…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দাম বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক, বিসি হারের বেশি নেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দাম বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক, বিসি হারের বেশি নেওয়া যাবে না
ছবি: সংগৃহীত

ডলারের দাম বাড়তে থাকায় ব্যাংকগুলোর জন্য নগদ ডলার বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশের ব্যাংকগুলো নগদে ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে বিলস ফর কালেকশন বা বিসি হারের বেশি দাম নিতে পারবে না।

বিসি হার হচ্ছে পণ্য আমদানি বা ঋণপত্র (এলসি) নিষ্পত্তির ক্ষেত্রে ব্যাংক ডলারের সর্বোচ্চ যে দাম নির্ধারণ করে, সেটি।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব ডিলার ব্যাংকের শীর্ষ নির্বাহীকে দেওয়া এক চিঠিতে ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রা নগদে বিক্রির ক্ষেত্রে দামের এই সীমা বেঁধে দিয়েছে। চিঠিতে বলা হয়, নগদ বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে ব্যাংকগুলো প্রতি মার্কিন ডলারের বিপরীতে বিসি বিক্রয় হার হিসেবে ১২৫ টাকা ৫ পয়সা থেকে ১২৫ টাকা ৪০ পয়সা দর নির্ধারণ করছে। তবে নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে তারা এই হারের চেয়ে এক থেকে দেড় টাকা বেশি নিচ্ছে। তাতে ব্যাংকে নগদ ডলারের বিক্রয়মূল্য দাঁড়াচ্ছে ১২৬ থেকে ১২৭ টাকা পর্যন্ত।

অন্যদিকে খোলাবাজারে মানি চেঞ্জারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৭ টাকা ৫০ পয়সা থেকে ১২৮ টাকায়। ব্যাংকে নগদ ডলারের বিক্রয়মূল্য বৃদ্ধির সঙ্গে খোলাবাজারেও ডলারের দাম বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই অবস্থায় ব্যাংকে নগদ ডলার বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ দামের সীমা বেঁধে দেওয়া হয়। ব্যাংকগুলোকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, বর্তমানে ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে টিটি (টেলিগ্রাফিক ট্রান্সফার) ক্লিন, টিটি ডকুমেন্ট এবং ওডি (অন ডিমান্ড) সাইট রেট ব্যবহার করে। অন্যদিকে বিক্রির ক্ষেত্রে প্রধানত বিসি রেট ব্যবহার করা হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘নগদ বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষার জন্য আপনাদের জানানো যাচ্ছে যে নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সর্বোচ্চ বিনিময় হার বিসি বিক্রয় হার হতে পারবে।’ নির্দেশনাটি কার্যকর করতে সব অনুমোদিত ডিলার (এডি) শাখাকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় চিঠিতে।

কেন বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি কেন্দ্রীয় ব্যাংক। তবে ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডলারের মূল্যবৃদ্ধি ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণত বিদেশ ভ্রমণকারী, বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থী এবং চিকিৎসা নিতে যাওয়া রোগীরা ব্যাংক ও এক্সচেঞ্জ হাউস থেকে নগদ বৈদেশিক মুদ্রা কেনেন। এই পদক্ষেপের ফলে তাঁদের কাছ থেকে নেওয়া ডলারের বিনিময় মূল্য কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে শীর্ষস্থানীয় একটি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান বলেন, বৈদেশিক মুদ্রাবাজারের জন্য এই সিদ্ধান্ত ভালো হয়নি। কারণ হিসেবে তিনি বলেন, ব্যাংকগুলো মূলত ভ্রমণকারীদের কাছ থেকে এবং আরও কয়েকটি উৎস থেকে নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে, ফলে তাদের হাতে নগদ ডলারের পরিমাণ সীমিত থাকে। এই পদক্ষেপ ব্যাংকগুলোর ওপর চাপ তৈরি করবে, কারণ খোলাবাজারের বিনিময় হার ব্যাংকগুলোর জন্য প্রস্তাবিত হারের চেয়ে অনেক বেশি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

আগারগাঁওয়ে এসএমই মেলায় ৫ থেকে ৯ শতাংশ সুদে ঋণের সেতুবন্ধন ব্যাংক এশিয়ার, অংশ নিয়েছে ৪৫০-র বেশি প্রতিষ্ঠান

রাজধানীর আগারগাঁওয়ে চলমান ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের অর্থায়ন ও বাজার সংযোগে সক্রিয় ভূমিকা রাখছে ব্যাংক এশিয়া পিএলসি। মেলায় গোল্ড …

এআই দিয়ে কাজ নকলের আশঙ্কায় ফেসবুক-ইনস্টাগ্রাম ছাড়ছেন শিল্পীরা, ঝুঁকছেন বিকল্প প্ল্যাটফর্মে
অর্থনীতি ও ব্যবসা

এআই দিয়ে কাজ নকলের আশঙ্কায় ফেসবুক-ইনস্টাগ্রাম ছাড়ছেন শিল্পীরা, ঝুঁকছেন বিকল্প প্ল্যাটফর্মে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নিজেদের শিল্পকর্ম নকল, পুনর্নির্মাণ ও বাণিজ্যিকভাবে ব্যবহারের আশঙ্কায় ইনস্টাগ্রাম ও ফেসবুক ছাড়ছেন অনেক শিল্পী। সামাজ…

অর্থনীতি ও ব্যবসা

রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের জন্য সর্বোচ্চ আড়াই লাখ টাকার বিশেষ ঋণ দেবে কমিউনিটি ব্যাংক

বাংলাদেশ পুলিশের সদস্যদের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার জন্য বিশেষ ঋণ সুবিধা চালুর লক্ষ্যে ইফাদ মটরস্ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষ…

অর্থনীতি ও ব্যবসা

বাপেক্সের ৩৭তম বার্ষিক সভা: আয় ৮০০ কোটি টাকা, কোষাগারে জমা ৪৪৩ কোটি

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাজধানী…