…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে ৪০ শতাংশ পর্যন্ত, গোপনে বিয়ে বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে ৪০ শতাংশ পর্যন্ত, গোপনে বিয়ে বাড়ার শঙ্কা
ছবি: সংগৃহীত

‘আমি পড়াশোনা করতে চাইছিলাম। বিয়েতে রাজি ছিলাম না। বলছিলাম, আমি তো কিশোরী। আমার বয়স হয় নাই।’ কথাগুলো বলেছে বাল্যবিবাহের শিকার এক কিশোরী। তার সুরক্ষার স্বার্থে নাম প্রকাশ করা হলো না।

নিজ এলাকায় কিশোর-কিশোরী ক্লাবের সভাপতি ছিল এই স্কুলছাত্রী। বাল্যবিবাহের কুফল নিয়ে সে অন্য মেয়েদের সচেতন করত। তিন মাস পরপর তাদের বাড়ির উঠানে নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে সচেতনতা তৈরির জন্য বৈঠক করত। গত বছর এসএসসি পরীক্ষা দেওয়ার তিন মাস আগে তাকে জোর করে বিয়ে দেন মা-বাবা।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার এই মেয়ের সঙ্গে গতকাল বৃহস্পতিবার কথা হয়। মেয়েটি দরিদ্র পরিবারের। তার পড়ার আগ্রহের কথা শুনে বরপক্ষ বলেছিল, বিয়ের পর পড়ার খরচ তারাই জোগাবে। তবে বিয়ের এক মাসের মধ্যেই উল্টো ব্যবসার জন্য যৌতুক চেয়ে মেয়েটিকে চাপ দিতে থাকেন স্বামী। নির্যাতনের মুখে তিন মাসের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়।

কিশোরী যে ক্লাবের সভাপতি ছিল, সেটি পরিচালনা করে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় স্থানীয় বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)। ভার্কের প্রকল্প কর্মকর্তা কানিজ সুলতানা জানান, মেয়েটিকে নানির বাড়িতে নিয়ে হুট করে বিয়ে দেওয়া হয়। তাঁরা খবরই পাননি। তিনি বলেন, শাস্তিযোগ্য অপরাধ তা জানার পরও অনেকে গোপনে বাল্যবিবাহ দেয়। এমনকি অন্য পরিবারের বাল্যবিবাহ আয়োজনের খবরও দেয় না।

মাঠপর্যায়ের কাজের অভিজ্ঞতা থেকে কয়েকজন বলেছেন, অনেক বাল্যবিবাহের খবর পৌঁছাচ্ছে না সরকারি দপ্তরে। জাতীয় জরুরি সেবাতেও অভিযোগ কম জানানো হচ্ছে। গত ৩ বছরের তুলনা করলে দেখা যায়, অভিযোগ ও প্রতিরোধ ৪০ শতাংশ পর্যন্ত কমেছে।

মহিলাবিষয়ক অধিদপ্তরের তথ্য অনুসারে, ২০২৩ সালে ১ হাজার ৮৪৬টি, ২০২৪ সালে ১ হাজার ৪৭৪টি, ২০২৫ সালে ৯৬৮টি ও ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৬ মাসে ৪৭৯টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়। জুনের পর প্রতিরোধের হিসাব এখনো সংকলিত করা হয়নি। ৩ বছর আগে দিনে গড়ে ৫টি অভিযোগ এসেছে। প্রতিবছর এই সংখ্যা কমছে।

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর হিসাব বলছে, বাল্যবিবাহের অভিযোগ জানিয়ে কল আসাও ক্রমান্বয়ে কমে এসেছে। ২০২৩ সালে বাল্যবিবাহের অভিযোগ জানিয়ে কল এসেছে ৬ হাজার ৪৯৯টি। ২০২৪ সালে ৪ হাজার ১০৯টি ও ২০২৫ সালে ৩ হাজার ৪৫টি কল এসেছে। আর এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কল এসেছে ২ হাজার ৫৪৮টি। ৩ বছরের তুলনা করলে আগে দিনে গড়ে ১৮টি কল এলেও এখন আসছে দিনে গড়ে ১১টি কল।

