আড়াই বছর পর আবার মালয়েশিয়ায় গেলেন বাংলাদেশি কর্মীরা, বিনা খরচে প্রথম ফ্লাইটে ১১২ জন
দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার মালয়েশিয়ার শ্রমবাজারে যাত্রা শুরু করেছেন বাংলাদেশি কর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে প্রথম দফায় ১১২ জন কর্মী এই ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাতটায় ফ্লাইটটি কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যায়।
বিমানবন্দরে কর্মীদের বিদায় জানানোর আগে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি কর্মীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে মোবাইল ফোনে সেলফি তোলেন।
মালয়েশিয়ায় অবস্থানকালে দেশটির আইনকানুন, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে ১১২ জন কর্মীকে সরকার বিনা খরচে মালয়েশিয়ায় পাঠাচ্ছে। পর্যায়ক্রমে আরও ১০ হাজার কর্মীকে একইভাবে শূন্য অভিবাসন ব্যয়ে দেশটিতে পাঠানোর পরিকল্পনার কথা জানান তিনি। দক্ষ মানবসম্পদ তৈরি ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
কর্মী নির্বাচন করা হয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে। ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের বাছাই করা হয়েছে।
নির্বাচিত কর্মীদের পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, নিবন্ধন, প্রশিক্ষণ, বিমা ও অন্যান্য আনুষঙ্গিক খরচের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সরকার। অন্যদিকে ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ ব্যয় বহন করছে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। ফলে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হচ্ছে না।
নতুন কর্মস্থলে এসব কর্মীর মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫২ হাজার টাকা। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধাও দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
নিয়োগে অনিয়ম, রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায় ও কর্মী শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়। এর আগে ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ পেয়েছিলেন।
ওই সময়ে ১০১টি রিক্রুটিং এজেন্সির একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়, দুর্নীতি ও কর্মী শোষণের অভিযোগ ওঠে। এর ফলে হাজারো কর্মীর বিদেশযাত্রা অনিশ্চিত হয়ে পড়ে।
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি। বৈঠকে অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।
প্রথম ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিদেশযাত্রার সুযোগ পেয়ে কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে যাত্রা করা কর্মীরা এ উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান।


