সুইডেনে আবার প্রধানমন্ত্রী হওয়ার পথে ক্রিস্টারসন, সোমবার সংসদে ভোট
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন সরকার গঠনের জোট চুক্তির কাছাকাছি পৌঁছেছেন এবং আরেক মেয়াদে সরকারপ্রধান হিসেবে ফিরতে পারেন। আলোচনা সম্পর্কে অবগত তিনজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।
মধ্য-ডানপন্থী এই নেতার দল সেপ্টেম্বরের নির্বাচনে দ্বিতীয় স্থানে ছিল। দলীয় কর্মকর্তা ও কূটনীতিকদের ভাষ্য অনুযায়ী, সরকার গঠনের লক্ষ্যে তিনি আরও তিনটি দলের সঙ্গে একটি রাজনৈতিক কর্মসূচির বিষয়ে চুক্তিতে পৌঁছেছেন।
সুইডেনের সংসদ সোমবার ক্রিস্টারসনের প্রধানমন্ত্রী হিসেবে সম্ভাব্য পুনর্নিয়োগের বিষয়ে ভোট দেবে।
ইউরোপীয় পার্লামেন্টে ইউরোপীয় পিপলস পার্টির ভাইস চেয়ার ও ক্রিস্টারসনের দলীয় সহকর্মী তোমাস তোবে বলেন, ‘ঘণ্টায় ঘণ্টায় আমরা সুইডেনে ইপিপি-নেতৃত্বাধীন সরকারের আরও কাছে যাচ্ছি। সোমবার সংসদ ভোট দেবে এবং আশা করি উলফ ক্রিস্টারসনকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেবে।’
ক্রিস্টারসনের জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে না; আইন পাস করতে তাদের অন্য দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হবে। কট্টর ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাটস আগে ক্রিস্টারসনের সরকারকে সমর্থন দিলেও এবার তাকে সমর্থন দেবে কি না, তা এখনো জানায়নি।
সেন্টার পার্টি জোটে যোগ দেবে কি না, তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুইডেন ডেমোক্র্যাটসের সঙ্গে সহযোগিতার বিরোধিতা থেকে দলটি আগে যোগ দিতে অনীহা দেখিয়েছিল।
আলোচনা সম্পর্কে অবগত একজন সুইডিশ দলীয় কর্মকর্তা বলেন, সেন্টার পার্টি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী নির্বাচনী প্রতিশ্রুতি—সুইডেন ডেমোক্র্যাটসকে রাজনৈতিক প্রভাব খাটাতে না দেওয়া—ত্যাগ করার দ্বারপ্রান্তে রয়েছে। সংবেদনশীল আলোচনা নিয়ে কথা বলতে তিনি ও অন্যরা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।
সোশ্যাল ডেমোক্র্যাট নেতা মাগদালেনা অ্যান্ডারসন সেপ্টেম্বরে নির্বাচনে জিতলেও সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে ব্যর্থ হয়েছেন। সরকার গঠনে অ্যান্ডারসনের ব্যর্থ প্রচেষ্টা ইউরোপীয় ইউনিয়নের সোশ্যালিস্টদের জন্য বড় ধাক্কা বলে উল্লেখ করা হয়েছে।


