লন্ডনগামী ট্রেনে ছুরি হামলা: সাতজনকে হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত অ্যান্থনি উইলিয়ামস

যুক্তরাজ্যে লন্ডনগামী একটি ট্রেনে যাত্রীদের ওপর ছুরি হামলার ঘটনায় ৩৩ বছর বয়সী অ্যান্থনি উইলিয়ামসকে সাতজনকে হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করেছে আদালত। গত বছর ওই ট্রেনে তিনি এলোপাতাড়ি ছুরি চালিয়ে ১০ যাত্রীকে আহত করেছিলেন।
পিটারবরোর বাসিন্দা উইলিয়ামস স্বীকার করেছেন, ২০২৫ সালের ৩১ অক্টোবর ও ১ নভেম্বর—এই দুই দিনে তিনি মোট ১৪ জনকে ছুরিকাঘাত করেন, যাদের মধ্যে ডনকাস্টার থেকে লন্ডনগামী এলএনইআর ট্রেনের ১০ যাত্রী ছিলেন। তবে তিনি ১৪টি হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছিলেন।
কেমব্রিজ ক্রাউন কোর্টে ছয় সপ্তাহের বিচার শেষে জুরি তাঁকে সাতটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। বাকি সাতটি অভিযোগের বিষয়ে জুরির আলোচনা এখনো চলছে।
যে সাতজনকে হত্যাচেষ্টার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁরা হলেন জোনাথন জোশে (২২), সচিন বালাকৃষ্ণন (২৯), ডেভিড প্রেসল্যান্ড (৭৩), স্কট ব্লেচার (৫০), স্কট গ্রিন (২১), স্টিফেন ক্রিন (৬১) ও সামির জিতুনি (৪৮)। তাঁরা সবাই ওই এলএনইআর ট্রেনের যাত্রী ছিলেন; হামলার পর ট্রেনটি গত বছর হান্টিংডনে জরুরি থামানো হয়েছিল।
মনোরোগ বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় উইলিয়ামস সিজোফ্রেনিয়ার কারণে ‘তীব্র মনোবিকারে’ ভুগছিলেন। এর আগে তিনি ১২ জনকে গুরুতর শারীরিক ক্ষতির উদ্দেশ্যে আঘাত করার এবং আরও দুজনকে আঘাতের চেষ্টার কথা স্বীকার করেছেন।
বিচারে আদালতকে জানানো হয়, ২০২৫ সালের ১ নভেম্বর ডনকাস্টার থেকে কিংস ক্রসগামী ট্রেনের যাত্রীরা ‘সহিংসতার ঝড়ের’ মুখে পড়েছিলেন; এতে কয়েকজন গুরুতর আহত হন এবং অনেকে প্রাণভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
জুরিকে আরও জানানো হয়, ট্রেনে হামলার আগের ২৪ ঘণ্টায় উইলিয়ামস পিটারবরোতে তিনজনকে আক্রমণ করেছিলেন এবং ১ নভেম্বর ভোরে লন্ডনের ডকল্যান্ডস লাইট রেলওয়েতে এক ১৭ বছর বয়সী কিশোরকেও আক্রমণ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ক্রিস্টোফার প্যাক্সটন কেসি আদালতকে বলেন, ছুরি হাতে উইলিয়ামস ‘কল্পনাতীত মাত্রায় আতঙ্ক ও ভয় সৃষ্টি করেছিলেন—পালানোর কোনো পথ না থাকা একটি ব্যস্ত ট্রেনে ওঠানামা করে তিনি একের পর এক মানুষকে ছুরিকাঘাত করেন।’
বিচারে কয়েকজন যাত্রীর ‘অসাধারণ সাহসিকতার’ প্রশংসা করা হয়, যাঁরা উইলিয়ামসের কাছ থেকে ছুরি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন; তাঁদের একজন স্টিফেন ক্রিন। জুরিকে জানানো হয়, ক্রিনের মাথার বাঁ পাশের চামড়ায় আঘাতটি মস্তিষ্ক থেকে মাত্র ০ দশমিক ৭৯ সেন্টিমিটার দূরে ছিল।
স্কট গ্রিনও ছুরি ধরতে গিয়ে আহত হন। ট্রেনের ক্রু সদস্য সামির জিতুনি একটি ফ্রাইং প্যান দিয়ে উইলিয়ামসকে থামানোর চেষ্টা করতে গিয়ে কয়েকবার ছুরিকাঘাতের শিকার হন, জুরিকে জানানো হয়।
প্যাক্সটন বলেন, ‘সেই হুমকি আর আসামির নৃশংসতার মুখে কেউ কেউ দৃঢ়ভাবে দাঁড়িয়ে অন্যদের রক্ষা করেছেন—তাঁর হামলা থামানোর চেষ্টা করে, নিজেদের রক্ষা করে এবং অপরিচিতদের বাঁচাতে নিজেদের বিপদে ফেলেছেন।’
আসামিপক্ষের আইনজীবী গিলিয়ান জোন্স কেসি বলেন, উইলিয়ামস ‘তীব্র মনোবিকার পর্বের কবলে’ ছিলেন এবং তিনি ‘হত্যা করতে চাননি, মৃত্যু ঘটানোর ইচ্ছা তাঁর ছিল না’। বিচারে উইলিয়ামস নিজে সাক্ষ্য দেননি।
আসামিপক্ষের নিয়োগ করা মনোরোগ বিশেষজ্ঞ ডা. বার্নার্ড চিন বলেন, উইলিয়ামস ‘প্যারানয়েড নিপীড়নমূলক বিভ্রমে’ ভুগছিলেন—তাঁর ধারণা ছিল, লোকজন তাঁকে ক্ষতি করতে চায় এবং এটি ‘শয়তানের’ সাজানো এক ষড়যন্ত্র।
জোন্স যুক্তি দেন, গণছুরিকাঘাতের সময় উইলিয়ামসের আচরণ—যার মধ্যে ট্রেনের এক যাত্রীকে আক্রমণ করে হেঁটে চলে যাওয়ার ঘটনাও ছিল—প্রমাণ করে তিনি হত্যা করতে চাননি; এটি তাঁর এই বিভ্রমের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ যে তিনি নিজে আক্রমণের শিকার হচ্ছেন।
বিচারপতি জাস্টিস ক্যালভার জুরিকে বৃহস্পতিবার আলোচনা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, বাকি অভিযোগগুলোর ক্ষেত্রে তিনি ১১ বা ১০ জনের সংখ্যাগরিষ্ঠ রায় গ্রহণ করবেন।