বাল্যবিবাহ নিয়ে কাজ করা ব্যক্তিদের মতে, অভিযোগ কম আসা ও প্রতিরোধ কমে যাওয়ার মানে এই নয় যে বাল্যবিবাহ কমে গেছে। বরং গোপনে বাল্যবিবাহ দেওয়ার হার বাড়তে পারে। বাল্যবিবাহ প্রতিরোধে সরকারকে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এ বাস্তবতায় আজ ২৭ নভেম্বর প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘বাল্যবিবাহ, অল্প বয়সে বিয়ে ও জোরপূর্বক বাল্যবিবাহ নির্মূলের আন্তর্জাতিক দিবস’। গত ৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এ-সম্পর্কিত প্রস্তাব গ্রহণ করে ২৭ নভেম্বরকে এই দিবস হিসেবে ঘোষণা করা হয়।

গত বছরের নভেম্বরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফ প্রকাশিত মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) প্রতিবেদন অনুসারে, দেশে প্রতি দুজন মেয়ের মধ্যে একজন বাল্যবিবাহের শিকার হচ্ছে। দেশজুড়ে ১৮ বছরের কম বয়সী মেয়েদের বাল্যবিবাহের হার ৫৬ শতাংশ। দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি বাংলাদেশে।

প্রতিবেদন অনুসারে, বাল্যবিবাহের কারণে কিশোরী মাতৃত্বও বেড়েছে। কিশোরী মায়েদের সন্তান জন্ম দেওয়ার হার প্রতি হাজারে ৯২ জন। বর্তমান গতিতে চললে বাল্যবিবাহ নিরসনে ৬৪ বছরের বেশি সময় লাগবে।

গত ৩ নভেম্বর নিজ কার্যালয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে স্থানীয় জনগণের মতামত নেওয়া হবে।

রাঙ্গাবালী উপজেলার এক মায়ের সঙ্গে গতকাল কথা হয়েছে, যিনি দুই মেয়ের বাল্যবিবাহ দিয়েছেন কোনো প্রতিরোধ ছাড়াই। ওই মায়ের তিন মেয়ে ও এক ছেলে; স্বামী দিনমজুর। গত বছর এসএসসি পরীক্ষার্থী মেয়ের বাল্যবিবাহ দিয়েছেন তিনি। বিয়ের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বেসরকারি সংস্থার লোকজন এসে একবার বাল্যবিবাহ প্রতিরোধ করেন। এ কারণে দুই মাস পর তিনি মেয়েকে খালার বাড়িতে নিয়ে বিয়ে দেন। এর বছর তিনেক আগে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বাল্যবিবাহ দিয়েছেন। মেয়েটির একটি সন্তানও রয়েছে। তাঁর ভাষায়, ‘পরের মেয়েটা আর বাল্যবিবাহ দেব না। ও এইটে পড়ে। ও পড়ুক।’

জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন ক্যামকং বলেন, সরকারি সেবাগুলোর সমন্বিত কোনো তথ্যভান্ডার নেই। ফলে একটি দপ্তরে অভিযোগ কমে যাওয়ার অর্থ সামগ্রিকভাবে অভিযোগ কমে যাওয়া নয়। অভিযোগ কমে যাওয়ার একটি কারণ হলো, মানুষ এখন কম অভিযোগ করছে। একটি বাল্যবিবাহ বন্ধ করলেই ঝুঁকি শেষ হয় না। বাল্যবিবাহ বন্ধের পর নজরদারি থাকে না। অনেক ক্ষেত্রে পরিবার মেয়েটিকে অন্য জায়গায় নিয়ে বিয়ে দেয়। অভিযোগকারীরা মনে করেন, অভিযোগ করে কোনো লাভ নেই। অভিযোগকারীর পরিচয় সুরক্ষিত না থাকলে তাঁরা ভয় পান।

