পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে ৯ লাখ ৭০ হাজার টাকা খোয়ালেন নরসিংদীর পাঁচ যুবক, পরশুরাম সীমান্তে আটক

পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন নরসিংদীর পাঁচ যুবক। তাঁদের অভিযোগ, দালাল চক্র তাঁদের পাসপোর্ট আটকে রেখে ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। পরে তাঁদের জোর করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে ফেনীর পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকায় এই পাঁচ যুবককে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জনকে আটক করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক পাঁচ যুবক হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিমনগর এলাকার সাজিদুল ইসলাম (২৮), মোহাম্মদ মোকসিদুল ইসলাম (২৬) ও কামাল উদ্দিন (২৬), দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন (২৭) এবং আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা (২৮)। অটোরিকশাচালক হলেন পরশুরাম পৌরসভার খন্দকিয়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে বেলাল হোসেন (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারত থেকে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই পাঁচ যুবক। পরে তাঁরা অটোরিকশায় করে সুবর বাজার সড়ক দিয়ে পরশুরামের দিকে যাচ্ছিলেন। সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা অটোরিকশাটি থামানোর সংকেত দিলে চালক না থামিয়ে পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে পরশুরাম উত্তর বাজার এলাকায় অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন ও সদস্যসচিব কামরুল হাসানের নেতৃত্বে নেতা-কর্মীরা তাঁদের আটক করেন। আতাহার হোসেন বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেশে ফেরাকে কেন্দ্র করে পরশুরাম সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারির পর বিজিবি-পুলিশের পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরাও সীমান্ত এলাকায় নিয়মিত পাহারা বসিয়েছেন।
আটক পাঁচ যুবকের দাবি, ১৪ নভেম্বর তাঁরা আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন পর্তুগালের ভিসা সংগ্রহের উদ্দেশ্যে। ভারতে যাওয়ার পর তাঁরা দালাল চক্রের খপ্পরে পড়েন। চক্রটি তাঁদের পাসপোর্ট আটকে রেখে ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে ভারতের জয়ন্তীনগর, বীরচন্দ্রনগর ও মেলাঘর সীমান্ত এলাকার কোনো একটি স্থান দিয়ে তাঁদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
ভুক্তভোগীরা জানান, দালাল চক্রের বিরুদ্ধে মামলা করবেন তাঁরা। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এসব তথ্য জানিয়েছেন এবং তাঁদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা বৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের পরিচয় ও তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং অনুপ্রবেশের অভিযোগের বিষয়টিও যাচাই করা হচ্ছে।
ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের একজন বাদী হয়ে মানব পাচার চক্রের সদস্য ও দালালদের বিরুদ্ধে থানায় মামলা করবেন, অন্যরা ওই মামলায় সাক্ষী থাকবেন। শুক্রবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে এবং সেখানে জবানবন্দি দেওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


