সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান: এক লাখ টাকা জরিমানা, চিমনি ভেঙে দিল প্রশাসন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটাটির চিমনি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার সলঙ্গা থানার চড়িয়া শিকার দক্ষিণপাড়া এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।
অভিযানে মেসার্স সুফিয়া ব্রিকস নামের ইটভাটাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন। জরিমানা আদায়ের পর ইটভাটাটির চিমনি ভেঙে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। এ সময় প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।
অভিযানে জেলা আনসার সদস্য ও সংশ্লিষ্ট থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।




