ক্যানসারের সঙ্গে লড়াই শেষে চলে গেলেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু
ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল।
শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তাঁর প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
দীর্ঘদিন ধরে ক্যানসারের চিকিৎসা চলছিল মাতিয়া বানু শুকুর। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটের কথাও জানিয়েছিলেন তাঁর স্বামী নূরুল আলম আতিক। স্ত্রীর চিকিৎসায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের সহযোগিতাও চেয়েছিলেন তিনি।
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন।
নাট্যকার ও পরিচালক হিসেবে তাঁর কাজের মধ্য দিয়ে উঠে এসেছে মধ্যবিত্তের জীবন ও সমাজবাস্তবতার নানা দিক। ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি।
চলচ্চিত্র প্রযোজক হিসেবেও সাফল্য পেয়েছেন মাতিয়া বানু শুকু। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
গুণী এই নাট্যকারের মৃত্যুতে শোক জানিয়েছে চ্যানেল আই পরিবার।

-a05f78.jpg)
