কুয়েতে ইরানের ড্রোন হামলায় ইতালির দুই নাগরিক নিহত, আহত আরও দুজন

ইরানের ড্রোন হামলায় কুয়েতে ইতালির দুই নাগরিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার কুয়েতের সামরিক স্থাপনায় চালানো হামলায় তাঁরা নিহত হন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি এ তথ্য জানিয়েছেন।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান বেশ কয়েকটি ড্রোন দিয়ে কুয়েতের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে একটি হামলা হয়েছে কুয়েতের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ কেন্দ্রে।
সেই কেন্দ্রে রোমভিত্তিক প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটাল ইতালিয়ার কারিগরি বিভাগের দুই কর্মী কাজ করছিলেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কুয়েতের সশস্ত্র বাহিনীর ব্যবহৃত একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ‘শনাক্তকরণ অ্যানটেনা’ রক্ষণাবেক্ষণের কাজে ওই দুই কর্মী কুয়েতে ছিলেন।
তায়ানি বলেন, ‘হামলার ফলে সেখানে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। কুয়েত থেকে পাওয়া খবর অনুযায়ী, দুর্ভাগ্যবশত আমাদের দুই নাগরিক মারা গেছেন।’
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় আরও অন্তত দুজন আহত হয়েছেন। তাঁদের একজন কুয়েতি এবং অন্যজন পাকিস্তানি নাগরিক। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
মন্ত্রণালয় ইতালির দুই নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এ ঘটনায় তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


