আয়োজনে ‘আন্তর্জাতিক আদালতের রায় ও রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, রাষ্ট্রের স্থায়ী সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য জরুরি। রোহিঙ্গা সংকট কক্সবাজারের জনজীবন, পরিবেশ ও নিরাপত্তাকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলেছে। গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত ঐতিহাসিক রায় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রায়ের নৈতিক ও আন্তর্জাতিক প্রভাব দেশের স্বার্থে কাজে লাগাতে হবে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গার জীবনযাপন, নিরাপত্তা, মাদক ও অপরাধের বিস্তার দেশের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে টেকনাফ মাদক পাচারের অন্যতম পথ হয়ে উঠেছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ উদ্যোগ নিতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, আন্তর্জাতিক আদালতের রায় রোহিঙ্গা গণহত্যার ঘটনায় মিয়ানমারের দায় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে বিপুলসংখ্যক অন্য দেশের নাগরিককে দীর্ঘ সময় আশ্রয় দিয়ে রাখা বাংলাদেশের জন্য বড় নিরাপত্তা ও কূটনৈতিক চ্যালেঞ্জ।

সাখাওয়াত হোসেন বলেন, রোহিঙ্গা সংকটের সঙ্গে আরাকান আর্মিসহ একাধিক পক্ষ জড়িত। তাই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ও যোগাযোগ বাড়াতে হবে। এ সংকট সমাধানে সরকারকে অবিলম্বে সর্বদলীয় সংলাপের উদ্যোগ নিতে হবে। এটি কোনো দলের একক ইস্যু নয়, বরং বাংলাদেশের জাতীয় অগ্রাধিকারের বিষয়।

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, আন্তর্জাতিক আদালতের রায়কে কাজে লাগাতে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন আহ্বান করা উচিত। একই সঙ্গে এ বিষয়ে জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাতে হবে। মিয়ানমার, চীন ও বাংলাদেশের মধ্যে সমঝোতা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ওআইসি, আসিয়ান ও মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোকেও সংকট সমাধানে এগিয়ে আসতে হবে।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রোহিঙ্গা সংকটকে কেবল শরণার্থী সমস্যা হিসেবে দেখলে চলবে না। এর সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতি গভীরভাবে জড়িত। রাষ্ট্রহীনতার কারণে রোহিঙ্গাদের অস্তিত্ব ও জীবন চরম হুমকির মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে ক্যাম্পে বন্দিশিবিরের মতো পরিবেশে বসবাস করায় তাঁরা ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। এ ছাড়া ক্যাম্পকেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ডও বাড়ছে।

সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক সাকিব আলী বলেন, চীন ও রাশিয়া যাতে সরাসরি মিয়ানমারের পক্ষে অবস্থান না নেয়, সে বিষয়ে বাংলাদেশকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে দেশের অর্থনৈতিক ও কৌশলগত সক্ষমতা বাড়ানো জরুরি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

‘বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকাবেন না’: ঝিনাইদহে আইনমন্ত্রী আসাদুজ্জামানের হুঁশিয়ারি
জাতীয়

‘বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকাবেন না’: ঝিনাইদহে আইনমন্ত্রী আসাদুজ্জামানের হুঁশিয়ারি

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। …

রংপুরে তিন দিনের জেলা ইজতেমা শুরু, শনিবার আখেরি মোনাজাত
জাতীয়

রংপুরে তিন দিনের জেলা ইজতেমা শুরু, শনিবার আখেরি মোনাজাত

রংপুরে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।…

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদীয় জবাবদিহির অভিজ্ঞতা নিয়ে এলেন প্রতিনিধিদল
জাতীয়

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদীয় জবাবদিহির অভিজ্ঞতা নিয়ে এলেন প্রতিনিধিদল

যুক্তরাজ্য সফর শেষে আজ বৃহস্পতিবার ভোরে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। এই সফরে সরকারের জবাবদিহি নিশ্চিতে ব্রিটিশ পার্লা…

জাতীয়

মজুরি বাড়িয়েও থামেনি অসন্তোষ: গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ও ৩৫টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ থামেনি গাজীপুরে। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ২৭ দিন ধরে চলা আন্দোলনের মধ্যে বৃহস্পত…