এ বছরের জুলাই মাসে বাল্যবিবাহ পরিস্থিতি বুঝতে গাইবান্ধার কুন্দের পাড়া চর ও সিরাজগঞ্জের হালুয়াকান্দি চর এলাকায় গিয়েছিলেন ‘শিশুরাই সব’ সংগঠনের আহ্বায়ক লায়লা খন্দকার। তিনি বলেন, ‘সেখানে গিয়ে আমার মনে হয়েছে, বাল্যবিবাহ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে। বেশি উদ্বেগের বিষয় হচ্ছে, বাল্যবিবাহকে সবাই স্বাভাবিকভাবে নিচ্ছে, আর হাল ছেড়ে দিচ্ছে যে এটা নির্মূল করা সম্ভব নয়। ফলে যত ঘটছে তত অভিযোগ আসছে না।’ তিনি আরও বলেন, আগে কিশোরীদের দল ফোন করে জানাত, দল বেঁধে বাল্যবিবাহ ঠেকাতে যেত। এখন সেটা দেখা যাচ্ছে না। উল্টোভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বাল্যবিবাহের পক্ষে গ্রুপ খুলে প্রচার চালানো হচ্ছে।

মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি ব্যবস্থাপক সোমা দত্তের মতে, মাঠের অভিজ্ঞতা বলছে, বাল্যবিবাহ কমেনি। শুধু সচেতনতা সৃষ্টি নয়, কেন বাল্যবিবাহ হচ্ছে তার কারণগুলো নিয়ে কাজ করলে বাল্যবিবাহ কমবে। তিনি আরও বলেন, দুর্গম এলাকার অনেক মেয়েকে প্রাথমিক শিক্ষা শেষ করার পর অনেক দূরের পথ পাড়ি দিয়ে মাধ্যমিক শিক্ষা নিতে হয়। ফলে পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভোগে। নিরাপত্তাহীনতা দূর করার পাশাপাশি সামাজিক প্রথা ও দারিদ্র্য দূর করার উদ্যোগ নিলে বাল্যবিবাহ কমবে।

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুসারে, ১৮ বছরের নিচের বয়সী মেয়ে এবং ২১ বছরের নিচের বয়সী ছেলের বিয়ে হলে তা বাল্যবিবাহ। আইন অনুসারে, বাল্যবিবাহ করা, সম্পাদন ও পরিচালনার জন্য সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে ১৯ ধারায় বিশেষ বিধান অনুসারে, বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশে এবং মা-বাবা কিংবা অভিভাবকের সম্মতিতে বাল্যবিবাহ হলে তা অপরাধ গণ্য হবে না।

১৯ ধারা বাল্যবিবাহকে বৈধতার সুযোগ দেয় উল্লেখ করে তা সংশোধনের আহ্বান জানিয়েছেন ইউএনএফপিএ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন ক্যামকং। তিনি বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তার জন্য ক্ষতিকর।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

জয়পুরহাটে পুকুরের পানির নিচ থেকে ৪২ কেজির দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করল বিজিবি

জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকার একটি পুকুরের পানির নিচ থেকে মোট ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্…

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, একজনের বয়স ৪, আরেকজনের ৩
জাতীয়

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, একজনের বয়স ৪, আরেকজনের ৩

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩); তারা পরস্পরের চাচাতো ভাই।…

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি: সিন্ডিকেটের সিদ্ধান্তে চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত
জাতীয়

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি: সিন্ডিকেটের সিদ্ধান্তে চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যা…

১৮ বছর পর রাজশাহীর হাসপাতালে মাকে ফিরে পেলেন নিয়ামুল, বরিশালের বাড়ি ফিরছেন মিনারা বেগম
জাতীয়

১৮ বছর পর রাজশাহীর হাসপাতালে মাকে ফিরে পেলেন নিয়ামুল, বরিশালের বাড়ি ফিরছেন মিনারা বেগম

চার বছর বয়সে মাকে হারিয়েছিলেন নিয়ামুল। মা কোথায় গেছেন বা কেন গেছেন, তা বোঝার বয়স তখন তাঁর ছিল না। এরপর কেটে গেছে ১৮ বছর। শুক্রবার সকালে রাজশাহী মেডিকে…