দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি আগুন সন্ত্রাস শুরু করেছে: ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলম
দেশকে অস্থিতিশীল করতে চব্বিশের পরাজিত শক্তি আবার আগুন সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ভৈরব পৌরসভার জিল্লুর রহমান পৌর মিলনায়তনের আধুনিকায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চব্বিশের সেই পরাজিত শক্তি গত ১৭ বছরে গুম, খুন, অত্যাচার, জুলুম ও নির্যাতন চালিয়ে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। একইভাবে সেই শক্তি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকেও ভঙ্গুর করে দিয়েছে। এখন দেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য তারা আবার আগুন সন্ত্রাস শুরু করেছে।
তিনি আরও বলেন, এ দেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো নিশ্চয়তা ছিল না। কথা বলার স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না; শুধু একদলীয় শাসন কায়েমের একটি অলিখিত পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
শরীফুল আলম দাবি করেন, সেই পরাজিত শক্তি চব্বিশের আন্দোলনে ১ হাজার ৪০০ ছাত্র ও রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছে এবং হাজার হাজার মানুষকে গুম ও হত্যা করেছে। কিন্তু নয় মাসের মাথায় একবারও শোনা যায়নি যে তারা অনুতপ্ত বা অনুশোচনা করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের চলমান উন্নয়নকে ব্যাহত ও নসাৎ করতেই তারা এসব করছে। তারা আবার দেশটাকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায়।
প্রতিমন্ত্রী বলেন, যেভাবে চব্বিশের আন্দোলনে দেশের ছাত্র ও আলেম সমাজসহ সকল রাজনৈতিক নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে, তেমনি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পরাজিত শক্তির বিরুদ্ধে সকল নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে।
ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।



