…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

আগারগাঁওয়ে এসএমই মেলায় ৫ থেকে ৯ শতাংশ সুদে ঋণের সেতুবন্ধন ব্যাংক এশিয়ার, অংশ নিয়েছে ৪৫০-র বেশি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ে চলমান ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের অর্থায়ন ও বাজার সংযোগে সক্রিয় ভূমিকা রাখছে ব্যাংক এশিয়া পিএলসি। মেলায় গোল্ড স্পন্সর ব্যাংকটি উদ্যোক্তাদের ৫ থেকে ৯ শতাংশ সুদে ঋণের সুযোগের সঙ্গে সরাসরি যুক্ত করে দিচ্ছে।

আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত ২২ নভেম্বর শুরু হওয়া সাত দিনব্যাপী এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। মেলার লক্ষ্য দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণ এবং সহজ শর্তে প্রাতিষ্ঠানিক পুঁজি নিশ্চিত করা।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্তের ৪৫০টির বেশি এসএমই প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের নেতৃত্বাধীন।

মেলায় খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত পণ্য, পাট ও হস্তশিল্প, পোশাক ও ফ্যাশন, অলংকার, হারবাল, আইসিটি এবং হালকা প্রকৌশলসহ বহুমুখী দেশীয় পণ্য প্রদর্শিত হচ্ছে।

মেলার অন্যতম প্রধান আকর্ষণ ‘ব্যাংকার-এন্টারপ্রেনার লোন লিংকেজ প্রোগ্রাম’। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত ৩৩টি স্টলের মধ্যে ব্যাংক এশিয়ার নিজস্ব স্টলে মেলায় আগত উদ্যোক্তারা সরাসরি ঋণের শর্ত, যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ নিতে পারছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসএমই খাতে সাশ্রয়ী অর্থায়ন প্রবাহ জোরদার করতে চলতি বছর বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা স্কিমগুলোর বাস্তবায়নে একাধিক পুনঃঅর্থায়ন তহবিলের সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংক এশিয়া।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১ হাজার ৫০০ কোটি টাকার এফএসএফডিএমএসএমই (FSFDMSME) স্কিম এবং ৩ হাজার কোটি টাকার সিএমএসএমই ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের মাধ্যমে প্রান্তিক ও ক্লাস্টারভিত্তিক যোগ্য উদ্যোক্তাদের মাত্র ৭ শতাংশ সুদে ঋণ দিচ্ছে ব্যাংকটি।

এ ছাড়া গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ডের আওতায় অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া, যার মাধ্যমে চলতি মূলধন সংকটে থাকা যোগ্য উদ্যোক্তারা ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাচ্ছেন।

এর আগে ২০২৬ সালের ৯ এপ্রিল এসএমই ফাউন্ডেশনের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে ব্যাংক এশিয়া। এর আওতায় ‘ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম’-এর মাধ্যমে ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে ৮ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে। পাশাপাশি জাইকা (JICA)-সমর্থিত কর্মসূচির আওতায় এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ৯ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় অর্থায়নের সুযোগ তৈরি করা হয়েছে।

ব্যাংক এশিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করে তুলতে ব্যাংকটির বিশেষায়িত ঋণপণ্য ‘সুবর্ণ’ চালু রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নারী উদ্যোক্তারা এ তহবিল থেকে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে মেয়াদি ও ব্যবসা সম্প্রসারণের জন্য জামানতবিহীন ৫০ লাখ টাকা ও জামানতসহ ১ কোটি টাকা ঋণ গ্রহণ করতে পারছেন।

এ ছাড়া এসএমই উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণ এবং উপজেলা পর্যায়ের তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (UDYOG) কর্মসূচির মাধ্যমেও নতুন উদ্যোক্তাদের মূলধারার ব্যাংকিংয়ে যুক্ত করছে ব্যাংকটি। পাশাপাশি মেলায় ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে বাংলা কিউআর (Bangla QR) পেমেন্টেও বিশেষ সুবিধা পাচ্ছেন ক্রেতা ও উদ্যোক্তারা।

মেলায় অংশগ্রহণ ও এসএমই অর্থায়ন প্রসঙ্গে ব্যাংক এশিয়ার হেড অব স্মল বিজনেস মোহাম্মদ সাইফুদ্দৌলা বলেন, ‘জাতীয় এসএমই পণ্য মেলা দেশীয় উদ্যোক্তাদের সৃজনশীলতা ও পণ্যের মান তুলে ধরার অন্যতম বড় মঞ্চ। গোল্ড স্পন্সর হিসেবে এ মেলার সাথে যুক্ত হয়ে আমরা উদ্যোক্তাদের কেবল পণ্য বিপণনের সুযোগ নয়, বরং স্থায়ী সম্পদ ক্রয়, ব্যবসা সম্প্রসারণ ও চলতি মূলধন বৃদ্ধির জন্য ৫ থেকে ৯ শতাংশ সুদের সাশ্রয়ী ও টেকসই অর্থায়নের সাথে সরাসরি সেতুবন্ধন তৈরি করে দিচ্ছি। নারী ও প্রান্তিক উদ্যোক্তাদের মূলধারার অর্থনীতিতে এগিয়ে নিতে ব্যাংক এশিয়ার এ উদ্যোগ অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, আগামী তিন থেকে চার বছরের মধ্যে মোট ঋণ পোর্টফোলিওর ৪০ শতাংশ এসএমই ও রিটেইল খাতে উন্নীত করার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে কাজ করছে ব্যাংক এশিয়া।

মেলা চলাকালীন প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্যাংক এশিয়ার স্টলে এসে উদ্যোক্তা ও দর্শনার্থীরা সব এসএমই ঋণপণ্য ও ব্যাংকিং সেবা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দাম বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক, বিসি হারের বেশি নেওয়া যাবে না
অর্থনীতি ও ব্যবসা

নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দাম বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক, বিসি হারের বেশি নেওয়া যাবে না

ডলারের দাম বাড়তে থাকায় ব্যাংকগুলোর জন্য নগদ ডলার বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশের ব্যাংকগুলো নগদে…

এআই দিয়ে কাজ নকলের আশঙ্কায় ফেসবুক-ইনস্টাগ্রাম ছাড়ছেন শিল্পীরা, ঝুঁকছেন বিকল্প প্ল্যাটফর্মে
অর্থনীতি ও ব্যবসা

এআই দিয়ে কাজ নকলের আশঙ্কায় ফেসবুক-ইনস্টাগ্রাম ছাড়ছেন শিল্পীরা, ঝুঁকছেন বিকল্প প্ল্যাটফর্মে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নিজেদের শিল্পকর্ম নকল, পুনর্নির্মাণ ও বাণিজ্যিকভাবে ব্যবহারের আশঙ্কায় ইনস্টাগ্রাম ও ফেসবুক ছাড়ছেন অনেক শিল্পী। সামাজ…

অর্থনীতি ও ব্যবসা

রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের জন্য সর্বোচ্চ আড়াই লাখ টাকার বিশেষ ঋণ দেবে কমিউনিটি ব্যাংক

বাংলাদেশ পুলিশের সদস্যদের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার জন্য বিশেষ ঋণ সুবিধা চালুর লক্ষ্যে ইফাদ মটরস্ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষ…

অর্থনীতি ও ব্যবসা

বাপেক্সের ৩৭তম বার্ষিক সভা: আয় ৮০০ কোটি টাকা, কোষাগারে জমা ৪৪৩ কোটি

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাজধানী…